সর্বশেষ সংবাদ-
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরাসাতক্ষীরায় এবি পার্টির আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীনসাতক্ষীরায় রিইবের সিএসও’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিতসাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাংচুর ও মারপিট: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলনআশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে ইজিবাইকের ওপর: অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারীসাতক্ষীরায় উপজেলা পর্যায়ে তৃণমূল জনগোষ্ঠীর প্রতিনিধি সমাবেশশ্যামনগরে প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি সেবা প্রাপ্তির মানোন্নয়নে পাবলিক হেয়ারিংগভীর রাতে গাবুরায় গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ‌দাফন সম্পন্নগাজী নজরুলের ফাঁ*সির দাবিতে উত্তাল শ্যামনগরসাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল

খালেদা-তারেক নয়, বিএনপির মনোনয়ন ফখরুলের স্বাক্ষরে

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছে বিএনপি। রবিবার দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার পর্ব শুরু হয়।
দলের দুই প্রধান খালেদা জিয়া এবং তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপির প্রার্থীদের মনোনয়ন ফরমে স্বাক্ষর করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে টেনশনে ঘুম হারাম বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের। আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে লড়তে সবাই এখন ঢাকায়। প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শুরু হয়েছে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার। পাশাপাশি লবিং-তদবিরেও ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অনেকেই। দিগ্বিদিক ছোটাছুটি করছেন মনোনয়নপ্রত্যাশীরা। যেখানে আশ্বাস পাওয়ার সম্ভাবনা দেখছেন, সেখানেই ছুটে যাচ্ছেন প্রার্থীরা। যে কোনো মূল্যে ‘ধানের শীষ’ প্রতীক চাই-ই তাদের।

দলের প্রভাবশালী নেতাদের বাসাবাড়ি কিংবা অফিসে দৌড়ঝাঁপ করছেন মনোনয়নপ্রত্যাশীরা। লন্ডনেও যোগাযোগ করছেন অনেকেই। কেউ কেউ যাচ্ছেন লন্ডনে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘সবুজ সংকেত’ পাওয়ার আশা করছেন তারা। এরই মধ্যে অনেকেই সবুজ সংকেত পেয়েছেন বলেও জানা গেছে।

জানা যায়, প্রতিটি সংসদীয় আসনে বিএনপি অন্তত তিনজনকে সবুজ সংকেত দিয়ে রাখছে। মামলা, ঋণখেলাপি কিংবা অন্য কোনো কারণে কারও প্রার্থিতা বাতিল হলে দ্বিতীয়জনকে চূড়ান্ত মনোনয়ন দেবে বিএনপি। ওই প্রার্থীও কোনো কারণে নির্বাচন না করতে পারলে তৃতীয়জনকে বেছে নেবে বিএনপি।

তবে হেভিওয়েট ছাড়া প্রায় প্রতিটি আসনেই ৪-৫ জন করে মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি।
বিএনপি জানায়, ৩০০ আসনেই তারা প্রার্থী চূড়ান্ত করে রাখবে। এরপর ২০-দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকেও পৃথকভাবে তাদের মনোনয়নপ্রত্যাশীদের তালিকা চাওয়া হবে।

এরপর কোন কোন আসনে বিএনপির প্রার্থীর চেয়ে জোট ও ফ্রন্টের প্রার্থী যোগ্য তা নিয়ে পৃথকভাবে বৈঠক করে তাদেরও বেশ কিছু আসনে প্রার্থী দেওয়া হবে। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০-দলীয় জোটের শরিক দলগুলোও নিজেরা প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। সব মিলিয়ে জোট ও ফ্রন্টকে ৬০-৭০টি আসন ছেড়ে দিতে পারে বিএনপি। চলতি সপ্তাহে সব দলেরই প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। তবে এখনই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে না। আগামী সপ্তাহে প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা এখন প্রার্থী তালিকা চূড়ান্ত করছি। জোট ও ফ্রন্ট পৃথকভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। তবে এখনই আমরা তালিকা ঘোষণা করছি না। মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই পর্যন্ত সময় আছে।’

উল্লেখ্য, প্রথম দিনে রংপুর ও রাজশাহী বিভাগের সংসদীয় আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে গঠিত দলের মনোনয়ন বোর্ড। মনোনয়ন বোর্ডে লন্ডন থেকে স্কাইপিতে সংযুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আধু‌নিকায়ন হ‌চ্ছে দে‌শের আড়াই হাজা‌রের বে‌শি পোস্ট অ‌ফিস

অনলাইন ডেস্ক: দেশজুড়ে রয়েছে ২ হাজার ৮৭৯টি জরাজীর্ণ পোস্ট অফিস ভবন। এর বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। এবার এসব পোস্ট অফিস ভবন সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৬টি বিভাগে ৬টি জিপিও ভবন, ২৪ জেলায় জেলা পোস্ট অফিস ভবন, ঢাকা মহানগর এলাকায় ৮টি এবং রাজশাহী মহানগর এলাকায় ১টিসহ মোট ৯টি সাব পোস্ট অফিস ভবন এবং রাজধানীর বনানীর ডাক জীবনবীমা অফিসের নিজস্ব ভবন নতুন করে নির্মাণ করা হবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বাংলাদেশ ডাক অধিদফতর সরকারি ডাকসেবা দানকারী একটি পুরনো সংস্থা। এর সেবার পরিধি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিস্তৃত। দেশজুড়ে এ সংস্থার প্রায় ২ হাজার ৮৭৯টি নিজস্ব ভবন রয়েছে, যার অধিকাংশই পুরনো এবং জরাজীর্ণ। এ ছাড়া, এগুলোর বিদ্যমান স্পেসও বর্তমান চাহিদার তুলনায় অনেক কম। সব মিলিয়ে ডাকে পাঠানো জিনিসপত্র অক্ষুণ্ণ রাখাসহ জনগণের আমানতের অর্থের নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়েছে। রাজস্ব বাজেটের আওতায় ডাকঘরগুলো সংস্কার করা হলেও অতি পুরনো বেশ কিছু ডাকঘর ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। তাই এসব জনাজীর্ণ ভবনগুলো সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জনাজীর্ণ পোস্ট অফিস ভবন সংস্কার সংক্রান্ত একটি প্রকল্প একনেকের অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ডাক অধিদফতরের নিজস্ব জমিতে সিলেট, কুমিল্লা, বরিশাল, ময়মনসিংহ বিভাগীয় সদরসহ কুমিল্লা সিটি করপোরেশন ও ফরিদপুর জেলা সদরে জিপিও ভবন, জরুরি ভিত্তিতে ২৪ জেলায় জেলা ডাকঘর, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ৮টি এবং রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ১টি উপ-ডাকঘরসহ বনানীতে ডাক জীবন বীমা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে পার্সেল ও লজিস্টিক গ্রহণ, সর্টিং ও বিতরণের জন্য প্রয়োজনীয় স্পেস এবং অর্থ মজুদের ভল্ট রুমসহ উন্নত গ্রাহক সেবা প্রদান উপযোগী অবকাঠামোগত সুবিধা সম্বলিত প্রস্তাবিত ভবনসমূহের স্থাপত্য নকশা প্রণয়নপূর্বক প্রকল্পের ডিপিপি পরিকল্পনা কমিশনে পাঠায় ডাক মন্ত্রণালয়।

সূত্র আরও জানিয়েছে, ডাক বিভাগ থেকে জমা দেওয়া ‘ডাক অধিদফতরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা, যার পুরোটাই সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতায় ডাক অধিদফতর এ প্রকল্প বাস্তবায়ন করবে। প্রকল্পটি ২০২১ সালের ৩০ জুনের মধ্যে বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, স্বাধীনতার পর দেশের জনসংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। একইসঙ্গে বেড়েছে নতুন বিভাগ, সিটি করপোরেশনের সংখ্যাও। পাশাপাশি দেশের সব মহকুমা জেলায় উন্নীত হয়েছে। বিশেষ করে, শহর এলাকার জনগণ কয়েকগুণ বেড়েছে। কিন্তু ডাক অধিদফতরের অবকাঠামো সে হারে উন্নয়ন বা সম্প্রসারিত হয়নি। বর্তমানে দেশের ৮টি বিভাগের মধ্যে ৪টি বিভাগে জিপিও ভবন রয়েছে। দেশের জেলা শহরগুলোয় পুরনো ডাকঘরগুলোকেই জেলা ডাকঘর হিসাবে ব্যবহার করতে হচ্ছে। অন্যদিকে, ডাক অধিদফতর বিভিন্ন ডাক সেবার পাশাপাশি এজেন্সি সেবা হিসেবে অর্থ বিভাগের কতিপয় আর্থিক সেবা, যেমন– ডাকঘর সঞ্চয় ব্যাংক, ডাকঘর সঞ্চয়পত্র, ডাক জীবন বীমা সেবা ইত্যাদি প্রদান করছে। বর্তমানে ডাক জীবন বীমা পলিসি গ্রহণকারীর সংখ্যা ২ লাখেরও বেশি, যা প্রতি বছর বাড়ছে। কিন্তু বীমা গ্রহণকারীদের উন্নত ও দ্রুত সেবা প্রদানের জন্য অধিদফতরের এখন পর্যন্ত কেন্দ্রীয় অবকাঠামো সুবিধা নেই।

উল্লেখ্য, আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যবহার বাড়ায় ডাক সেবা খাতে সাধারণ চিঠিপত্র কমে গেছে। তবে ই-কমার্সের জনপ্রিয়তা বাড়ায় দেশে এবং বিদেশে পার্সেল ও লজিস্টিক পরিবহন সেবার পরিধি বেড়েছে। কিন্তু ডাক অধিদফতরের বিদ্যমান পুরনো ডাকঘরগুলোয় বিভিন্ন আকৃতির ও ওজনের পার্সেল ও লজিস্টিক গ্রহণ, প্রসেসিং ও বিতরণের প্রয়োজনীয় স্পেস নেই।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে পাঠানো প্রকল্পের ডিপিপি’র উপর গত ৭ জুন পিইসি সভা অনুষ্ঠিত হয়। পিইসি সভায় ঢাকার বনানীতে প্রস্তাবিত ডাক জীবন বীমা ভবন নির্মাণের উচ্চতার বিষয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদন নেওয়াসহ কিছু শর্তে প্রকল্পটি গ্রহণের সুপারিশ করা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পিইসি সভার শর্তগুলো পূরণ করে ডিপিপি পুনর্গঠন করেছে। পুনর্গঠিত ডিপিপি’র প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৭৯ কোটি ৮৬ লাখ টাকা এবং বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। প্রকল্পটি ৩০ অক্টোবর অনুষ্ঠিত একনেকে অনুমোদন পেয়েছে।

প্রকল্প প্রস্তবানায় বলা হয়েছে, এর আওতায় জিপিও ভবন নির্মাণ করা হবে ৬টি। জেলা ডাকঘর নির্মাণ করা হবে ২৪টি। উপ-ডাকঘর নির্মাণ করা হবে ৮টি এবং ডাক জীবন বীমা ভবন নির্মাণ নির্মিত হবে ১টি। এ ছাড়া, এ প্রকল্পের আওতায় অন্যান্য আনুষঙ্গিক ভৌত কাজ ও বৈদ্যুতিক যন্ত্রপাতি সংগ্রহ করা হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ভৌত অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে ডাক অধিদফতরের কর্মকর্তা ও কর্মচারীদের কর্মপরিবেশের উন্নয়ন এবং গ্রাহকদের দ্রুত ও নিরাপদ ডাক সেবা প্রদান নিশ্চিত করা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৩ শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

দেশের খবর: ঢাকার সাভারে এক নারী গার্মেন্ট শ্রমিকসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোররাতে উপজেলার আজেন্টসপাড়া, শাহীবাগ ও রাজফুলবাড়িয়ার কুটিবাড়ী থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভোররাতে হেমায়েতপুরের আজেন্টসপাড়া এলাকায় ভাড়া বাড়িতে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় সজীব মিয়া (২২) নামের এক গার্মেন্ট শ্রমিকের লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। নিহত সজীব সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার হরিনাথপুর গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।

অন্যদিকে ভোররাতে শাহীবাগ এলাকায় ভাড়া বাড়ি থেকে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক সাথী আক্তারের (১৯) লাশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইমন মিয়াকে আটক করেছে পুলিশ। সাথীর বাড়ি পাবনা জেলার সদর থানার সালেহপুর গ্রামে।

একই সময়ে রাজফুলবাড়িয়ার কুটিবাড়ী এলাকায় ভাড়া বাড়ি থেকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরো এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস জানান, তিনটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর জানা যাবে, এগুলো হত্যা নাকি আত্মহত্যা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছাত্রীর অদ্ভুত হাসিতে ফাঁকা স্কুল!

অনলাইন ডেস্ক: তৃতীয় শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক আচরণকে কেন্দ্র করে ভূতের আতঙ্ক ছড়ায় এক স্কুলে। কয়েক বছর আগে ওই স্কুলের পাশে আত্মহত্যা করেছিলেন এক মহিলা। আর তখনই শুরু হয় নানান জল্পনা-কল্পনার। এমন ঘটনায় চিন্তায় পড়েছে স্কুল কর্তৃপক্ষও।

বাড়ির ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন অভিভাবকরা। এ ঘটনা সূত্রপাত হয় বুধবার (১৪ নভেম্বর) সকালে। ভারতের চৌধুরিপাড়া ও তার আশপাশের গ্রামে রটে যায় ঘটনা।

এ বিষয়ে কথা হয় ওই ছাত্রীর বাবা কাশিম আলির সাথে। তিনি জানান, ‘স্কুল থেকে ফেরার পর থেকেই অস্বাভাবিক আচরণ করতে থাকে মেয়ে। একা একাই হাসতে থাকে। সেই হাসির শব্দে গায়ে কাঁটা দিয়ে উঠছিল সকলের। হাসতে হাসতেই মেয়ে বলছিল, আমার জন্য প্রার্থনা কর, না হলে ক্ষতি করব।’

জানা গেছে, চৌধুরিপাড়ার বাসিন্দাদের ধারনা, কয়েকবছর আগে স্কুলের পাশে আত্মহত্যা করা এক মহিলার অতৃপ্ত আত্মাই ভর করেছে ওই ছাত্রীর উপরে। ফলে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে সকলের মধ্যে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এ বছর হচ্ছে না রোহিঙ্গা প্রত্যাবাসন

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও মিয়ানমারের নেয়া প্রত্যাবাসন প্রক্রিয়া আগামী নির্বাচন পর্যন্ত স্থগিত করা হয়েছে। রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় আগামী ডিসেম্বরে বাংলাদেশের সাধারণ নির্বাচনের পরে এ ব্যাপারে নতুন পদক্ষেপ নেয়া হবে।

রোববার (১৮ নভেম্বর) বাংলাদেশের শরণার্থী প্রত্যাবাসনবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা আবুল কালাম ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। শরণার্থীবিষয়ক ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম বলেছেন, শরণার্থীদের প্রধান দাবি অনুযায়ী প্রত্যাবাসনের জন্য “নতুন ধরনের পদক্ষেপ” নেয়া প্রয়োজন।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, গত বছরের আগস্টে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে ৭ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়েছে। রাখাইনে নিরাপত্তাবাহিনীর তল্লাশি চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর ওই অভিযান শুরু করে মিয়ানমার সেনাবাহিনী।

রোহিঙ্গা শরণার্থীরা বলছেন, মিয়ানমার সেনাবাহিনী এবং বেসামরিক বৌদ্ধরা রোহিঙ্গাদের হত্যা, বাড়িঘরে আগুন ও গণধর্ষণ করছে। জাতিসংঘের একটি তদন্ত দল মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নিধনের উদ্দেশে এই অভিযান পরিচালনা করছে বলে অভিযোগ করেছে।

তবে মিয়ানমার সব অভিযোগ অস্বীকার করে বলছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। গত অক্টোবরের শেষের দিকে পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ এবং মিয়ানমার এক চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের ফেরানোর মতো নিরাপদ পরিবেশ এখনও তৈরি হয়নি দাবি করে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাসহ দাতা সংস্থাগুলো প্রত্যাবাসন প্রক্রিয়ার বিরোধিতা করেছে।

চুক্তি অনুযায়ী, প্রথম দফায় গত ১৫ নভেম্বর থেকে ২ হাজার ২০০ রোহিঙ্গাকে রোহিঙ্গাকে রাখাইনে প্রত্যাবাসন শুরুর কথা ছিল। কিন্তু রোহিঙ্গাদের ব্যাপক প্রতিবাদের মুখে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শেষ পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়। প্রথম ধাপের তৈরি তালিকার রোহিঙ্গারা ন্যায়বিচার, নাগরিকত্ব, নিজ গ্রামে ফেরা ও জমির মালিকানা ফিরে পাওয়ার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত রাখাইনে ফিরবে না বলে দাবি জানায়।

রোহিঙ্গাদের যৌক্তিক এবং বাস্তবসম্মত দাবি মেনে ফিরিয়ে নিতে বাধ্য করতে গত সপ্তাহে মিয়ানমারের প্রতি চাপপ্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিলেন আবুল কালাম। তিনি বলেন, এসব ছাড়া কেউ রাখাইনে ফিরতে রাজি হবে বলে আমার মনে হয় না।

মিয়ানমারের অনেক মানুষ রোহিঙ্গাদের বাঙালি বলে ডাকে। এমনকি তাদেরকে বাংলাদেশ থেকে সেদেশে পাড়ি জমানো অবৈধ অভিবাসী হিসেবেও মনে করে।

আবুল কালাম বলেন, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসন বা জনাকীর্ণ শরণার্থী শিবির থেকে নোয়াখালীর ভাসান চরে স্থানান্তরের সিদ্ধান্ত নতুন বছর না আসা পর্যন্ত স্থগিত থাকবে। তিনি বলেন, নির্বাচন আসন্ন, তাই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচনের পরে নেয়া হবে।

গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইনে দেশটির রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে সেনাবাহিনী। রক্তাক্ত ওই অভিযানের মুখে প্রায় সাত লাখ ২০ হাজার রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রাস্তায় থুতু ফেললেই বিপাকে! গুনতে হচ্ছে জরিমানা

অনলাইন ডেস্ক: প্রায় দেখা রাস্তায় অনেকে থুতু, পানের পিক কিংবা ময়লা ফেললেন। তবে এবার আর সেই সুযোগ নেই। এখন রাস্তায় থুতু, পানের পিক কিংবা ময়লা ফেললেই মহাবিপদ।

রাস্তায় থুতু ফেললে একটিকে যেমন শাস্তি পেতে হবে অন্যদিকে সে পরিষ্কারও করানো হবে। এরসঙ্গে রয়েছে জরিমানাও। শহর পরিষ্কার রাখতে চিরুনি অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। সম্প্রতি এমনই এক নিয়ম চালু হয়েছে ভারতের পুনে শহরে।

পুনের শহরের বর্জ্য ব্যবস্থাপনা দপ্তরের প্রধান দ্যানেশ্বর মোলক এ বিষয়ে বলেন, ‘গত আট দিনে রাস্তায় থুতু ফেলার অভিযোগে ১৫৬ জনকে ধরেছেন স্যানিটেশন ইনস্পেক্টররা। তাদের দিয়েই সঙ্গে সঙ্গে সেই থুতু সাফ করানো হয়েছে। তার ওপর নেওয়া হয়েছে দেড়শো টাকা করে জরিমানা।’

তিনি জানান, গত সপ্তাহে পুনের বিবওয়েওয়ারি, আউন্ধ, ইয়েরাওয়াড়া, কসবা ও ঘোলে রোডে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত যখন নিজেই নিজের থুতু পরিষ্কার করতে বাধ্য হন, তখন তিনি এতটাই লজ্জিত হন যে, দ্বিতীয়বার সেই কাজ করার আগে পাঁচবার ভাববেন। এই ভাবনা থেকেই পুরনিগম নয়া শাস্তির বিধান করেছে।

বিষয়টি নিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাসিন্দাদের থুতু ফেলার অভ্যাস বন্ধ করতে শুধুমাত্র আর্থিক জরিমানাই যথেষ্ট নয়, বিষয়টি মাথায় রেখেই নতুন এই সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা।

বর্জ্য ব্যবস্থাপনা দপ্তরের প্রধান দ্যানেশ্বর মোলক জানান, ২০১৮ সালের স্বচ্ছতা সমীক্ষায় ১০ নম্বরে ছিল পুনে। শীর্ষে ছিল মধ্যপ্রদেশের ইন্দোর। সামনের বছর সেই জায়গায় পুনেকে প্রথমে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রশাসন ও পুলিশে রদবদল করতে যাচ্ছে ইসি

দেশের খবর: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রশাসন ও পুলিশ বিভাগে রদবদল করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি সপ্তাহেই এ বিষয়ে ইসির আদেশ জারি হতে পারে। বদলির তালিকায় বিভাগীয় কমিশনার ও পুলিশের পদস্থ কর্মকর্তাদের নাম রয়েছে বলে ইসি সচিবালয় সূত্রে জানা গেছে।

ইসির অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান বলেন, কিছু বদলির আদেশ আসছে। পুলিশে কিছু পরিবর্তন আসবে। এ বিষয়ে শিগগিরই জানতে পারবেন।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন সামনে রেখে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পরিবর্তন আনতে চায় কমিশন। প্রাথমিক পর্যায়ে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে। কমিশনারদের অনুমোদনের জন্য এ বিষয়ে একটি ফাইল উত্থাপন করা হয়েছে। অনুমোদন পেলে দু-একদিনের মধ্যেই এ বিষয়ে অফিস আদেশ জারি করা হবে। ওই আদেশেই প্রশাসনে রদবদলের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হবে। দ্বিতীয় ধাপে আরও কিছু পরিবর্তন আসতে পারে বলে ইসির কর্মকর্তারা জানিয়েছেন।

ইসি সূত্র জানায়, রদবদলের তালিকায় একাধিক বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন। এছাড়া পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তার নামও রয়েছে রদবদলের তালিকায়।

উল্লেখ্য, নির্বাচনরে তফসিল ঘোষণার পরে আইন অনুযায়ী প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়।
গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের বদলি বা ছুটি না দেওয়ার নির্দেশ দেয় ইসি।

চিঠিতে বলা হয়, সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, নির্বাচনের কাজে সহায়তা দেওয়া সব নির্বাহী বিভাগের কর্তব্য। কোনো কর্মকর্তা নির্বাচনের দায়িত্ব পাওয়ার পরে অব্যাহতি না দেওয়া পর্যন্ত চাকরির অতিরিক্ত দায়িত্ব হিসেবে ইসির অধীনে প্রেষণে আছেন বলে গণ্য হবেন। নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী ১৫ দিন পর্যন্ত ইসির অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করার বিধান রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘ফাগুন হাওয়ায়’র সাথে ওয়ালটন

বিনোদনের খবর: মেধাবী চলচ্চিত্র পরিচালক ও গুনী অভিনেতা তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার সাথে যুক্ত হলো ওয়ালটন। ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটির টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ওয়ালটন।
গত ১৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় সাতটায় রাজধানীর গুলশানের একটি অভিজাত রেঁস্তোরায় ‘ফাগুন হাওয়ায়’র পক্ষ থেকে নির্মাতা তৌকীর আহমেদ এবং ওয়ালটন গ্রুপ’র পক্ষ থেকে এর নির্বাহী পরিচালক হুমায়ূন কবিরের মধ্যে এ বিষয়ে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এ সময় অনন্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের হেড অব ব্যা- ম্যানেজম্যান্ট আমিন খান এবং অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলম এবং ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার শিল্পী আফরোজা বানু, নরেশ ভূঁইয়া, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, ফারুক আহমেদ, রওনক হাসান, নূসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ’সহ তৌকীর আহমেদ’র সহধর্মিনী নন্দিত অভিনেত্রী, নাট্যকার ও চিত্রশিল্পী বিপাশা হায়াত।

দেশীয় পণ্য উৎপাদনে বিগত বেশ কয়েকবছর যাবত ‘ওয়ালটন’ বিশেষ ভূমিকা রেখে আসছে।
বর্তমানে প্রতিষ্ঠানটি এমন একটি অবস্থানে এসে পৌঁছেছে যা থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের পণ্য বিশ্বের অনেক প্রথিতযশা প্রতিষ্ঠানে সাথে তাদের পণ্যের গুনগত মানের তুলনা চলে আসে। যেহেতু তৌকীরের ‘ফাগুন হাওয়ায়’ ভাষা আন্দোলনের সময়কালের প্রেক্ষাপট নিয়ে নির্মিত তাই দেশীয় পণ্য হিসেবে এই সিনেমার টাইটেল স্পন্সর হিসেবে ‘ফাগুন হাওযায়’র সাথে নিজেদের যুক্ত করেছে ‘ওয়ালটন’।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তৌকীর আহমেদ বলেন,‘ যেহেতু ফাগুন হাওয়া একটি পিরিয়ডিক্যাল সিনেমা। তাই একটি সময়কে তুলে ধরা একজন পরিচালকের জন্য অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং। বাজেট নির্দিষ্ট থাকেনা বিধায় যে কারণে খরচও অনেক বেড়ে গেছে। কিন্তু এমন মুহুর্তে ওয়ালটন পরিবার পাশে দাঁড়ানোয় আমাদের জন্য বেশ উপকারই হলো।

ফাগুন হাওয়ায় যেহেতু ভাষা আন্দোলনের সিনেমা, দেশীয় পণ্য উৎপাদনের প্রতিষ্ঠান ওয়ালটন পাশে থাকাটা বেশ ভালো হলো।’

আমিন খান বলেন, ‘ওয়ালটন দেশীয় পণ্য উৎপাদেন বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে। অনেক ইলেকট্রনিক পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসেছে। বাংলাদেশের ঘরে ঘরে এখন ওয়ালটনের পণ্য রয়েছে। যেহেতু সিনেমার সাথে টাইটেল স্পন্সর হিসেবে এভাবে আমাদের নতুন পথচলা, তাই একটি ঐতিহাসিক সিনেমার সাথে সম্পৃক্ততা দিয়েই এর শুভ যাত্রা শুরু হলো। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতায় বজায় রাখবো, তবে নিশ্চয়ই তা ভালো সিনেমার ক্ষেত্রে।’

অনুষ্ঠানে বক্তব্য পর্ব শেষ ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার পোস্টার উন্মোচন করেন আমিন খান ও বিপাশা হায়াত। এরপর সিনেমাটির ট্রেলার ও গান দেখানো হয়। আগামী বছর ৮ ফেব্রুয়ারি ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest