দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পুকুর ও জলাশয়ে প্রায় ৪০০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সরকারের গৃহীত কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠানের পুকুর ও জলাশয়ে এসব মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মণ্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। অবমুক্ত করা পোনাগুলোর সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। সরকার যে উদ্দেশ্যে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করছে, সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর দেবহাটা উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় ৪০০ কেজি মাছের পোনা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা রয়েছে।

