সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

নিরপরাধ ফিলিস্তিনি শিশুর চোখে গুলি ইসরাইলি সেনার

অনলাইন ডেস্ক : সম্প্রতি ইসরাইলি সেনাদের বর্বরতা অতিতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে একটি দোকানে ঢুকে নিরপরাধ এক শিশুর চোখে গুলি করে তাকে অন্ধ করে দিয়েছে ইসরাইলি সেনারা।খবর আরব নিউজের।

ভিডিও ফুটেজে দেখা যায়, ইজ্জ আল-দিন নাদাল বাতাশ নামে ১৪ বছর বয়সী ফিলিস্তিনি ওই শিশুটি তার ১৩ বছর বয়সী চাচাত ভাইকে নিয়ে হেবরনের এবটি দোকানে অবস্থান করছিল।

এ সময় ইসরাইলি সেনারা সেখানে ঢুকে কোনো কারণ ছাড়াই বাতাশের চোখে গুলি করে।সঙ্গে সঙ্গে তাকে হেবরনের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জেরুজালেমে বড় কোন হাসপাতালে নিয়ে ভর্তির পরামর্শ দেন।

মুমূর্ষু অবস্থায় তাকে জেরুজালেম চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, ফিলিস্তিনি এ শিশুটি এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেও আর কখনো চোখে কিছু দেখতে পারবে না।

ইজ্জ আল-দিন নাদাল বাতাশার বাবা আবদুল করিম আল-বাতাশ বলেন, ইসরাইলের একদল সেনা হেবরনে টহল দেয়ার সময় শিশুদের আটক করতে চাইলে তারা পাথর নিক্ষেপ করে পালিয়ে যায়।

এ সময় উত্তেজিত সেনারা আদালুসিয়া মার্কেটের ওই দোকানটিতে গত শুক্রবার কেনাকাটা করতে যাওয়া তার ছেলের চোখে গুলি করে।

তিনি বলেন, আমার ছেলে তাদের সঙ্গে কোনো সংঘর্ষে জড়ায়নি। সে তার চাচাতো ভাইকে নিয়ে দোকানে কেনাকাটার জন্য এসেছিল।

সম্প্রতি ফিলিস্তিনি শিশুদের গুলি করে হত্যা, গ্রেফতার ও নির্যাতনের বহু অভিযোগ পাওয়া যাচ্ছে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কালিগঞ্জে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো ৫০ ক্যারেট আম জব্দ

নিজস্ব প্রতিনিধি : বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করার প্রস্তুতিকালে জনতা ৫০ ক্যারেট আম জব্দ করেছে। বুধবার বিকেল তিনটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কাশিবাটি গ্রামের মৃত মনিরউদ্দিনের ছেলে মোস্তাক আহম্মেদের বাড়ি থেকে এ আম জব্দ করা হয়।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, কাঁচা আম বিষাক্ত কেমিকেল দিয়ে পাকিয়ে তা বাজারজাত করা হবে এমন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশ বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার নলতা ইউনিয়নের কাশীবাটি গ্রামের মোস্তাক আহম্মেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় পিকআপ ভর্তি ৫০ ক্যারেট আম জব্দ করা হয়। মোস্তাকসহ চারজন প্রতি বছর অপরিপক্ক কাঁচা আম কেমিকেল দিয়ে পাকিয়ে বাজারজাত করে আসছে বলে স্থানীয়রা জানায়।জব্দকৃত আম নষ্ট করা হবে বলে জানান তিনি।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় মোবাইলে কোর্টের অভিযানে ৯০টি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় সারা দেশে জারিকৃত বিধি-নিষেধ বাস্তবায়নের লক্ষ্যে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের বিদ্যমান পরিস্থিতিতে জেলা ও উপজেলায় সর্বসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি অনুসরণ, সামাজিক দূরত্ব বজায় ও গণপরিবহণসহ ব্যবসা প্রতিষ্ঠান (জরুরী পরিসেবা ব্যতীত) বন্ধ রাখার বিষয় তদারকির নিমিত্ত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
১৪ এপ্রিল, ২০২১ তারিখে পরিচালিত মোট ১৭ টি মোবাইল কোর্ট অভিযানে ৯০ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৮৫ হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসকের কার্যালয়ের মিডিয়া সেল নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২৯ মার্চ ২০২১ তারিখে জারিকৃত ‘প্রজ্ঞাপন’ এর পর থেকে আজ পর্যন্ত পরিচালিত মোট ১২৭ টি মোবাইল কোর্ট অভিযানে ৭৪০ টি মামলায় অর্থদন্ডের মাধ্যমে ৭ লক্ষ ৮৯হাজার ২০০ পঁঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
শ্যামনগরে হিন্দুদের বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় আ’লীগ নেতা আকবর  পাড় বহিষ্কার

শ্যামনগর প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে মুন্সিগঞ্জ উত্তর কদমতলায় হিন্দু সম্প্রদায়ের শীতলা মায়ের মন্দিরে প্রতিমা ভাঙচুর সহ সুভাষচন্দ্র বাউলিয়া ও নগেন্দ্রনাথ আউলিয়ার বাড়িঘর ভাঙচুর, হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা আকবর আলী পাড় কে সাময়িক বহিষ্কার করেছে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগ।
১৪ ই এপ্রিল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন স্বাক্ষরিত এক বিবৃতিতে জানিয়েছেন গত ১৩ ই এপ্রিল রাতে উত্তর কদমতলা, মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত আমজাদ আলী পাড়ের পুত্র ও এক নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আকবর আলী পাড় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা প্রাথমিক ভাবে দোষী বলে প্রমাণিত হয়।
সে কারণে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এর নির্দেশনা মোতাবেক সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
একদিনে দেশে করোনায় রেকর্ড ৯৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক : দেশে করোনা শনাক্তের ৪০৩তম দিনে (সর্বশেষ ২৪ ঘণ্টায়) রাজধানীসহ সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবারও রেকর্ড সংখ্যক ৯৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫৯ জন ও নারী ৩৭ জন। ৯৬ জনের মধ্যে ৯৪ জন হাসপাতালে ও বাসায় দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজার ৯৮৭ জনে।

এ সময়ে দেশের সরকারি ও বেসরকারি ২৫৫টি ল্যাবরেটরি ২৪ হাজার ৯৯৫টি নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ৮২৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় পাঁচ হাজার ১৮৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৩ হাজার ১৭০ জন।

বুধবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮০ শতাংশ।

একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ৩৩৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা পাঁচ লাখ ৯১ হাজার ২৯৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৪ দশমিক শূন্য ৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৯৬ জনের মধ্যে বিশোর্ধ্ব দুইজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব ১২ জন, পঞ্চাশোর্ধ্ব ২৫ জন ও ষাটোর্র্ধ্ব ৫৫ জন রয়েছেন।

৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৮ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় পাঁচজন, বরিশালে পাঁচজন, সিলেটে তিনজন ও ময়মনসিংহ বিভাগে তিনজনের মৃত্যু হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করেনা আক্রান্ত সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু আর নেই

অনলাইন ডেস্ক : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) সভাপতি আবদুল মতিন খসরু আর নেই।

বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক।

গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। এর আগে গত ৩১ মার্চ শারীরিক অবস্থার উন্নতি হলে কেবিনে আনা হয়েছিল। এরপর আবার অবস্থার অবনতি হলে গত ৬ এপ্রিল তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

গত ২৮ মার্চ রাতে আইসিইউতে নেয়া হয় করোনাভাইরাসে আক্রান্ত বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে। এরপর তার করোনা পরীক্ষা করা হয়েছিল, গত ১ এপ্রিল করোনার রিপোর্ট নেগেটিভ হয়।

গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। ওইদিন তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। আক্রান্ত হওয়ার পর থেকে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ সেশনের নির্বাচনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হন মতিন খসরু। বিএনপি সমর্থিত প্রার্থী ফজলুর রহমানকে পরাজিত করে তিনি সভাপতি নির্বাচিত হন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনা কেড়ে নিল বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খানের প্রাণ

সাহিত্য ও সংস্কৃতি : করোনাভাইরাসে আক্রান্ত বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলা একাডেমির জনসংযোগ শাখার কর্মকর্তা কবি পিয়াস মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (১৪ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে সোমবার (১২ এপ্রিল) রাতে পিয়াস মজিদ বলেন, বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট ফোকলোরবিদ শামসুজ্জামান খান গত ৮ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার তার শারীরিক অবস্থায় অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শামসুজ্জামান খানের সঙ্গে তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে বাংলা একাডেমি পরিচালক ও বইমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদসহ আরও কয়েকজন করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সারাদেশে ৮ দিনের সর্বাত্মক লকডাউন শুরু

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে ৮ দিনে সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হওয়া বিধিনিষেধ আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।

লকডাউনের ৮ দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন। এই সময়ে ব্যবসা-বাণিজ্য সঙ্কুচিত হলেও অর্থনীতি সচল রাখতে চায় সরকার। এই কারণে সর্বাত্মক লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠানের পাশাপাশি খোলা রয়েছে শিল্প-কারখানা। সীমিত পরিসরে দেয়া হচ্ছে ব্যাংকিং সেবা।

এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। খোলা স্থানে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদি কেনা-বেচা করা যাবে ৬ ঘণ্টা।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা ১৩ দফা বিধিনিষেধ সংবলিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণমাধ্যমসহ (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া) অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবাসংশ্লিষ্ট অফিস, তাদের কর্মী এবং যানবাহন নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

মানতে হবে যেসব নির্দেশনা :

১. সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে ও সকল কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থলবন্দর এবং এ সংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। (আপিল ও হাইকোর্ট বিভাগ এবং দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়ালি সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট)।

৩. সকল প্রকার পরিবহন (সড়ক, নৌ, রেল, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট) বন্ধ থাকবে। তবে, পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

৪. শিল্প-কারখানাগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে। তবে শ্রমিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় আনা-নেয়া নিশ্চিত করতে হবে।

৫. আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন- কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সেবা, কোভিড-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর (স্থলবন্দর, নদীবন্দর ও সমুদ্রবন্দর) কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরি ও অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস, তাদের কর্মচারী ও যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

৬. অতি জরুরি প্রয়োজন ছাড়া (ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। তবে টিকা কার্ড প্রদর্শন সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে।

৭. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁয় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোরর ৬টা পর্যন্ত কেবল খাদ্য বিক্রয়/সরবরাহ (সরাসরি/অনলাইন) করা যাবে। শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে।

৮. কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। বাজার কর্তৃপক্ষ/স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।

৯. বোরো ধান কাটার জরুরি প্রয়োজনে কৃষি শ্রমিক পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সমন্বয় করবে।

১০. সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন উল্লিখিত নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে।

১১. স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তার পক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা দেবেন।

১২. স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবি নামাজের জমায়েত বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।

১৩. এসব নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ প্রয়োজনে সম্পূরক নির্দেশনা জারি করতে পারে।

এছাড়া সর্বাত্মক লকডাউনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে ‘মুভমেন্ট পাস’ দিতে পুলিশ মঙ্গলবার বিশেষ অ্যাপ চালু করেছে। প্রথম দিনে এই পাস দেয়া হয়েছে ৩০ হাজার মানুষকে।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় এর আগে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত লকডাউন বা বিধিনিষেধ ছিল। তবে গণপরিবহন, মার্কেট খোলা রেখে এই লকডাউন ছিল অনেকটাই অকার্যকর। এরপরই স্বাস্থ্যবিষয়ক কমিটির পরামর্শ মেনে সর্বাত্মক লকডাউন জারি করল সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest