সর্বশেষ সংবাদ-
পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিলশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতারআইনজীবী হিসেবে সাংবাদিক  বিপ্লব হোসেনের পথচলা :সফলতা কামনা করে প্রেসক্লাবের বিবৃতিঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় রোড শোসাতক্ষীরায় চার দিন ধরে নিখোঁজ কলেজ ছাত্রীর মেলেনি সন্ধান : দিশেহারা পরিবারসাতক্ষীরায় ছাত্রদল নেতার উদ্যোগে ইফতারি বিতরণসাতক্ষীরা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের ইফতারদেবহাটার দর্জিরা আসন্ন ঈদুল ফিতর ঘিরে ব্যস্ত সময় পার করছেনবেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধনসাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

আজ প্রধানমন্ত্রী সৌদি আরব ও যুক্তরাজ্য যাচ্ছেন

সৌদি আরব ও যুক্তরাজ্যে আট দিনের সরকারি সফরে আজ বিকালে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফ্লাইটটি বিকালে সৌদি আরবের দাম্মাম-এর উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

একই দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে ফ্লাইটটির দাম্মাম বাদশা ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা।

শেখ হাসিনা ১৬ এপ্রিল সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল জুবাইল প্রদেশে অনুষ্ঠেয় ‘গাল্ফ শিল্ড-১ নামের একটি যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি সৌদি বাদশাহ ও দু’টি পবিত্র মসজিদের হেফাজতকারী সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ওই অনুষ্ঠানে যোগদান করবেন।

সৌদি আরব উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা আরো জোরদার করার লক্ষ্যে ২৩টি বন্ধুপ্রতীম দেশের অংশগ্রহণে মাসব্যাপী এই সামরিক মহড়ার আয়োজন করেছে।

গত ১৮ মার্চ শুরু হওয়া এই মহড়ায় বাংলাদেশ সশস্ত্রবাহিনীর ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।

গাল্ফ শিল্ড-১ এর সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে প্রধানমন্ত্রী কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে (সিএইচওজিএম) যোগদানের জন্য ১৬ এপ্রিল বিকেলে একটি বিশেষ ফ্লাইটযোগে লন্ডনের উদ্দেশে দাম্মাম ত্যাগ করবেন। ঐদিন রাতেই লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটির অবতরণের কথা।

এ বছর সিএইচওজিএম-এর প্রতিপাদ্য হচ্ছে ‘অভিন্ন ভবিষ্যত অভিগামী।’ প্রধানমন্ত্রী ১৭ এপ্রিল সকালে ওয়েস্ট মিনিস্টারের রানী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় কমনওয়েলথ নারী ফোরামের ‘এডুকেট টু এম্পাওয়ার: মেকিং ইকুইটেবল এন্ড কোয়ালিটি প্রাইমারী এডুকেশন এন্ড সেকেন্ডারি এডুকেশন এ রিয়েলিটি ফর গার্লস এক্রোস দ্য কমনওয়েলথ’ শীর্ষক অধিবেশনে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রী বিকালে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক বৈদেশিক উন্নয়ন ইনস্টিটিউট (ওডিআই) আয়োজিত এক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন।

তিনি ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি : নীতি, অগ্রগতি ও সম্ভাবনা’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

১৮ এপ্রিল শেখ হাসিনা এশীয় নেতাদের ‘ক্যান এশিয়া কীপ গ্রোইং?’ রাউন্ডটেবিলে অংশ নেবেন। বিকালে তিনি বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠান ও পরে নৈশভোজে যোগ দেবেন।

১৯ এপ্রিল শেখ হাসিনা বৃটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের (সিএইচওজিএম) আনুষ্ঠানিক উদ্বোধন ও অভ্যর্থনা অনুষ্ঠানে যোগদান করবেন।

শেখ হাসিনা কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি সরকার প্রধান ও তাদের স্বামী/স্ত্রীদের সম্মানে বাকিংহাম প্যালেসে রাণী দ্বিতীয় এলিজাবেথের দেয়া সংবর্ধনা ও নৈশভোজে যোগদান করবেন।

২০ এপ্রিল প্রধানমন্ত্রী তিনটি ‘রিট্রিট সেশন’ ও শীর্ষ সম্মেলনের সমাপনী কার্যনির্বাহী অধিবেশনে অংশ নেবেন।

২১ এপ্রিল তিনি রয়েল কমনওয়েলথ সোসাইটি (আরসিএস) আয়োজিত শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারী সরকার প্রধানদের জন্য সংবর্ধনা এবং রাণীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেবেন। একই দিনে প্রধানমন্ত্রী এক কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

এ ছাড়া শেখ হাসিনা শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ২৩ এপ্রিল দেশে ফিরবেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কলকাতাকে সাকিবের কাছেই হারতে হলো

বল হাতে দুই উইকেটের সঙ্গে কিপটে বোলিংয়ে কলকাতা নাইট রাইডার্সকে স্কোরকার্ডে তুলতে দেননি বড় সংগ্রহ। এবার ব্যাট হাতেও দারুণ নৈপুণ্য দেখালেন সাকিব আল হাসান। ইডেন গার্ডেনসে সানরাইজার্স হায়দরাবাদের পাঁচ উইকেটের জয়ের রাতে তাই বলা চলে এই বাংলাদেশি অলরাউন্ডারের কাছেই হারল নাইট রাইডার্সরা।

কলকাতাকে এবারই প্রথম ঘরের মাঠে পরাজিত করেছে হায়দরাবাদ। আর সানরাইজার্স সে জয় পেল কলকাতারই সাবেক খেলোয়াড় সাকিবের হাত ধরে। ম্যাচে বল হাতে ২১ রান খরচায় দুই উইকেটের সঙ্গে দুটি ক্যাচও নিয়েছিলেন তিনি। পাশাপাশি ব্যাট হাতেও দুই চার আর এক ছক্কায় সাকিবের সংগ্রহ ২১ বলে ২৭ রান।

ছোট লক্ষ্য হলেও মাত্র ৫৫ রানেই তিন উইকেট হারিয়ে ফেলেছিল অতিথিরা। অধিনায়ক উইলিয়ামসনের সঙ্গে এরপর চতুর্থ উইকেট জুটিতে ৫৯ রান তুলে সাকিব ম্যাচে ফেরান হায়দরাবাদকে। মাঝে অ্যান্ড্রু রাসেলের করা ম্যাচের ১২তম ওভারে এক চার আর দুই ছয়ে ১৫ রান নিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

দারুণ ছন্দে থাকা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ফিরেছেন পীযুষ চাওলার বলে বোল্ড হয়ে। সাকিব আউট হওয়ার একটু পরেই উইলিয়ামসন তুলে নেন অর্ধশতক। তবে ৪৪ বল খেলে ঠিক ৫০ রানেই ফিরতে হয়েছে কিউই অধিনায়ককে।

তাতে অবশ্য জয় পেতে খুব একটা সমস্যা হয়নি সাকিবের দলের। ইউসুফ পাঠান আর দিপক হুদার ব্যাটে এক ওভার হাতে রেখেই হায়দরাবাদ ম্যাচ জিতে নিয়েছে পাঁচ উইকেটে। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বিলি স্ট্যানলেক।

এই নিয়ে মাঠে নামা তিন ম্যাচের তিনটিই জিতে নিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখল হায়দরাবাদ। অন্যদিকে রাতের পরাজয়ে কলকাতা নেমে গেল টেবিলের চারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
৮ হাজার জামাইকে নাচালেন অপু বিশ্বাস !
জয়পুরহাটের কালাইয়ে পহেলা বৈশাখে জমে ওঠে জামাই মেলা। নববর্ষ উপলক্ষে  ৬ মাস সময় নিয়ে এ মেলার আয়োজন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক।

শনিবারে (১৪ এপ্রিল) মেলায় যোগ দেন এই এলাকারই মেয়ে জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। উপস্থিত ছিলেন আট হাজার জামাই ও ৮ হাজার মেয়ে। এই মেলায় মঞ্চে নাচে-গানে অপু বিশ্বাস মাতিয়ে তোলেন হাজার হাজার ভক্তসহ এলাকাবাসীদেরকে।

মেলার আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে সকল সম্প্রদায়ের লোকজনের সমন্বয়ে প্রায় ৫৮ হাজার লোকের বসবাস। এ ইউনিয়নের বসবাসরত সকল ধর্মের পরিবার থেকে প্রায় ৮ হাজার মেয়ের ইতোমধ্যে বিবাহ হয়েছে দেশের বিভিন্ন জেলাতে। তাদেরকে সাথে নিয়ে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গত ৬ মাস ধরে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ অনুযায়ী স্থানীয় মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করেন এই জামাই-মেয়ের মেলা।

মেলাতে জামাইদের সাথে মেয়ে এবং তাদের নিকট আত্মীয়স্বজনদের অংশগ্রহণ করাতে চেয়ারম্যান ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে গত ২ মাস ধরে দেশের বিভিন্ন স্থানে সকল জামাইদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত করে আসেন। এমনকি যারা বিদেশে থাকেন তাদেরকেও মোবাইল ফোনের মাধ্যমে দাওয়াত দেন তিনি।

দাওয়াত পেয়ে শনিবার সকালে জামাই-মেয়ে ও আত্মীয়রা মাত্রাই উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন।

তাদের আনন্দ দিতে বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় গ্রামীন মেলার। বসানো হয়েছে লোক কাহিনী নির্ভর কেচ্ছার আসর, পুঁথিপাঠের আসর, বাউল গানের দল, সাপুরের সাপ খেলা, লাঠি খেলা, বায়োস্কোপ, বউচি খেলা, উপজাতীদের নাচ-গান। এছাড়া জামাইদের বসার স্থানের জন্য আলাদাভাবে  ইউনিয়নটির ৯টি ওয়ার্ডের নামে বিভিন্ন ভেন্যু তৈরি করাও হয়েছিলো।

এলাকার প্রথা অনুযায়ী প্রত্যেক জামাইয়ের জন্য একটি করে লুঙ্গি, গেঞ্জি ও গামছা উপহার দেওয়া হয়। তাদের খাবারের জন্য কাঁচা মরিচ ও পেঁয়াজসহ ২৫ মণ চালের পান্তা, ২০ মণ ইলিশ মাছ এবং ৪০ মণ আলুর ভর্তা করা হয়।

মেলার আয়োজক মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার বলেন, আমি ধর্ম, বর্ণ বুঝি না। সকল মানুষের সমন্বয়ে আজকের এই আয়োজন। আমার ইউনিয়নের ৮ হাজার জামাইয়ের সাথে মেয়েরাও উপস্থিত হওয়ায় আমি খুশি। এ ধারা অব্যাহত রাখতে এলাকার সকলের সহযোগিতার চাই।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারা দেশে বিতর্কিত এমপিদের তালিকা তৈরি করছে আ. লীগ

অনলাইন ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিতর্কিত এমপিদের বাদ দেওয়ার কার্যক্রম শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিশেষ করে যারা বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন বা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদেরকে বাদ দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই মুহুর্তে দলের ভেতরের কোন্দলকে দলের জন্য তারা বড় সমস্যা বলে মনে করছেন। অভ্যন্তরীণ কোন্দল মেটানোর অনেক উদ্যোগ নিয়েও কোনো কাজ হয়নি। উল্টো দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেক নেতা, এমপি, মন্ত্রী অবস্থান নিয়েছেন। আর এ কারণেই শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে আগামী নির্বাচনে এরা দলের মনোনয়ন পাবেন না। এই বিতর্কিতদের তালিকা তৈরি কাজ চলছে।
গত ৩১ ডিসেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। ওই সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিতর্কিতদের ব্যপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের ওই নেতারা আরও জানান, বিগত সময়ে বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দলের অনেক এমপি, এমনকি মন্ত্রীরাও দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন। এদের কেউ কেউ অভ্যন্তরীণ কোন্দল, গ্রুপিং সৃষ্টি করে নিজেদের পছন্দমতো প্রার্থী দাঁড় করিয়েছেন। আবার অনেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে কাজ না করে ওই প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। শুধু মন্ত্রী-এমপিরাই নন, দলের অনেক দায়িত্বশীল নেতাও এমন কাজ করেছেন। এর ফলে অনেক জায়গায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা পরাজিত হয়েছেন। এতে দল দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। তিনি ওই সভায় বলেন, যারা নৌকার প্রার্থীর বিরোধিতা করেছেন তারা আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাবেন না। আমার হাত দিয়ে ভবিষ্যতে কখনও তারা নৌকার মনোনয়ন পাবেন না।
এদিকে এই বিতর্কিতদের তালিকা তৈরি এবং এদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। দলের সভাপতিমণ্ডলির সদস্য কাজী জাফরউল্লাহকে প্রধান করে গঠিত এই কমিটিতে দলের চার যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন। এই কমিটি এরই মধ্যেই কার্যক্রম শুরু করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রেড ক্রসকর্মীসহ ৭ যুবক জঙ্গি সন্দেহে আটক

চট্টগ্রামে জঙ্গি সন্দেহে সাত যুবককে র‌্যাব আটক করেছে, যাদের মধ্যে আন্তর্জাতিক রেড ক্রসের একজন কর্মীও আছেন।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার পুরাতন বিমান অফিসের পাশে আনন্দবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এরা হলেন- মো. মহিউদ্দিন তামিম (২৯), মো. আফজার হোসেন (২১), মো. ইমরান খান (২৭), মো. দাউদ নবী পলাশ (২৮), চৌধুরী মোহাম্মদ রিদওয়ান (২৭), এসএম জাওয়াদ জাফর (২৬) ও মো. মুনতাসিরুল মেহের (২৬)।
তাদের কাছ থেকে উগ্রাবাদী বই ও একটি ল্যাপটপ জব্দ করার কথা জানিয়েছে র‌্যাব।
মিমতানুর বলেন, “তারা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর সমর্থক। হোয়াটস অ্যাপে তারা ‘ডিন ফোর্স এক্সট্রিম’ ও ‘ইখোয়ান’ নামে দুটি গ্রুপে সক্রিয় থেকে জিহাদি ভিডিও ও ছবি প্রচার করে নিজেদের কথিত জিহাদের জন্য প্রস্তুত করছিল।”
র‌্যাবের দাবি, গ্রেপ্তার ওই যুবকেরা ‘জিহাদের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার জন্য’ সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে আসছিল। সমমনা দেশীয় জঙ্গিদের একত্রিত করতেও তারা কাজ করছিল।
ওই সাতজনের মধ্যে মুনতাসিরুল ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করে কক্সবাজারে ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেড ক্রসের (আইসিআরসি) ফিল্ড অফিসার হিসেবে কাজ করছিলেন।
আফজার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দাউদ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডে কাজ করেন।
এছাড়া জাওয়াদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পাস করে চট্টগ্রাম ইপিজেডে ইয়ংওয়ান নামে একটি পোশাক কারখানায় কর্মরত।
তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা মিমতানুর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছবি মুক্তির আগেই সাইফ কন্যা সারার প্রশংসায় রোহিত

হাতে একাধিক প্রজেক্ট। ‘কেদারনাথ’ সিনেমার শুটিং শেষ করে এখন তিনি ব্যস্ত ‘সিম্বা’ নিয়ে। ফলে সেই অর্থে এখনও বলিউডে ডেবিউ হয়নি সঈফ কন্যা সারা আলি খানের। তার আগেই পরিচালক রোহিত শেট্টির কাছ থেকে প্রশংসা পেয়ে গেলেন এই সুন্দরী।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘সিম্বা’র নায়িকা নিয়ে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘সারার সঙ্গে প্রথম আমার যখন দেখা হয়, তখন আমি ওকে দেখে বুঝে যাই ও হার্ডকোর কমার্শিয়াল মুভির হিরোইন হতে পারবে। সারা বাণিজ্যিক মুভির জন্য একজন পারফেক্ট অভিনেতা।’
স্বভাবই ৪৫ বছর বয়সী পরিচালকের মুখ থেকে এই প্রশংসা পাওয়ার পর আপ্লুত এই সাইফ-অমৃতা সিং কন্যা সারা। ‘সিম্বা’তে এই প্রথমবার অভিনেতা রণবীর সিং জুটি বাঁধতে চলেছেন সারার সঙ্গে। সিনেমাতে একজন পুলিশের চরিত্রে দেখা যাবে রণবীরকে। অন্যদিকে অভিষেক কাপুরের ‘কেদারনাথ’ ছবিতে সুশান্ত সিং রাজপুতের বিপরীতে দেখা যাবে এই সারা আলী খানকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও চীন

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও চীন। আমেরিকার বিরুদ্ধে লড়াই করার জন্য হাতিয়ার তৈরি করছে তারা। তবে জলে বা স্থলে নয়, অন্তরীক্ষে। যে সব মার্কিন উপগ্রহ মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্রগুলিকে রক্ষা করে ও যার সাহায্যে সেনার মধ্যে যোগাযোগ রক্ষা করা যায়, সেগুলি আটকানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে এই দুই দেশ।

সম্প্রতি মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের তরফে এ সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, মস্কো ও বেইজিং আগামী কয়েক বছরের মধ্যেই এই কাজ শেষ করবে। মহাকাশে সম্ভাব্য যুদ্ধের জন্যই এই “ধ্বংসাত্মক” অস্ত্র তৈরি করছে রাশিয়া ও চীন।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই সদস্য জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিলিটারি প্রভাব থামাতে এই অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র ব্যবহার করা হবে। রিপোর্টে এমন তথ্যই প্রকাশ পেয়েছে। এফবিআই ও সিআইএ এবং জাতীয় নিরাপত্তা সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে।

এই অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রগুলিতে থাকছে ব্যালেস্টিক মিসাইল। স্পেশ বেসড সিস্টেম যাতে ধ্বংস করা যায়, সেভাবেই এটি ডিজাইন করা হয়েছে। এর মধ্যে কাউন্টারস্পেস টেকনোলজি রয়েছে।

রিপোর্টে জানানো হয়েছে, যদি ভবিষ্যতে রাশিয়ার বা চীনের সঙ্গে সংঘর্ষ হয় তাহলে এই স্যাটেলাইটগুলি আমেরিকাকে সামরিক, বেসামরিক বা বাণিজ্যিক সুবিধা দেওয়া থেকে আটকাবে।
আমেরিকার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্পর্ক ইদানিং ভালো যাচ্ছে না। কিছুদিন আগেই হুমকি এসেছে ক্রেমলিন থেকে। রাশিয়া জানিয়েছে, সিরিয়ার মাটিতে কোনোরকম হামলা হলেই মার্কিন সরকার বুঝবে ডেঞ্জারাস পরিস্থিতি কী হতে পারে। সেক্ষেত্রে সমঝে চলুন ট্রাম্প। কারণ তাঁর একটি নির্দেশে রুশ-মার্কিন সংঘর্ষ বেধে যেতে এক মুহূর্ত দেরি হবে না।

রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানাচ্ছে, সিরিয়ার মাটিতে যে কোনওরকম আমেরিকান হামলা রুখতে প্রস্তুত নৌবাহিনী। ভূমধ্যসাগরে বিশেষ অবস্থান নিয়েছে তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেশের সবাইকে স্বাস্থ্যবীমার আওতায় আনছে সরকার

দেশের প্রত্যেক মানুষকে স্বাস্থ্যবীমার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। এরই অংশ হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। টাঙ্গাইলে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প সফল হলে সারাদেশে এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ উদ্যোগের মাধ্যমে দেশের সব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতি, মধুপুর ও ঘাটাইলে অতি দরিদ্রদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ‘শেখ হাসিনা হেলথ কার্ড’ বিতরণ করা হয়েছে। ৫০টি রোগের চিকিৎসার খরচ এই কার্ডের মাধ্যমে বহন করবে সরকার। পর্যায়ক্রমে তা সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা টাঙ্গাইলে স্বাস্থ্যবীমা প্রকল্প শুরু করেছি। তিনটি উপজেলায় এটি এখন বাস্তবায়িত হচ্ছে। সেখানে প্রকল্পের সাফল্য পেলে আমরা সারাদেশে এই কার্যক্রম চালু করবো। আমরা আশা করছি, এর মাধ্যমে দেশের সব নাগরিকের সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।’
টাঙ্গাইলের সিভিল সার্জন শরীফ হোসেন খান বলেন, ‘প্রথম স্তরে টাঙ্গাইলের কালিহাতিতে তিন বছর আগে এই প্রকল্পের কাজ শুরু হয়। এরপর গত ছয় মাস আগে মধুপুর ও ঘাটাইলে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই তিন উপজেলার অতি দরিদ্র নাগরিকদের প্রায় ৫০ হাজার টাকা করে স্বাস্থ্যবীমা করে দেওয়া হয়েছে। বীমা গ্রহণকারী পরিবার থেকে কোনও অর্থ দিতে হয়নি। সব অর্থ সরকার দিয়েছে।’
তিনি বলেন, ‘এই বীমার আওতায় মোট ৫০টি রোগের সেবা পাবে ওইসব পরিবার। এসব পরিবারের কেউ হাসপাতালে ভর্তি হলে তার সব ধরনের চিকিৎসা এমনকি অস্ত্রোপচারের খরচ বীমার আওতায় দেওয়া হয়। রোগ নির্ণয়ের জন্য যদি কোন পরীক্ষা-নিরীক্ষা লাগে তবে তা উপজেলা হেলথ কমপ্লেক্স-এ না থাকলে তাকে জেলা সদর হাসপাতালে পাঠিয়ে তার সেই পরীক্ষাগুলো করে দেওয়া হয়। কালিহাতিতে ৩০ হাজার, ঘাটাইলে ১৮ হাজার ও মধুপুরে ১৬ হাজার অতি দরিদ্র পরিবারকে এই স্বাস্থ্য কার্ড করে দেওয়া হয়েছে। স্থানীয় উপজেলা চেয়ারম্যান বা নির্বাহী কর্মকর্তা বা স্থানীয় জনপ্রতিনিধি এসব দরিদ্র মানুষের তালিকা তৈরি করে তাদের কার্ড করে দিতে সাহায্য করেন।’
শরীফ হোসেন বলেন, ‘উপজেলা হেলথ কমপ্লেক্ষে তো সব ওষুধ থাকে না। কোনও কোনও উপজেলায় ৬০০ থেকে ৭০০ রোগী থাকে। এসব রোগীকে আমরা দুই-তিন দিনের বেশি ওষুধ দিতে পারি না। এমনকি অ্যান্টিবায়োটিকও দুই-তিন দিনের বেশি দিতে পারি না। আমরা রোগীর চাহিদা অনুযায়ী ইনজেকটেবল অ্যান্টিবায়োটিক দিতে পারি না। আমাদের অনেক গর্ভবতী নারীর আলট্রাসনোগ্রাম করা লাগে, কিন্তু এখানে আলট্রাসনোগ্রাম মেশিন না থাকায় তা বাইরে থেকে করতে হয়। কোনও ডেলিভারি রোগী আসলে তার সিজার করাতে হবে। তার সিজারের সব ওষুধ ওই বীমার আওতায় কিনে দেওয়া হয়।’
তিনি জানান, টাঙ্গাইলের প্রতিটি উপজেলায় একটি করে নির্ধারিত ফার্মেসি আছে। সেখান থেকে রোগীরা ওষুধ নেয়। পরে ওই ফার্মেসিকে টাকা পরিশোধ করে দেয় সরকার। রোগীর রোগের ধরন দেখে গুরুত্ব অনুযায়ী রোগের চিকিৎসা দেওয়া হয়।
শরীফ হোসেন বলেন, ‘আমাদের এটি পাইলট প্রকল্প। এটি সফল হলে সারাদেশে সরকার এই প্রকল্প বাস্তবায়ন করবে এমনই পরিকল্পনা রয়েছে। এটি পাঁচব ছর মেয়ামি প্রকল্প হিসেবে ধরা হয়েছে।’
হেলথ রাইটস মুভমেন্ট-এর প্রেসিডেন্ট ডা. রশীদ-ই-মাহবুব বলেন, ‘বাংলাদেশে সেভাবে স্বাস্থ্যবীমা চালু নেই। উন্নত বিশ্বে সব চিকিৎসার জন্য বীমা আছে। কোনও বীমা স্থানীয় সরকারের আওতায়, কোনও বীমা কোনও ইন্সটিটিউটের আওতায় চলমান।’ তিনি বলেন, ‘কোনও দেশকে স্বাস্থ্যবীমা করাতে গেলে একটা ন্যূনতম মাথাপিছু আয় থাকতে হয়। বলা হয়, মাথাপিছু আয় ছয় হাজার ডলার হলে ;স্বাস্থ্যবীমা করা যায়। কিন্তু আমাদের দেশের অবস্থা তো তেমন নয়। তাই এখানে সেভাবে স্বাস্থ্যবীমা চালু হয়নি। বেসরকারি পর্যায়ে কিছু কর্পোরেট অফিসে কিছু গ্রুপ বীমা রয়েছে। ব্যক্তিগত পর্যায়ে এই দেশে স্বাস্থ্যবীমা নেই বললেই চলে। আর সরকারিভাবে টাঙ্গাইলে যেটা চালু হয়েছে তা পরীক্ষামূলকভাবে চলছে। এটা সাফল্য পেলে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest