সর্বশেষ সংবাদ-
এখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে– এড.সৈয়দ ইফতেখার আলীসাতক্ষীরায় মিষ্টি পানির ছোঁয়া: শ্যামনগরে ঘুচল হাজারো মানুষের পানিকষ্টসাতক্ষীরায় শহরে দুর্গা মন্দির পরিদর্শনে প্রশাসক হাবিবদেবহাটার আলোচিত শামীম হত্যা: দুই আসামি গ্রেপ্তারআশাশুনিতে দুর্গাপূজার নিরাপত্তায় আনসারদের সতর্ক থাকার নির্দেশ ওসি শাহিদুরেরসাতক্ষীরা সদরের বড়খামার কেন্দ্রীয় জামে মসজিদের জমির গাছ কাটার অভিযোগতালায় মাছ চুরির অভিযোগে মৎস্যজীবীকে পিটিয়ে হত্যার অভিযোগসাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মেরুদণ্ড দিবস উদযাপিতশ্যামনগরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে চাচিকে হ#ত্যা: ঘাতক আটকভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেন

এমপি-কর্মকর্তা পক্ষপাত করলেই ব্যবস্থা: ইসিতে বিশেষ আইনশৃঙ্খলা বৈঠক

রাজনীতির খবর : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংস ঘটনা ঘটলে ও নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে অভিযোগের মাত্রা অনুযায়ী প্রত্যাহার ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সংসদ সদস্য (এমপি) বা রাজনৈতিক নেতারা নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করলে ঘটনার গুরুত্ব অনুযায়ী মামলা দায়ের বা সংশ্লিষ্ট এলাকার ভোট বন্ধ করা হবে।

বুধবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাবিষয়ক বিশেষ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে কয়েকজন কর্মকর্তার বক্তব্যে বারবার আচরণবিধি লংঘনের ঘটনা উঠে আসে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আরও কঠোর ও দ্রুত সিদ্ধান্ত দেওয়ার অনুরোধ জানান তারা। সভার পর বিকালে কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিনকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় ইসি। বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে এসব তথ্য জানা গেছে।

বৈঠক সূত্র জানায়, নির্বাচনে সহিংসতা ও অনিয়মের ঘটনার তাৎক্ষণিক তথ্য না পাওয়ায় বৈঠকে অন্তত দুজন নির্বাচন কমিশনার অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, তাৎক্ষণিক তথ্য না পাওয়ায় নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে না। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী ব্যবস্থা নিতে গিয়ে সময়ক্ষেপণ হয়। এছাড়া একজন নির্বাচন কর্মকর্তা নারায়ণগঞ্জ, ঢাকার কেরানীগঞ্জ ও মানিকগঞ্জের কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমস্যা থাকার পরও তা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে না আসায় হতাশা প্রকাশ করেন।

বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, একেক ধাপে অনেক বেশি ইউনিয়ন পরিষদে ভোট থাকায় ফোর্স মোতায়েনে সমস্যা হচ্ছে। প্রতি ধাপে ৪০০ ইউপিতে ভোট করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনে সুবিধা হয়।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাঝপথে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ এ সভা নির্বাচন ভবনে অনুষ্ঠিত হলো। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন কমিশনাররা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, ইসি সচিব, র‌্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থা এনএসআই’র মহাপরিচালক, মন্ত্রিপরিষদ সচিবের প্রতিনিধি এবং পুলিশের আইজির প্রতিনিধি অংশ নেন।

সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে আমরা আপ্রাণ চেষ্টা করব সহিংসতা রোধ করার জন্য। একটাও সহিংস ঘটনা হবে না, মারামারি হবে না-এমন নিশ্চয়তা আমরা দিতে পারি না। আমরা চেষ্টা করব এগুলো নিয়ন্ত্রণ করার জন্য।

তিনি বলেন, সহিংস ঘটনায় অনেককে গ্রেফতার করা হয়েছে। অনেককে গ্রেফতারের তৎপরতা চলছে। এলাকার মাস্তান যারা বিশৃঙ্খলা করতে পারে তাদের আগাম গ্রেফতারের জন্য ইন্সট্রাকশন (নির্দেশনা) দিয়েছি। তিনি জানান, সহিংসতা বন্ধে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও নজরদারি বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি। সিইসি বলেন, এমপি-মন্ত্রীদের অধিকাংশই আচরণবিধি অনুসরণ করেন। দু’চারজন সংসদ সদস্য মানছেন না বলে অভিযোগ এসেছে। তাদের চিঠিও দেওয়া হয়েছে এলাকা ছাড়ার জন্য। প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন করলে অতীতে মামলা করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতেও প্রয়োজনে মামলা করা হবে।

সূত্র জানায়, বৈঠকে বক্তব্যে ঘুরেফিরে বারবার আচরণবিধি লংঘন ও কয়েকজন নির্বাচন কর্মকর্তাকে সঠিকভাবে দায়িত্ব পালন না করার ঘটনা উঠে আসে। একজন কর্মকর্তা সংসদ সদস্যদের নাম উল্লেখ না করে বলেন, কিছু রাজনৈতিক নেতা নির্বাচনে ডাবল স্ট্যান্ড নিচ্ছেন। একই উপজেলার কোনো ইউপিতে নৌকা প্রার্থীকে আবার কোনো ইউপিতে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেন। তার পছন্দের প্রার্থী জেতাতে নির্বাচনি কার্যক্রম প্রভাবিত করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর চাপ সৃষ্টি করছেন। এতেও সহিংস ঘটনা ঘটছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন কর্মকর্তা বৈঠকে জানান, সবার ক্ষেত্রে আচরণবিধি সঠিকভাবে প্রতিপালন করা হলে সহিংসতা ও অনিয়ম কমে যাবে। এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে কমিশন থেকে জানানো হয়, এ ধরনের অভিযোগ পাওয়া গেলে গুরুত্ব অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও ভোট বন্ধ করা হবে বলে জানানো হয়।

বৈঠকে আরেকজন কর্মকর্তা বলেন, নির্বাচন ও ভোটগ্রহণ কর্মকর্তাদের কেউ কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। ভোটকেন্দ্রে একটি ককটেল বিস্ফোরণ ঘটলেই অনেক প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পুলিশকে না জানিয়েই কেন্দ্র থেকে পালিয়ে যান। এতে উত্তেজনা আরও বেড়ে যায়। ওই অবস্থায় ভোটগ্রহণ বন্ধ করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। ওই কর্মকর্তা গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, পূর্ব অভিজ্ঞ কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেন।

আরও জানা গেছে, নির্বাচনে পক্ষপাতের অভিযোগ পেলে ইউএনও, ওসিসহ যে কোনো পর্যায়ের কর্মকর্তাকে প্রত্যাহার করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ ও পুলিশের পক্ষ থেকেও জানানো হয়, কমিশনের নির্দেশনা পেলে যে কোনো পর্যায়ের কর্মকর্তাকে প্রত্যাহার করে তারা দৃষ্টান্ত স্থাপন করতে চান। এতে অন্যরাও দায়িত্ব পালনে সচেতন হবে।

অভিযোগের গুরুত্ব বিবেচনায় ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, এবার প্রতিটি ধাপে অনেক বেশি সংখ্যক ইউনিয়ন পরিষদে ভোট হচ্ছে। জেলা পর্যায়ে এতসংখ্যক ফোর্স দেওয়ার মতো সামর্থ্য নেই। তারা জানান, প্রতিটি ধাপে চারশ’ ইউপিতে ভোট হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনে সুবিধা হয়। বৈঠকে কেন্দ্রে ফোর্স কমিয়ে টহল ফোর্স বাড়ানোরও প্রস্তাব করা হয়। ইসি সূত্রে জানা গেছে, বৈঠকের পরই কুষ্টিয়ার দৌলতপুর থানার একজন ওসি নাসির উদ্দিনকে বদলির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ওই ওসি সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তরায় বলে তথ্য পেয়েছে কমিশন।

বৈঠক সূত্রে আরও জানা গেছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও কবিতা খানম নির্বাচনে অনিয়ম ও সহিংস ঘটনায় তাৎক্ষণিক তথ্য না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, সময়মতো আমরা তথ্য জানতে পারি না। মাঠ প্রশাসন থেকে আমাদের তথ্য দেওয়া হয় না। গণমাধ্যম বা অন্যান্য মাধ্যমে আমাদের কাছে খবর আসে। ওই খবর অনুযায়ী ব্যবস্থা নিতে গিয়ে সময়ক্ষেপণ হয়। এ কারণে অনেক ঘটনার ব্যবস্থা নেওয়ার সুযোগ নষ্ট হয়। ইসির একজন কর্মকর্তা বলেন, নারায়ণগঞ্জ, ঢাকার কেরানীগঞ্জ ও মানিকগঞ্জের কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝামেলা রয়েছে। কিন্তু গোয়েন্দা সংস্থার কোনো প্রতিবেদনে তা উঠে আসেনি। এতে প্রস্তুতি নিতে সমস্যা হচ্ছে।

আলোচনার বিষয়ে বৈঠকের পর সিইসি আরও বলেন, সামগ্রিক অর্থে নির্বাচন সফল হয়েছে। অল্প বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দুর্ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনা ঘটেছে। যেগুলো কিছুতেই কাম্য নয়। তবুও নির্বাচনের মানদণ্ড যদি ভোট প্রদান হয়, তাহলে আমি বলব, গত নির্বাচনগুলোয় গড়ে ৭৪ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলোতে উত্তেজনা বিরাজ করে, উত্তাপ বিরাজ করে। সেই উত্তেজনা ও উত্তাপ কখনো কখনো সহিংসতায় পরিণত হয়ে যায়; যা কখনোই আমাদের কাম্য নয়। সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি যে কোথাও কোথাও মারামারি হয়েছে, খুন জখম হয়েছে। তার পরও স্থানীয় প্রশাসন পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নির্বাচন চালু রেখেছে এবং সেই নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। আচরণবিধি প্রতিপালনে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সহিংসতা ঘটতে পারে এমন পকেটগুলো চিহ্নিত করে আগাম গোয়েন্দা তথ্য নিতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে গোয়েন্দা নজরদারি বাড়ানা ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। তথ্য: যুগান্তর

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পরীমনির সন্তানকে স্বাগত জানিয়ে গান গাইলেন মমতাজ!

বিনোদন ডেস্ক: মা হবেন পরীমনি! সাত মাসের মাথায় আয়োজন হবে ‘সাধ’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। সেই আয়োজনকে ঘিরে নবজাতককে স্বাগতম জানাতে তৈরি হলো বিশেষ একটি গান। যেটি গাইলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ।

অরণ্য আনোয়ারের পরিচালনায় নির্মাণাধীন সিনেমা ‘মা’র জন্য তৈরি হলো এই বিশেষ গান। যাতে মায়ের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পরীমনি।

এরই মধ্যে ছবিটির শুটিং শুরু হলেও পরী অংশ নিচ্ছেন জানুয়ারিতে। তার আগেই তৈরি হলো তার জন্য বিশেষ এই গান। মাহী ফ্লোরার কথায় গানটির সুর করেছেন যৌথভাবে মাহাদী ও মুন্তাসির। সংগীতায়োজন করেছেন মুন্তাসির তুষার।

সুরকার মাহাদী ফয়সাল বলেন, ‘মমতাজ আপার জন্য এটা আমার প্রথম সুর। সিনেমায়ও প্রথম কাজ। গানটি কাউয়াল ফরমেটের। মমতাজ আপা যথারীতি দারুণ গেয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

জানা গেছে, এ গানটি সিনেমায় ব্যবহার হবে পরীমনির নবজাতককে স্বাগত জানানোর অনুষ্ঠানে। মূলত এই গানটির মধ্য দিয়েই ছবিটির গল্পে নেমে আসবে ভয়াল ট্র্যাজেডি।

গানটি নিয়ে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘গানটির ডামি তৈরির পর আমরা অনুভব করি এই গানটি মমতাজ আপা ছাড়া অন্য কারও কণ্ঠে ভালো লাগবে না। উনিও গানটি শুনে সাথে সাথে সম্মতি দিয়েছেন। উনার সঙ্গে গানটি করে মনে হলো, তার গানই শুধু মন ভালো করে দেয় না হাসিটাও মন ভালো করার জন্য মহৌষধ।’

একটি মর্মান্তিক সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অরণ্য আনোয়ার নিজেই। তিনি জানান, ১৯৭১ সালে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্পই উঠে আসবে এতে।

জানা গেছে, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত পরীমনির কোনো শিডিউল ফাঁকে নেই। তাই জানুয়ারি থেকে পরীমণিকে নিয়ে মাঠে নামবেন অরণ্য আনোয়ার।

‘মা’ প্রযোজনা করছেন যৌথভাবে প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। এতে আরও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, সাজু খাদেম, ফারজানা ছবি, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাবিনা-সুমাইয়ায় ১০ গোল গোলে দিশেহারা মালদ্বীপের ক্লাব

খেলার খবর: আরও একবার সাবিনা-ঝলক দেখলো মালদ্বীপের দর্শক। প্রথম ম্যাচে জোড়া গোল করে দলকে জিতেছিলেন বাংলাদেশের এই গোলমেশিন। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের ওপর আরও নিষ্ঠুরতা দেখালেন সাবিনা, করলেন ১০ গোল।

তার সঙ্গে বাংলাদেশের আরেক ফুটবলার সুমাইয়া করলেন হ্যাটট্রিক। এই দুই বাংলাদেশি ফুটবলারের অসাধারণ নৈপুণ্যে ট্রেড ক্লাবকে ২২-২ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ধিবেহি সিফাইঙ ক্লাব।

চতুর্থবারের মতো মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলতে মালে গেছেন জাতীয় নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন। একই ক্লাবে খেলছেন জাপানে জন্ম নেয়া বাংলাদেশের ফুটবলার মাতসুশিমা সুমাইয়া।

সাবিনার সঙ্গে শুরুর একাদশে জায়গা করে নিয়েছিলেন সুমাইয়াও। বিদেশের ঘরোয়া ফুটবলে প্রথম ম্যাচে সুমাইয়া দারুণ খেললেও গোল পাননি। দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করে খুলেছেন গোলের খাতা।

সাবিনা-সুমাইয়ার সামনে পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছিল তাদের প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। একপর্যায়ে গোল হওয়ার পর জাল থেকে বল কুড়ানোই বন্ধ করে দেন ট্রেড ক্লাবের খেলোয়াড়রা। সাবিনা বারবার গোল করেছেন এবং নিজেই বল এনে বসিয়েছেন সেন্টারে।

সাবিনাদের পরের ম্যাচ পুলিশ ক্লাবের বিপক্ষে ২৭ নভেম্বর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের জন্য পাত্র খুঁজছেন শ্রীলেখা!

বিনোদন ডেস্ক: টলিউডের আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ‘ডোন্ট কেয়ার’—স্বভাবের কারণে বরাবরই আলোচনায় থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সোজাসাপটা মন্তব্য করে প্রায়ই বিতর্কে জড়ান অভিনেত্রী।

মেকআপবিহীন লুকে ছবি পোস্ট করতেও পিছপা হন না শ্রীলেখা। এবার সেজেগুজে সামনে এলেন তিনি। খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল। হাসি মুখে শ্রীলেখার প্রশ্ন—‘মেয়ে পছন্দ?’ পোস্টটি ফেসবুকে করেছেন তিনি। তারপরই প্রশ্ন উঠেছে আচমকা এমন পোস্ট কেন করলেন শ্রীলেখা? তবে আবারো সাতপাকে বাঁধা পড়তে চাচ্ছেন তিনি। সত্যি কী বিয়ের জন্য পাত্র খুঁজছেন?

এসব প্রশ্নের উত্তর জানতে ভারতীয় একটি সংবাদমাধ্যম শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করেন। এ অভিনেত্রী বলেন, ‘জানেনই তো, নিজেকে নিয়ে মজা করতে ভালোবাসি। সেজেগুজে ছবি তুলেছি। মনে হলো সবাইকে দেখাই! আর নিজেকে পরখ করে দেখতে দোষ কী?’

এ অভিনেত্রী আরো বলেন, ‘মেয়ে পছন্দ মানে বিয়ের জন্যই পছন্দ করতে হবে তেমন তো কোনো কথা নেই। কেউ নিজের মেয়ে হিসেবেও তাকে পছন্দ করতে পারে। চাইলে মেয়ে হিসেবে আমাকে দত্তকও নিতে পারেন।’

ব্যক্তিগত জীবনে শ্রীলেখা মিত্র ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের এ সংসারে রয়েছে এক কন্যা সন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে কটূক্তি: আ. লীগ নেতা মেয়র আব্বাস বহিষ্কার

রাজনীতির খবর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনকে কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণে প্রতিহতের ঘোষণার অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিকালে দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণ কেন্দ্র করে কটূক্তি এবং সেটি নির্মাণের প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন নৌকা প্রতীকে দুবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। এর পর তার ফাঁস হওয়া অডিও ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সোমবার রাত থেকে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তার এমন বক্তব্যে রাজশাহীজুড়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও পুরো ঘটনাটি অস্বীকার করেছেন মেয়র আব্বাস। এ ঘটনায় মঙ্গলবার রাতে বিভিন্ন সময়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া, বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মেয়র আব্বাসের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়।

বোয়ালিয়া থানায় করা অভিযোগে বাদী রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার নিহত

আসাদুজ্জামান : সাতক্ষীরার তালা উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হেলপার সালাম সরদার নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে তালা উপজেলার মদনপুর সতীরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালাম সরদার (৪০) পাটকেলঘাটা থানার যুগিপুকরিয়া গ্রামের মৃত্যু আব্দুর রহিম সরদারের ছেলে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অর্ঘ্য দেবনাথ জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক পথিমধ্যে তালা উপজেলার মদনপুর সতীরবাড়ি এলাকায় উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে মারা যান ট্রাক হেলপার সালাম সরদার।
চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় জনতা ব্যাংকের ব্যবসায়িক আলোচনা সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক লিমিটেডের সাতক্ষীরা এরিয়ার ব্যবস্থাপকদের সাথে ব্যবসায়িক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকটির সাতক্ষীরা এরিয়া অফিসে এরিয়া প্রধান ও উপমহাব্যবস্থাপক মোঃ হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকটির খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার ছগীর আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে একই কার্যালয়ের এজিএম মোঃ আখতার হোসেন উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে উপ-মহাব্যবস্থাপক মোঃ হামিদুল হক ব্যাংকের বিভিন্ন অর্জন তুলে ধরে ২০২১ সনের লক্ষ্যমাত্রা পূরণের আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি ও জেনারেল ম্যানেজার ছগীর আহমেদ ব্যবস্থাপকদের সাথে শাখাভিত্তিক আলোচনা সভা পরিচালনা করেন। তিনি আসন্ন হিসাব সমাপনীতে বিভিন্ন ব্যবসায়িক সূচকে প্রদত্ত লক্ষ্যমাত্রা অর্জনের উপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সভায় এরিয়াটির ১৪টি শাখার ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রিত দেশের চূড়ান্ত তালিকায় নেই বাংলাদেশ

বিশেষ ডেস্ক : আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চুয়ালি গণতন্ত্র সম্মেলন আয়োজন করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সম্মেলনে ১১০টির বেশি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে পাকিস্তান, ইরাকের মতো দেশ দাওয়াত পেলেও তালিকায় নেই বাংলাদেশের নাম।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে দেওয়া তালিকা থেকে এ তথ্য জানা যায়। খবর এনডিটিভির।

ওয়েবসাইটে দেওয়া তালিকা অনুযায়ী, চীন দাওয়াত না পেলেও সম্মেলনে তাইওয়ানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ পদক্ষেপ চীনকে ক্ষুব্ধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তালিকায় রাখা হয়নি তুরস্কক ও রাশিয়াকে।

এদিকে মধ্যপ্রাচ্য থেকে শুধু ইসরাইল ও ইরাক আমন্ত্রণ পেয়েছে সম্মেলনে অংশ নেওয়ার জন্য। মিসর, সৌদি আরব, জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্রদের দাওয়াত দেয়নি যুক্তরাষ্ট্র।

এর আগে এ সম্মেলনে আমন্ত্রিতদের একটি তালিকা প্রকাশ করেছিল পলিটিকো ম্যাগাজিন। সেখানেও বাংলাদেশের নাম ছিল না বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাইডেন পররাষ্ট্রনীতি বিষয়ে তার প্রথম ভাষণে গণতন্ত্র সম্মেলন আয়োজনের অঙ্গীকার করেন। রাশিয়া ও চীনসহ গোটা বিশ্বে কর্তৃত্ববাদী শাসনের বিস্তার ঘটার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট সম্মেলনের আয়োজন করছেন।

আমন্ত্রিতদের তালিকা দেখুন নিচের লিংকে-

https://www.state.gov/participant-list-the-summit-for-democracy/

চলতি বছরের ডিসেম্বরে আমন্ত্রিত দেশগুলোর নেতারা গণতন্ত্র, ব্যক্তিগত ও মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার বিষয়ে তাদের অঙ্গীকার ব্যক্ত করবেন। এক বছর পর ২০২২ সালের ডিসেম্বরে এসব ক্ষেত্রে অগ্রগতি যাচাই করতে আরেকটি ফলোআপ সম্মেলন অনুষ্ঠিত হবে। মহামারি পরিস্থিতির উন্নতি হলে দেশগুলোর নেতাদের সশরীরে আমন্ত্রণ জানানো হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest