বিনোদন সংবাদ : বলিউড সুপারস্টার শাহরুখ খানের ২৩ বছরের ছেলে আরিয়ান খানসহ আট জনকে গতকাল রোববার গ্রেপ্তার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার রাতে যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা। সেখান থেকেই তাঁদের আটক করা হয়। আরিয়ান খানের নামে চরস সেবনের অভিযোগে মামলা করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবর, এনসিবির দাবি, তারা ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি ও ৫ গ্রাম মেফেড্রোন এবং নগদ এক লাখ ৩০ হাজার রুপি জব্দ করেছে।
আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ২৭ নম্বর ধারায় মামলা করা হয়েছে। অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ শাস্তি এক বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২০ হাজার রুপি জরিমানাসহ কারাদণ্ড হতে পারে।
আরিয়ান খানের জামিন শুনানি আজ বিকেলে। ছেলের পক্ষে আইনি লড়াই চালাতে মুম্বাইয়ের অন্যতম শীর্ষস্থানীয় আইনজীবী সতীশ মানশিন্ডেকে নিয়োগ দিয়েছেন শাহরুখ খান।
মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর গতকাল রোববার বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সন্ধ্যায় মেডিকেল চেকআপের পর আদালতে তোলা হলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাঁকে এক দিনের হেফাজতে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে শনিবার রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। জেরার পর সেখান থেকে তিন জনকে গ্রেপ্তার দেখানো হয়। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।
বিদেশের খবর : যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই সঙ্গে গাড়ির ছাদে একটি রাজনৈতিক বক্তব্য লিখে রেখে যাওয়া হয়েছে।
লন্ডনের কিলবার্ন ও হ্যাম্পষ্টেড এলাকা থেকে নির্বাচিত লেবার দলীয় এই এমপি এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃহস্পতিবার সকালে করা হয়েছে। তবে গাড়ির জানালা ভাঙলেও গাড়ি থেকে কোনো কিছু চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি। তবে টিউলিপ সিদ্দিক বর্তমানে পুলিশ প্রহরায় নিরাপদ আছেন।
তিনি আরো বলেন, যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিস্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি একটি উদ্দেশ্যমূলক হামলা। এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না। তিনি এতে ভীত নন, তিনি তার কাজ করে যাবেন।
এই ঘটনার পর টিউলিপ সিদ্দিক লেবার পার্টির শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছেন, সেই সঙ্গে হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেছেন টিউলিপ সিদ্দিক এমপিকে।
২০১৬ সালে নির্বাচিত হওয়ার পর থেকেই নানাভাবে টিউলিপ হেনস্থার শিকার হয়েছেন। এছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে নারী রাজনীতিবিদদের ওপর নানা ধরনের হয়রানিমূলক আক্রমণ বেড়ে গেছে।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা।
বিদেশের খবর : কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে ভারতের পুলিশ। উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে চার কৃষককে ‘হত্যা’র প্রতিবাদে লখিমপুরে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্য নেতারা। তবে খিরিতে যাওয়ার আগেই প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশ গৃহবন্দি করে রেখেছিল উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদককে। সেই আদেশ অমান্য করে রোববার রাতে লখনউ থেকে লখিমপুর খিরির উদ্দেশে রওনা হন প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা।
কংগ্রেসের দাবি, যাত্রাপথে হরগাঁও থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে। পুলিশ প্রিয়াঙ্কার গাড়ি আটকানোর পর পায়ে হেঁটেই লখিমপুরের দিকে রওনা হন প্রিয়াঙ্কা। দফায় দফায় লখিমপুর যাওয়ার পথে বাধা দেওয়া হয়। আটকে দেওয়া হয় কনভয়। অন্যদিকে, পুলিশের দাবি লখনউ থেকে আটক করা হয়েছে প্রিয়াঙ্কাকে।
প্রায় পাঁচ ঘণ্টা পুলিশের সঙ্গে তর্কবিতর্কের পর সোমবার (৪ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় তাকে হরগাঁও থানা এলাকায় আটক করে পুলিশ। পরে প্রিয়াঙ্কাকে সীতাপুর জেলার একটি গেস্ট হাউসে নেওয়া হয়েছে। ইউপি কংগ্রেস টুইট করে এ ঘটনার কথা জানিয়েছে।
লখিমপুর খিরি যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধী রোববারের ঘটনার কথা বর্ণনা করে বলেন, এ দেশে কৃষকদের যেভাবে পদদলিত করা হচ্ছে, তাতে আমার কোনো নিন্দার ভাষা নেই। কয়েক মাস ধরে কৃষকরা তাদের আওয়াজ তোলার চেষ্টা করছে, কিন্তু সরকার শুনতে প্রস্তুত নয়। আজকের ঘটনা দেখাল যে এ সরকার কৃষকদের পিষে ফেলার রাজনীতি করছে। তবে এ দেশ কৃষকদের দেশ।
তাকে গৃহবন্দি করে রাখার ইউপি পুলিশের আদেশের প্রতিক্রিয়া জানিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, আমি বাড়ি থেকে বের হয়ে কোনো অপরাধ করছি না। শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে চাই এবং তাদের দুঃখ ভাগ করতে চাই। আমি কি ভুল করছি? যদি কিছু ভুল করে থাকি, তাহলে আপনার (ইউপি পুলিশ) গ্রেফতারি পরোয়ানা থাকা উচিত। ইউপি পুলিশ আমাকে আটকে দিয়েছে, কিন্তু কোন কারণে?
প্রসঙ্গত, ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন এলাকার কৃষকরা। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের একটি গাড়ি দুই কৃষককে পিষে দেয়। সেই গাড়িতে ছিল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে। ওই খবর ছড়িয়ে পড়তেই হিংসা ছড়িয়ে পড়ে এলাকায়। লখিমপুর খিরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, ওই সংঘর্ষে চার কৃষকসহ মোট আট জনের মৃত্যু হয়েছে। এদিকে অজয় মিশ্রের দাবি, তার ছেলে কনভয়ে ছিল না। থাকলে তাকেও পিটিয়ে মেরে ফেলত কৃষকরা।
বিদেশের খবর : এ যাবৎকালের অন্যতম বৃহৎ আর্থিক নথিপত্র ফাঁসের এক ঘটনায় বিশ্বের বড় বড় নেতা, রাজনীতিবিদ ও ধনকুবেরদের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য বেরিয়ে এসেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসি বলছে, বিভিন্ন অফশোর কোম্পানির সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে, এমন প্রায় ৩৫ জন বর্তমান ও সাবেক নেতা এবং তিন শতাধিক সরকারি কর্মকর্তার কথা ‘প্যানডোরা পেপার্স’ নামের নথিপত্রে উঠে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, দ্য গার্ডিয়ানহ কয়েকটি সংবাদমাধ্যম সংযুক্ত আরব আমিরাত, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা, সাইপ্রাস, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশে থাকা ১৪টি আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রায় এক কোটি ২০ লাখ নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশ করেছে।
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চেক প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিস, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো নেতার গোপন সম্পদের তথ্য ‘প্যানডোরা পেপার্সে’ প্রকাশ পেয়েছে।
বিবিসি প্যানোরামার প্রকাশ করা এসব নথিপত্রে দেখা যায়, জর্ডানের বাদশাহ আবদুল্লাহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে গোপনে সাত কোটি পাউণ্ডের বাড়ি-জমির মালিক হয়েছেন।
আরও জানা যাচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোনাকোয় গোপন সম্পদের সঙ্গে সম্পর্কিত।
এ ছাড়া আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও তাঁর সহযোগীরা যুক্তরাজ্যে প্রায় ৪০ কোটি পাউন্ডের জমি-বাড়ি কেনাবেচার চুক্তিতে জড়িত ছিলেন বলে এসব দলিলে দেখা গেছে।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তাঁর স্ত্রীর ব্যাপারে জানা গেছে যে, তাঁরা লন্ডনে একটি অফিস কেনার সময় তিন লাখ ১২ হাজার পাউণ্ড কর স্ট্যাম্প শুল্ক বাঁচিয়েছেন। ওই ভবনের মালিক একটি বিদেশি কোম্পানিও তাঁরা কিনে নেন।
জর্ডানের বাদশাহর আইনজীবীরা জানিয়েছেন, তাঁর জমি-বাড়িগুলো ব্যক্তিগত সম্পদ দিয়েই কেনা, এবং সাধারণত এমন উচ্চপদস্থ ব্যক্তিদের সম্পত্তি অফশোর কোম্পানির মাধ্যমেই কেনা হয় নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার স্বার্থে।
গত সাত বছরে প্যারাডাইস পেপার্স, পানামা পেপার্স ইত্যাদি নামে যেসব গোপন দলিলপত্র ফাঁস হয়েছে, এবারের এই প্যানডোরা পেপার্স হচ্ছে তার সবশেষ ঘটনা।
বিবিসি প্যানোরামা, ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ আরও কিছু মিডিয়া অংশীদার মিলে বিশ্বের ১৪টি কোম্পানির প্রায় এক কোটি ২০ লাখ নথিপত্র হাতে পেয়েছে। এই নথিপত্রগুলো পরীক্ষা-নিরীক্ষা করেছে ওয়াশিংটন-ভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস।
দেশের খবর : বাল্যবিয়ে বন্ধে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের মাধ্যমে বিয়ের আগে পাত্র-পাত্রীর বয়স যাচাইয়ের প্রস্তাব এসেছে। এক্ষেত্রে এনআইডি সার্ভারের তথ্য ব্যবহার করে বিয়ের কাজী নিজের তথ্য ও বিয়ে প্রার্থীদের তথ্য ইনপুট দিয়ে বিয়ের ‘ক্লিয়ারেন্স সার্টিফিকেট’ গ্রহণের পদ্ধতি চালু করার প্রস্তাব করা হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে সংসদের ‘স্ট্রেংদেনিং পার্লামেন্ট’স ক্যাপাসিটি ইন ইন্টিগ্রেটেড পপুলেশন ইস্যু ইনটু ডেভেলপমেন্ট (এসপিসিপিডি) প্রকল্পের সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এই প্রস্তাব দিয়েছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, আ স ম ফিরোজ বাল্যবিয়ে বন্ধে তথ্য ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রসঙ্গ টেনে ওই প্রস্তাব দেন। তিনি বাল্য বিবাহ বন্ধে গ্রামভিত্তিক সচেতনতা কার্যক্রম চালু করার প্রস্তাব দেন। তিনি নারী নির্যাতন বন্ধে থানার একজন মহিলা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি প্রতিটি জেলায় অন্তত একটি করে ভিকটিম সাপোর্ট সেন্টার স্থাপনের প্রস্তাব করেন। এ ছাড়া তিনি মাদক দমনে প্রতিটি থানায় একজন অফিসার নির্ধারণ করে দেওয়ারও প্রস্তাব করেন।
এ বিষয়ে জানতে চাইলে আ স ম ফিরোজ বলেন, বিয়ের পাত্র-পাত্রীর বয়স প্রমাণে এনআইডি যাচাইসহ বেশ কিছু প্রস্তাব তিনিসহ এসপিসিপিডি সদস্যরা দিয়েছেন। সংসদীয় কমিটি তাদের বক্তব্য আমলে নিয়েছেন। এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে আমাদের বলেছেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং বেগম রুমানা আলী অংশগ্রহণ করেন।
এছাড়া বিশেষভাবে আমন্ত্রণে আ স ম ফিরোজ ছাড়াও প্রফেসর ডা. আ ফ ম রুহুল হক, মোছা. মাহাবুব আরা গিনি, মেহের আফরোজ, মো. আব্দুস শহীদ, মো. হাবিবে মিল্লাত, উম্মে ফাতেমা নাজমা বেগম, মোছা. শামীমা আক্তার খানম, শামীম হায়দার পাটোয়ারী এবং আরমা দত্ত অংশ নেন।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে বাল্যবিবাহ প্রতিরোধ এবং যৌন হয়রানি বন্ধে হাইকোর্ট বিভাগের নির্দেশনা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ বৈঠকে উপস্থাপন করা হয়। বিএপিপিডি’র প্রতিনিধি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্যদের পরামর্শ বিষয়ক কর্মশালায় বাল্যবিবাহ প্রতিরোধ এবং যৌন হয়রানি বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
দেশের খবর : দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের বিরুদ্ধে নানা অপকর্ম ও অসদাচরণের অভিযোগ উঠেছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রামে (২) থাকাকালে উপসহকারী পরিচালক শরীফের ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণে তিন ব্যবসায়ীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর প্রতিকার চেয়ে তারা দুদক চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন। এর তদন্তও শুরু করেছে দুদক। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে শরীফের অপকর্মের তদন্তে দুদক উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
বর্তমানে পটুয়াখালীতে কর্মরত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ- চট্টগ্রামে থাকাকালে তিনি কক্সবাজারের সিআইপি খেতাবপ্রাপ্ত এক ব্যবসায়ীকে মিথ্যা মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতন করেছেন। নিয়মবহির্ভূতভাবে এক ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও নোটিশ দিয়ে ডেকে নিয়ে গ্রেফতার করেছেন। শরীফের বিরুদ্ধে নির্যাতিত ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিসসহ ভুক্তভোগী একাধিক ব্যক্তি দুদকে চিঠি দিয়েছেন।
জানা গেছে, গত বছরের ১৯ ফেব্রুয়ারি কক্সবাজারের বাহারছড়া বাজারের পিটিআই রোডের আবদুল হালিমের বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায় র্যাবের একটি টিম। এ সময় সেখান থেকে কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখার সার্ভেয়ার ওয়াসিম খানকে আটক এবং ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। জমি অধিগ্রহণ চেকের বিপরীতে ঘুষ হিসাবে এ সব টাকা নেন ওয়াসিম। এ ঘটনার তদন্ত করে দুদকের উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন। তদন্ত শেষে ওয়াসিমসহ তিন সার্ভেয়ারের বিরুদ্ধে তিনি মামলা করেন। ২০২০ সালের ১০ মার্চ করা মামলার তদন্তকারী কর্মকর্তাও হন শরীফ। অভিযোগ, এ মামলার সূত্র ধরে দুদক কর্মকর্তা শরীফ কক্সবাজারের বিভিন্ন সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণের বিপরীতে যারা টাকা পেয়েছেন তাদের হয়রানি করেন। জমির মালিক না হয়ে জাল-জালিয়াতির মাধ্যমে ক্ষতিপূরণের টাকা নেওয়ার অভিযোগ আনেন তিনি। মামলায় জড়ানোর ভয় দেখিয়ে তিনি দালাল বা সোর্সের মাধ্যমে ঘুস দাবি করেন। যারা বেঁকে বসেন মূলত তাদের তিনি হয়রানির পথ বেছে নেন। এ মামলার সূত্র ধরে ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস, অ্যাডভোকেট নুরুল হকসহ একাধিক ব্যক্তিকে শরীফ নোটিশ দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যালয়ের জন্য কক্সবাজার মৌজার জমি অধিগ্রহণের বিপরীতে তারা ক্ষতিপূরণের টাকা উত্তোলন করেন। ২০২১ সালের ৩১ জানুয়ারি ব্যবসায়ী ইদ্রিসকে নোটিশ দিয়ে ৮ মার্চ সকাল সাড়ে ৯টার মধ্যে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে (সজেকা) হাজির হতে বলা হয়। কিন্তু এর আগেই ২ মার্চ তাকে কক্সবাজার থেকে গ্রেফতার করা হয়। ইদ্রিসকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেন শরীফ। নোটিশপ্রাপ্ত অ্যাডভোকেট নুরুল হককেও গ্রেফতার করা হয়। তবে তিনি আদালত থেকে জামিন নেন।
ব্যবসায়ী ইদ্রিস বলেন, পিবিআই প্রকল্পে আমার জমি অধিগ্রহণের বিপরীতে বৈধমালিক হিসাবে ক্ষতিপূরণের টাকা পেয়েছে। কিন্তু মাতারবাড়ি প্রকল্পের জমির মামলায় আমাকে গ্রেফতার করা হয়। কক্সবাজারের পিডিবি রেস্ট হাউস ও চট্টগ্রামের দুদক কার্যালয়ে নিয়ে আমাকে নির্মম নির্যাতন করেন শরীফ উদ্দিন। তার শেখানো মতে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে তিনি জোরজবরদস্তি করেন। প্রায় তিন মাস জেল খেটে বের হওয়ার পর হয়রানি নির্যাতনের বিবরণ দিয়ে আমি দুদক চেয়ারম্যান বরাবরে চিঠি দিয়েছি। ভুক্তভোগী আইনজীবী নুরুল হক বলেন, শরীফ উদ্দিনের মামলার তদন্তের অধিক্ষেত্র ছিল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জমি অধিগ্রহণ নিয়ে। ওই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সার্ভেয়ারের বাসা থেকে ৯৩ লাখ ৬০ হাজার ১৫০ টাকাও উদ্ধার হয়েছে। কিন্তু ক্ষমতার অপব্যবহার করে দুদকের অনুমোদন ছাড়াই শরীফ কক্সবাজার মৌজায় পিবিআই কার্যালয়ের জন্য অধিগ্রহণ করা জমির মালিকদের গ্রেফতার ও হয়রানি করেছেন। ওই মৌজার জমি অধিগ্রহণের বিপরীতে ক্ষতিপূরণের টাকা আমিও পেয়েছি। অভিযোগ ছাড়াই এখতেয়ারবহির্ভূতভাবে শরীফ আমাকে গ্রেফতার ও হয়রানি করেছেন। এর প্রতিকার চেয়ে দুদক চেয়ারম্যান বরাবরে চিঠি দিয়েছি।
অপর ভুক্তভোগী বেলায়েত হোসেন বলেন, কোনো কারণ ছাড়াই শরীফ উদ্দীন চিঠি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেন। টাকা তুলতে না পারায় এর কারণ জানতে চেয়ে শরীফ ও দুদক কর্তৃপক্ষ বরাবরে চিঠি দেই। কোনো সাড়া না পাওয়ায় উচ্চ আদালতে রিট করি। হাইকোর্টের দ্বৈত বেঞ্চ ১৬ মার্চ আদালতে তাকে সশরীরে তলব করে ব্যাখ্যা দিতে বলেন। শরীফের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় আদালত আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে শরীফের আচরণকে ক্ষমতার অপব্যবহার, এখতেয়ারবহির্ভূত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আদালত মন্তব্য করেন। এ ব্যাপারে জানতে দুদক কর্মকর্তা শরীফ উদ্দীনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। এসব বিষয় তদন্তাধীন বলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
দেশের খবর : জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে জানাতে আজ সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে।
শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং বিভিন্ন উচ্চপর্যায়ের ইভেন্টে অংশগ্রহণের জন্য এক সরকারি সফরে গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করেন।
পরে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে ১ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিউইয়র্কে অবস্থানকালে শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সাধারণ বিতর্কে বক্তব্য রাখেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ প্রদান করেন।
প্রধানমন্ত্রী সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে বসেন।
তিনি ২০ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত-বার্ষিকী উপলক্ষে তার সম্মানে জাতিসংঘ সদরদপ্তরের নর্থ লনের ইউএন গার্ডেনে উৎসর্গকৃত একটি বেঞ্চ উদ্বোধন এবং একটি চারাগাছ রোপন করেন।
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আনসার সদস্যদের সঙ্গে ব্রিফিং…
প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল…
অনলাইন ডেস্ক : পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার ভোতেকোশি নদীতে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন…