সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মুদি ও চায়ের দোকানে অগ্নিসংযোগের অভিযোগডিবিসি নিউজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ: ডিবি হেফাজতে ইকবাল সোবহানভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদ

কাল থেকে দোকানপাট ও শপিংমল খুলছে

দেশের খবর : আগামীকাল শুক্রবার থেকে ১৩ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খুলছে শপিংমল ও দোকানপাট।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট।

তবে স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকার সারা দেশে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ জারি করে গত ৪ এপ্রিল। এরপর থেকে শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ শুরু করেন ব্যবসায়ীরা।

স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকাপাট খুলে দেওয়ার দাবিতে আজও রাজধানীর উত্তরায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবাসায়ীরা। গতকাল বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, করোনায় প্রথম ধাপের ‘লকডাউনে’ অর্থনৈতিকভাবে মার্কেট ও শপিংমলের ব্যবসায়ীদের মেরুদণ্ড ভেঙে পড়েছে। তখন ক্ষতি হয়েছে প্রতিদিন প্রায় ১ হাজার ৭৪ কোটি টাকা।

এ অবস্থায় করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশের সবকিছু খোলা থাকলেও মার্কেট ও শপিংমল কেন বন্ধ রাখা হয়েছে-এমন প্রশ্ন ব্যবসায়ী নেতাদের।

দুই ঈদ ও বৈশাখকে সামনে রেখে ব্যবসা বন্ধ থাকায় পথে বসার উপক্রম লাখ লাখ ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের।

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি চেয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

ব্যবসায়ীদের চলমান বিক্ষোভের মধ্যেই আজ শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানালো সরকার।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতীয় সেনাপ্রধান ঢাকায়

অনলাইন ডেস্ক : ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে ঢাকা পৌঁছেছেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে ঢাকা এসেছেন তিনি। মনোজ মুকুন্দ নরভানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী শ্রীমতী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

মনোজ মুকুন্দ নরভানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী শ্রীমতী বীণা নরভানে এবং দুই সদস্যের একটি প্রতিনিধিদল।

ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সফরকালে বাংলাদেশ সেনা, নৌ ও ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় সেনাপ্রধান। তিনি বাংলাদেশের বিভিন্ন সামরিক ঘাঁটিও পরিদর্শন করবেন।

এছাড়া ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধা জানাবেন ভারতীয় সেনাপ্রধান।

অপরদিকে জাতিসংঘের শান্তির সমর্থনে অপারেশন সম্পর্কিত সেমিনারে অভিজ্ঞতা বিনিময় করবেন তিনি। যৌথ সামরিক অনুশীলন-শান্তির অগ্রসেনার সমাপনী অনুশীলন, হার্ডওয়্যার প্রদর্শনী এবং সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।

ভারতীয় হাইকমিশন জানায়, এই সফর দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রফিকুল মাদানী ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে

অনলাইন ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন গাজীপুরের একটি আদালত। এর আগে তাঁর বিরুদ্ধে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানায় মামলা করা হয়। এরপর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক মো. শরিফুল ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে বুধবার রফিকুল ইসলাম মাদানীকে নেত্রকোনা থেকে আটক করে র‍্যাব।

জিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, বৃহস্পতিবার সকালে র‌্যাব-১-এর নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে গাছা থানায় বিতর্কিত বক্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের আদালতে আজ সকালে তাঁকে হাজির করা হয়। আদালতের রায় অনুযায়ী রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে পাঠায় পুলিশ।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বুধবার বলেছিলেন, ‘বুধবার (গতকাল) নেত্রকোনার পূর্বধলা উপজেলা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়।’

খন্দকার আল মঈন আরও বলেন, ‘রফিকুল ইসলাম মাদানী নানা সময়ে বিভিন্ন বিষয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে থাকেন। তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। শুধু তাই নয়, তিনি রাষ্ট্রবিরোধী নানা উসকানিমূলক কথাবার্তা বলেন। এতে জনমনে ভীতির সঞ্চার হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে।’

র‍্যাবের কর্মকর্তা বলেন, ‘শিশুবক্তার এসব ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’

নেত্রকোনা জেলার বাসিন্দা রফিকুল ইসলাম ধর্মীয় বক্তা হিসেবে জনপ্রিয়। বয়সে যুবক হলেও শারীরিক গঠনের কারণে লোকজন তাঁকে ‘শিশুবক্তা’ বলে অভিহিত করে থাকেন। যদিও এই নাম নিয়ে তিনি নিজেও অনেক সময় আপত্তি করেছেন।

এর আগে গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে রাজধানীর মতিঝিল এলাকায় বিক্ষোভ চলাকালে রফিকুল ইসলাম মাদানীসহ ১১ জনকে আটক করা হয়। কয়েক ঘণ্টা আটকে রেখে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতল পাকিস্তান

খেলার খবর : সিরিজে বাঁচা-মরার ম্যাচে নেই দলের গুরুত্বপূর্ণ তারকারা। ভারতে আইপিএল খেলতে উড়াল দিয়েছেন কাগিসো রাবাদা, আনরিক নরকিয়া, লুঙ্গি এনগিডি, কুইন্টন ডি ককরা। তারকাদের ছাড়া পেরে ওঠেনি দক্ষিণ আফ্রিকাও। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে হেরেছে প্রোটিয়ারা।

গতকাল বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল বাবর আজমের দল।

সেঞ্চুরিয়নে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩২০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। এই ম্যাচেও সেঞ্চুরি পেয়েছেন ফখর জামান। টানা দ্বিতীয় সেঞ্চুরি পাওয়া ফখর খেলেছেন ১০১ রানের ইনিংস। ১০৪ বলে তাঁর ইনিংসে ছিল ৯ বাউন্ডারি ও তিন ছক্কা। সঙ্গে ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন অধিনায়ক বাবর আজম। ৮২ বলে তাঁর ইনিংস সাজানো ছিল সাত বাউন্ডারি ও তিন ছক্কা দিয়ে। এ ছাড়া ৫৭ রান করেছেন ওপেনার ইমামুল হক। ৩২ রান করেছেন হাসান আলি।

জবাব দিতে নেমে লড়াই জমিয়ে তুলেও পারেনি দক্ষিণ আফ্রিকা। ৪৯.৩ ওভারে অলআউট হয় প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন ইয়ানেমান মালান। এ ছাড়া ৬২ রান করেন ভেরেইন ও ৫৪ রান করেন ফেলুকওয়ায়ো। তাদের শতরানের জুটিতে লড়াইয়ে ফিরে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত পারেনি স্বাগতিকেরা। ২৯২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ৫০ ওভারে ৩২০/৭ (ইমাম ৫৭, ফখর ১০১, বাবর ৯৪, রিজওয়ান ২, সরফরাজ ১৩, ফাহিম ১, নওয়াজ ৪, হাসান ৩২; মারক্রাম ১০-০-৪৮-২, হেনড্রিকস ৭-০-৩৮-০, সিপামলা ৬-০-৫০-০, ডুপাভিলন ৫-০-৩০-০, ফেলুকওয়ায়ো ৪-০-৩৭-১, মহারাজ ১০-১-৪৫-৩, স্মাটস ৮-০-৬৭-১)।

দক্ষিণ আফ্রিকা : ৪৯.৩ ওভারে ২৯২ (মালান ৭০, মারক্রাম ১৮, স্মাটস ১৭, বাভুমা ২০, ভেরেইন ৬২, ক্লাসেন ৪, ফেলুকওয়ায়ো ৫৪, মহারাজ ৫, হেনড্রিকস ১, সিপামলা ৪*, ডুপাভিলন ১৭; আফ্রিদি ৯.৩-০-৫৮-৩, হাসান ১০-০-৭৬-১, রউফ ৯-১-৪৫-২, উসমান ৯-০-৪৮-১, নওয়াজ ৭-০-৩৪-৩, ফাহিম ৫-০-৩০-০)।

ফল : পাকিস্তান ২৮ রানে জয়ী।

সিরিজ : ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান।

ম্যান অব দ্য ম্যাচ : বাবর আজম।

ম্যান অব দ্য সিরিজ : ফখর জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মানুষ বাঁচাতে আরো কঠোর পদক্ষেপ নেবে সরকার : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস থেকে মানুষকে বাঁচানোর জন্য ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপ নিবে সরকার।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের ৭১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভবিষ্যতে কঠোর পদক্ষেপ নিতে হবে, মানুষকে বাঁচানোর জন্য। আপনারাও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলবেন। সবাইকে উৎসাহিত করবেন। মাস্ক পরবেন। ঘরে ফিরে গরম পানির ভাপ নেবেন। গড়গড়া করবেন।

বিসিএস কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের সুপারিশ পেয়েছি। ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবো। আপনাদের ওপরই ওই দায়িত্ব পড়বে। ৪১-এ উন্নত বাংলাদেশ গড়ার মূল সৈনিক আপনারা। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করতে হবে।

তিনি বলেন, মনে রাখতে হবে- আমরা বাঙালি, আমাদের মর্যাদার সঙ্গে দাঁড়াতে হবে। এজন্য মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে আপনাদের কাজ করতে হবে। জনগণ প্রজাতন্ত্রের মালিক, সেটা মাথায় রেখে তাদের সেবা দিবেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২০-২১ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এ উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছিলাম। করোনার কারণে অনেক কিছু করতে পারিনি। তবে সব ভূমিহীন ও গৃহহীনকে ঘর দিচ্ছি, কেউ যেন বাদ না যায় সবাই এদিকে নজর দিন। গ্রামে শহরের সেবা দেব, এটা নিশ্চিত করতে চাই। এজন্য মাঠ প্রশাসনের সবাই আমাকে সহযোগিতা করছেন, কাজ করছেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানাই।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণমুখী প্রশাসন করতে নানা কার্যকর উদ্যোগ নিয়েছি। উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণের জন্য ফেলোশিপ বৃত্তি প্রদানসহ সব পদক্ষেপ নেয়া হয়েছে। বিজ্ঞানের নতুন প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণকে গুরুত্ব দিচ্ছি। অবশ্য নতুন প্রজন্ম প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে তাদের চিন্তা-ভাবনা ও শিক্ষায় অন্যান্যদের চেয়ে অগ্রগামী।

‘স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া, শিক্ষায় গুরুত্ব দেয়া এবং মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই’ যোগ করেন সরকার প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, এটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক যে, করোনার কারণে আমি শারীরিকভাবে এ অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি। ডিজিটাল বাংলাদেশ গঠন করেছি, যার কল্যাণে ভার্চুয়ালি আপনাদের সঙ্গে যুক্ত আছি।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কোর্সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

বিদেশের খবর : কোভিড-১৯ এ বিপর্যস্ত ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সোয়া লাখের বেশি আক্রান্ত হয়েছেন। যা দৈনিক সংক্রমণে বিশ্বে নতুন মাইলফলক। এক বছরেরও বেশি সময় ধরে চলমান এই মহামারিতে বিশ্বের কোনো দেশে একদিনে এত সংখ্যক মানুষের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েনি এর আগে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৭৮৯ জন। মারা গেছেন ৬৮৫ জন।

গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণের পরিসংখ্যান আগের দিনের রেকর্ডকে ছাড়িয়ে গেল। বুধবার ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জনের দেহে করোনাভাইরাস পাওয়ার কথা জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আর মৃত্যু হয়েছিল ৬৩০ জনের, যা নভেম্বরের পর দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। নতুন মারা যাওয়া ৬৮৫ জন নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়ালো ১ লাখ ৬৬ হাজার ৮৬২ জনে।

এসব পরিসংখ্যান ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কার ভয়াবহতাকে সামনে আনছে। নতুন সোয়া লাখ আক্রান্ত নিয়ে এ পর্যন্ত ভারতে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ কোটি ২৯ লাখ ৫৭৪ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৩৯৩ জন। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর এটিই সর্বোচ্চ শনাক্ত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
এমবাপ্পে-নেইমারের নৈপুণ্যে বায়ার্নকে ঘরের মাঠে হারালো পিএসজি

খেলার খবর : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলায় বুধবার রাতে কোয়ার্টার ফাইনালপর্বের প্রথম লেগের ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে গত আসরের প্রতিশোধই নিল পিএসজি। আগের মৌসুমের ফাইনালে বায়ার্নের কাছে হেরেই শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল ফ্রেঞ্চ জায়ান্টদের।

ম্যাচে পিএসজির হয়ে জোড়া গোল করেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এছাড়া একটি গোল করেন মার্কিনিয়োস। আর বায়ার্নের হয়ে একটি করে গোল করেছেন টমাস মুলার ও চুপো মোটিং। এ জয়ের ফলে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল টমাস টুখেলের শিষ্যরা। এদিকে সেরা চারে উঠতে হলে দ্বিতীয় লেগে পিএসজির মাটিতে দুই গোল ব্যবধানে জিততে হবে জার্মান জায়ান্টদের।

বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের ভুলে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ডানদিক থেকে নেয়া এমবাপের শট নয়্যারের গ্লাভস গলে জড়িয়ে যায় জালে। গুরুত্বপূর্ণ ম্যাচে লিড পায় পিএসজি। ২৮তম মিনিটে তার উঁচু করে বাড়ানো বল বাঁ পায়ে নিয়ন্ত্রণে নিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিয়োস। ৩৭তম মিনিটে সাবেক দলের জালে বল পাঠান চুপো মোটিং। ফরাসি ডিফেন্ডার পাভার্দের ডান দিক থেকে বাড়ানো ক্রসে লাফিয়ে জোরালো হেডে গোলরক্ষককে পরাস্ত করেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড। ফলে ব্যবধান দাঁড়ায় ২-১।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে নেইমারের কাছ থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন ন্যুয়ার। দুই মিনিট পর পাভার্দের শট ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন নাভাস। তবে বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেনি পিএসজি। ৬০তম মিনিটে ডান দিক থেকে জশুয়া কিমিচের ফ্রি কিকে চোখের পলকে এগিয়ে গিয়ে লাফিয়ে হেডে স্কোরলাইন ২-২ করেন মুলার। ৬৮তম মিনিটে আবারও দলকে এগিয়ে নেন এমবাপে। আনহেল দি মারিয়ার পাস ডি-বক্সে পেয়ে জায়গা বানিয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ধর্ষণের জন্য নারীর পোশাককে দায়ী করে তোপের মুখে ইমরান খান

অনলাইন ডেস্ক : পাকিস্তানে ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য নারীদের পোশাককে দায়ী করে তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সমালোচকেরা বলছেন, ইমরানের এমন মন্তব্য ‘বিস্ময়কর মূর্খতা’র নামান্তর। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য উঠে এসেছে।

সম্প্রতি পাকিস্তানের টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান ধর্ষণ বেড়ে যাওয়ার জন্য অশ্লীলতা ও নারীদের খোলামেলা পোশাককে দায়ী করেন।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ওই সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী নারীদের শালীন পোশাক পরার পরামর্শও দেন। তিনি বলেন, পর্দা করার সারবস্তুই হলো আকর্ষণ করা থেকে বিরত থাকা। নিজেকে বিরত রাখার ইচ্ছাশক্তি সবার নেই। সবাইকে পর্দা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে সমাজে অশ্লীলতার প্রচলন আছে, সেখানে তার পরিণতিও রয়েছে

ইমরান খানের ওই মন্তব্যের পর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন অধিকার সংগঠন।

মানবাধিকার সংগঠনগুলো বলেছে, প্রধানমন্ত্রী ‘ধর্ষণ কে ক্ষমার চোখে’ দেখতে চাচ্ছেন। নিজের মন্তব্যের জন্য তারা ইমরান খানকে ক্ষমা চাইতে বলেছেন এবং এ দাবির পক্ষে কয়েকশ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে।
বুধবার দেশটির বহু বিখ্যাত ব্যক্তি এক বিবৃতিতে ইমরান খানের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। ওই বিবৃতিতে ইমরান খানের মন্তব্যকে ‘ত্রুটিপূর্ণ, রূঢ় ও বিপজ্জনক’ বলে আখ্যায়িত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ধর্ষণের ঘটনার অপরাধ কেবলমাত্র ধর্ষকের ওপরই বর্তায় এবং (ইমরান খানের মন্তব্যের মতো) বক্তব্যের সংস্কৃতি ধর্ষককে উৎসাহিত করে।

এর আগে হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান মঙ্গলবার মন্তব্য করে, ইমরান খানের মন্তব্যে তারা ‘হতভম্ব’ হয়েছে।

বিবিসি জানায়, টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত দুই ঘণ্টার ওই প্রশ্ন-উত্তর পর্বে ইমরান খানকে জিজ্ঞাসা করা হয়েছিল, যৌন নিপীড়ন বন্ধে তার সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে?

উত্তরে তিনি প্রথমে নারী ও শিশুদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের নিন্দা করেন। একপর্যায়ে বলেন, ‘অশ্লীলতা বেড়ে যাওয়ার’ ফল হচ্ছে যৌন নৃশংসতা। এজন্য তিনি ভারত, পশ্চিমা ও হলিউডের সিনেমাকে দায়ী করেন।

এ সময় এক ব্যক্তি তাকে প্রশ্ন করেন, দেশটিতে ধর্ষণ ও যৌন সহিংসতা, বিশেষ করে শিশুদের ওপর যৌন হয়রানি বেড়ে যাওয়ার বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে সরকার।

জবাবে ইমরান খান বলেন, কিছু লড়াইয়ে সরকার ও আইন একা জিততে পারে না। এতে সমাজেরও অংশগ্রহণ দরকার। তার কথায়, ‘ফাহশি’ (অশ্লীলতা) থেকে নিজেদের রক্ষা করা সমাজের জন্যেও গুরুত্বপূর্ণ।

সাবেক কিংবদন্তি ক্রিকেটার বলেন, ধর্ষণ ও যৌন সহিংসতার যতগুলো ঘটনা গণমাধ্যমে আসে, সেগুলো প্রকৃত সংখ্যার এক শতাংশ মাত্র।

তিনি বলেন, সমাজে নির্লজ্জতার কারণে আজকাল বিয়ে-বিচ্ছেদের হার ৭০ শতাংশ বেড়ে গেছে। তিনি বলেন, ইসলামে পর্দাপ্রথার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ‘প্রলোভনকে আটকে রাখা’। সমাজে অনেকে রয়েছে, যারা ইচ্ছাশক্তি দমিয়ে রাখতে পারে না। এর কিছু প্রভাব তো পড়বেই!

বলেন, পাকিস্তানের নারীদের উচিত প্রলোভন প্রতিরোধ করা। কারণ, সবার নিজেকে সংবরণ করার ইচ্ছাশক্তি থাকে না। তাই নারীদের পর্দা করা উচিত।

ইমরান খানের ওই মন্তব্যের পর সামজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।
নারীদের নিরাপত্তা ও সমতার বিচারে বিশ্বের সবথেকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি পাকিস্তান।
সেখানে তথাকথিত ‘অনার কিলিং’ এর নামে পরিবারের সদস্যরাই নারীদের নির্যাতন, ধর্ষণ এমনকি হত্যাও করে।

গত বছর এক নারী রাতে এক পেট্রোল পাম্পে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। নিজের সন্তানদের সামনে ধর্ষণের শিকার হওয়া ওই নারীকে এক পুলিশ কর্মকর্তা রাতে কোনো পুরুষ সঙ্গী ছাড়া বাইরে বের হওয়ার কারণে ভর্ৎসনা করলে দেশজুড়ে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ।

পাকিস্তানের সরকারি হিসাব অনুসারে, দেশটিতে প্রতিদিন অন্তত ১১টি ধর্ষণের ঘটনার খবর পাওয়া যায়। সেখানে গত ছয় বছরে ২২ হাজারের বেশি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। এর মধ্যে সাজা হয়েছে মাত্র ৭৭ জন অভিযুক্তের।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest