নিজস্ব প্রতিনিধি : ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিল লেখক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা দলিল লেখক সমিতির আহবায়ক শেখ মাহাবুব উল্লাহ।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম মহাসচিব মুহাম্মাদ জাহাঙ্গীর আলম।
জেলার সদস্য সচিব নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালিগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখক সহ সমিতির শীর্ষ নেতৃত্ব এবং ৭ দফা দাবি আদায় সংগ্রাম কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকদের ন্যায়সংগত নানা অধিকার ও দাবি উপেক্ষিত হয়ে আসছে। দাবি আদায়ের জন্য তাদের এ সমাবেশ। “৭দফা দাবি”র মধ্যে উল্লেখযোগ্য হলো-
আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।
দলিল প্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করতে হবে।
লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ব্যতিরেকে অন্য কোনো ব্যক্তি দলিল লেখা বা মুসাবিদা করতে পারবে না বা দলিল রেজিস্ট্রির জন্য দাখিল করতে পারবে না মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে। উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন কোন লাইসেন্স প্রদান না করা।
সরকারি খরচে রেজিস্ট্রি অফিস কম্পাউন্ডে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করতে হবে।
দলিল লেখা বা মুসাবিদা করার কারণে দলিল লেখকদের আসামি করে কোন মামলা করা যাবে না। দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান করতে হবে।

