তালা প্রতিনিধি :: সাতক্ষীরা তালায় জাতীয় বীমা দিবস উদযাপন হয়েছে। তালা উপজেলা প্রশাসন আয়োজনে মঙ্গলবার (১ মার্চ ) সকালে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।
এসময় মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, অধ্যক্ষ আব্দুর রহমান,তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম সহ বিভিন্ন বীমার কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় ৫০তম বালাদেশ জাতীয় আন্ত:স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ এর উপজেলা পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সরকারি উচ্চ বিদ্যালয়কে ১৩ রানে হারিয়ে ডিবি ইউনাইটেড হাইস্কুল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় টচে জিতে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বলিং করার সিদ্ধান্ত নেয়। ফলে প্রথমে ব্যাটিং করতে এসে নির্ধারিত ৭ ওভারে ডি.বি. ইউনাইটেড হাইস্কুল ৬ উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে।
জবাবে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় নির্ধারিত ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে ১৩ রানের ব্যবধানে পরাজিত হয়।
পরে খেলা শেষে বিজয়ীদের দলের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন , বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা কমিটির সহÑসাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, সদস্য ইদুজ্জামান ইদ্রিস, মনোরঞ্জন মন্ডল।
আসাদুজ্জামান ঃ শিশু যৌন নির্যাতন প্রতিরোধে স্থানীয় সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠণ অগ্রগতি সংস্থা এবং আইন ও সালিশ কেন্দ্র’র যৌথ আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে উক্ত মানবন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্সীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, অগ্রগতি সংস্থা অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ^াস, আইন ও সালিশ কেন্দ্রের শিশু অধিকার ইউনিটের প্রধান সমন্বয়কারী অম্বিকা রায়, সাংবাদিক ফরিদ আহমেদ ময়না, মোস্তাফিজুর রহমান উজ¦ল প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালীন সময়ে সাতক্ষীরায় বাল্য বিবাহ মহামারি আকারে ধারণ করেছে। সেই সঙ্গে উদ্বেগজনক হারে বেড়েছে নারী ও শিশু ধর্ষণ। তবে এসব ঘটনার দ্রুত বিচার বাস্তবায়নে নেই কার্যকরি কোন প্রশাসনিক পদক্ষেপ। তারা বলেন, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত করোনাকালীন ২২ মাসে সাতক্ষীরায় ৩০৯ জন নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে ২০২০ সালে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ১১৩ জন ও ২০২১ সালে ডিসেম্বর পর্যন্ত ১৯৬ জন। করোনাকালীন সময়ে বিভিন্ন বয়সী নারী ও কন্যাশিশু ধর্ষণের যেসব ঘটনা ঘটেছে তা বিগত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। বয়স্ক নারীর থেকে কন্যা শিশুদের ধর্ষণের ঘটনা বেশি ঘটেছে। এছাড়া করোনাকালে সাতক্ষীরায় বাল্য বিবাহ মহামারি আকার ধারণ করেছে।
সাতক্ষীরা জেলার শিক্ষা প্রতিষ্ঠানে এখন উপস্থিতির হার অনেকাংশে কমে গেছে। সাতক্ষীরায় করোনাকালীন বাল্য বিবাহের হার বালিকা বিদ্যালয় গুলোতে ১২ দশমিক ৪০ ভাগ, মাদরাসা গুলোতে ১৩ দশমিক ২৯ ভাগ এবং যৌথ বিদ্যালয় গুলোতে ৯ দশমিক ৬৭ ভাগ।
বাল্য বিবাহের হার আশংকাজনক হারে বেড়ে যাওয়ায় শিশুদের যৌন নির্যাতনসহ পারিবারিক নির্যাতনের হারও অনেকাংশে বেড়েছে।
বক্তারা এ সময় ভবিষ্যত প্রজন্মকে শান্তিময় ও নিরাপদ পৃথিবী দিয়ে যাওয়ার জন্য বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন বন্ধে রাষ্ট্র তথা স্থানীয় সরকার, প্রশাসনসহ সমাজের দায়িত্বশীল ব্যক্তিকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহবান জানান। শুধু প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করলেই এটি বন্ধ করা সম্ভব নয় সামাজিকভাবে জনসচেতনতা বাড়াতে হবে।
পরে একই দাবীতে সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন।###
অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নত বিশ্বের মতো বিমা ব্যবস্থা দেশে চালু হোক, সেটা আমরাও চাই। মঙ্গলবার (১ মার্চ) জাতীয় বিমা দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হওয়া এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে যুক্ত হন।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার বেশ কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানির অনুমতি দিয়েছে। এগুলো আরও কার্যকর করতে হবে। আমরা স্বাস্থ্যবিমা চালু করতে চাই। এজন্য কাজ শুরু করতে হবে।
বিমা জনপ্রিয় করাসহ এর সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সঙ্গে সরকারি-বেসরকারি কোম্পানিগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অনেকেই ব্যবসা করতে গিয়ে বিমা করে। এরপর ভুল বা অসত্য তথ্য দিয়ে কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রিমিয়াম থেকে টাকা দাবি করে। হয়তো এই দাবি সঠিক নয়। এসব বিষয়ে আমাদের সর্তক হতে হবে। যারা এসব পরীক্ষা করে তাদের ভালোভাবে শিক্ষা দিতে হবে। তারা যেন আবার অন্য কোনোভাবে ওই অল্প ক্ষতিকে বড় ক্ষতি করে না দেখায়।
আবার গ্রাহক যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়ে খেয়াল রাখারও অনুরোধ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিমা মানে হচ্ছে একটা আমানত। তাই কেউ যেন তার প্রাপ্য চাইতে গিয়ে হয়রানির শিকার না হয়। প্রাপ্য যেন সহজেই পায়, সেটা নিশ্চিত করতে হবে। বিমা নিয়ে নানা হয়রানি হয়- এসব বন্ধ করতে হবে। বিমা দাবিতে অনিয়ম দূর করতে প্রযুক্তির ব্যবহারের তাগিদ দেন প্রধানমন্ত্রী।
১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে বঙ্গবন্ধুর যোগদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দীর্ঘ ২৩ বছর আন্দোলন-সংগ্রাম করে বাঙালি জাতিকে ধাপে ধাপে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেন। যখন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী রাজনীতি নিষিদ্ধ করেছিলো তখন তিনি আলফা ইন্স্যুরেন্সে কর্মরত অবস্থায়ও বিভিন্ন সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে দলের নেতাকর্মীদের সংগঠিত রেখেছেন। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে বঙ্গবন্ধুর সহযোগিতায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছিলেন।
বিদেশের খবর: রাশিয়ার কামানের গোলায় ইউক্রেনের কমপক্ষে ৭০ সেনা নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, রোববার তাদের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার কামানের গোলার আঘাতে এসব সেনা নিহত হয়েছেন। খবর বিবিসির।
দেশটির সামি অঞ্চলের ওখতিরকা এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে রুশ বাহিনী ওই অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে। ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন জরুরি সেবায় নিয়োজিত উদ্ধারকর্মীরা।
এদিকে মঙ্গলবারও তীব্র লড়াই চলছে। রাশিয়ার একটি বিশাল সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, সামরিক ওই বহরটি প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ। স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি সম্প্রতি ওই ছবি প্রকাশ করেছে।
স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ইউক্রেন সীমান্ত থেকে ২০ মাইলের কম দূরত্বে অবস্থান করছেন রুশ সেনারা। তাদের সঙ্গে সামরিক যান, যুদ্ধ বিমান ও হেলিকপ্টার বেলারুশের দক্ষিণাঞ্চলে অবস্থান করছে। ইউক্রেনের সামরিক বাহিনী বলছে, রাশিয়ার সেনাবাহিনী রাজধানী কিয়েভের উপর হামলা শুরু করেছে।
ওই বহরটিতে কয়েকশ সামরিক যান রয়েছে এবং তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে ইভানকিভ শহরের কাছাকাছি আছে বলে জানিয়েছে ম্যাক্সার।
সিএনএন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার ওই সামরিক বহরটিকে নিবিড় নজরদারিতে রেখেছে হোয়াইট হাউজ। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, এত বড় সামরিক বহর নিয়ে তারা বেশ উদ্বিগ্ন।
বিদেশের খবর: ইউক্রেনে রাশিয়ার হামলা ষষ্ঠ দিনের মতো অব্যাহত আছে। এতে বিশ্বব্যাপী বিশেষ করে ইউরোপ, অস্ট্রেলিয়াসহ পশ্চিমাদেশগুলোতে ইউক্রেনের প্রতি মানুষের সমর্থন অব্যাহত আছে। অর্থাৎ ইউক্রেনে রাশিয়ার হামলাকে আগ্রাসন বলে তীব্র নিন্দা করা হচ্ছে। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোও বেশ গুরুত্ব দিয়ে ইউক্রেনের পক্ষে সংবাদ প্রকাশ করছে। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কিসহ সেখানকার নাগরিকদের বীর হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
কিন্তু অন্যান্য যুদ্ধ কিংবা আগ্রাসনের (ইরাক, সিরিয়া, লিবিয়ার) ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোকে ভিন্ন ভূমিকায় দেখা গেছে। এজন্য এরই মধ্য তাদের এ ধরনের দ্বৈত নীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, ইউক্রেনে রাশিয়া হামলা চালায় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)। রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর সেখানে তিনদিক থেকে হামলা শুরু করে রুশ সেনারা। যা এখনো অব্যাহত আছে। ধারণা করা হচ্ছে কিয়েভ সরকারের পতন না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবেন পুতিন। এর আগে ইউক্রেন সীমান্তে প্রায় মাসব্যাপী সামরিক মহড়া চালায় মস্কো।
ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার হামলার পর তিন শিশুসহ ১৯৮ জন ইউক্রেনীয় নিহত হয়েছেন। এদিকে জাতিসংঘ জানিয়েছে, তিন লাখ ৬০ হাজারের বেশি মানুষ এরই মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে। তাদের অধিকাংশই সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে।
তবে পুতিনের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার ব্যাংক, তেল শোধনাগার, সামরিক সরঞ্জামকে লক্ষ্য করে এসব নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। রাশিয়ার আগ্রাসী কর্মকাণ্ডে নিন্দায়ও সরব দেশগুলো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ঘন ঘন জরুরি বৈঠকে বসছে।
এমন পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বলা হচ্ছে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্ব যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে তা অন্যান্য যুদ্ধের ক্ষেত্রে দেখা যায়নি। অর্থাৎ ইরাক, সিরিয়া ও আফগানিস্তান যুদ্ধকে যেভাবে দেখানো হয়েছে তার ঠিক বিপরীতভাবে দেখানো হচ্ছে ইউক্রেন যুদ্ধকে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পশ্চিমাদের এমন নীতির সমালোচনা করছেন।
অনেক গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দ্বৈত নীতির অভিযোগের তীর ছোড়া হচ্ছে। কারণ রাশিয়ান সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের লড়াই বা প্রতিরোধকে কেবল প্রশংসার চোখেই দেখা হচ্ছে না বরং কীভাবে এমন সভ্য দেশের সঙ্গে এ ঘটনা ঘটতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।
কিয়েভের সিবিএস নিউজের সিনিয়র সংবাদদাতা চার্লি ডিআগাতা শুক্রবার বলেন, যথাযথ সম্মান জানিয়েই বলছি, এটা (ইউক্রেন) ইরাক কিংবা আফগানিস্তান নয়, যেখানে দশকের পর দশক ধরে যুদ্ধ চলছে। এটি একটি অপেক্ষাকৃত সভ্য ও অপেক্ষাকৃত ইউরোপীয় দেশ। এ শহরে যা ঘটছে সেটা প্রত্যাশিত নয় বলেও জানান তিনি।
তার এমন বক্তব্যের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। তাদের অভিযোগ, চার্লি ডিআগাতার এমন বক্তব্য অশ্বেতাঙ্গ ও ইউরোপের বাইরের মানুষের জন্য আরও ভোগান্তি তৈরি করবে। পরে অবশ্য এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
শুক্রবার স্কাই নিউজ মধ্য ইউক্রেনের শহর ডিনিপ্রোর একটি ভিডিও সম্প্রচার করেছে যেখানে দেখা যাচ্ছে অনেকে মোলোটভ ককটেল তৈরি করছে। একই সঙ্গে এটিকে ইতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। এমন সংবাদ পরিবেশনের পর সামাজিক মাধ্যমে একজন লিখেন, রাশিয়ান সেনাদের প্রতিরোধে ইউক্রেনের নাগরিকদের ভূমিকাকে পশ্চিমা মূলধারার গণমাধ্যম কতটা সুন্দরভাবে কাভারেজ করছে! যদি তারা ইয়েমেন বা ফিলিস্তিনের বাদামী মানুষ হতো তাহলে তাদের সন্ত্রাসী হিসাবে অভিহিত করে ড্রোন হামলা চালানো হতো বলেও মন্তব্য করেন ওই ব্যক্তি।
ফ্রান্সের সংবাদভিত্তিক কেব্ল চ্যানেল বিএফএম টিভির সাংবাদিক ফিলিপ কোরবে বলেন, ‘পুতিন সমর্থিত সিরীয় সরকারের বোমা হামলা থেকে পালাতে যাওয়া সিরীয়দের নিয়ে আমরা এখানে কথা বলছি না। নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে গাড়িতে করে সরে যাওয়া ইউরোপীয়দের নিয়ে কথা বলছি আমরা।
এদিকে ব্রিটিশ সাংবাদিক ড্যানিয়েল হান্নান দ্য টেলিগ্রাফের একটি নিবন্ধের জন্য অনলাইনে সমালোচিত হয়েছেন। যেখানে তিনি লিখেছেন, যুদ্ধ দরিদ্র ও প্রত্যন্ত জনগোষ্ঠীতে ঘটে না।
দেশের খবর: আগামী ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এ নিয়ে শিক্ষাবোর্ডগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এর আগে ২৭ ফেব্রুয়ারি এক সভায় বিভিন্ন বোর্ড চেয়ারম্যানরা একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কয়েকটি বিষয় বাদ দেওয়ার প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান’স কমিটি।
গতবছর টেস্ট পরীক্ষা না হলেও এবার গ্রহণ করা হবে টেস্ট পরীক্ষা। এছাড়া ধর্ম ও তথ্য প্রযুক্তি বিষয় বাদ দেওয়া হতে পারে। আর বিভিন্ন বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর এবং সময় তিন ঘণ্টার পরিবর্তে ১ ঘণ্টা ৩০ মিনিট করা হতে পারে।
২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ১৩ এপ্রিল। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে।
২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ৮ জুন। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৪ জুলাই।
বিএম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মো. মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখল, জাল কাগজপত্র তৈরি করে…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…