সর্বশেষ সংবাদ-
আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভাসাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলনচৈতালী মুখার্জির কণ্ঠে কালজয়ী গানের মূর্ছনা, মুগ্ধ বিশ্বসাহিত্য কেন্দ্রউপজেলা সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের সমন্বয় সভাশ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যুসাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্রতালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি : ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবিশ্যামনগরে ১৫ পরিবার পেল ছাগল, ১৫ পরিবার পেল সেলাই মেশিনটেকসই বেড়িবাঁধ ও চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর

বিয়ে লুকানো গেলেও মা হওয়া লুকানো যায় না

ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম, বিয়ের খবর কারও অজানা নয়। সম্প্রতি গুজব রটে, শিগগিরই মা হচ্ছেন বিরাট-পত্নী আনুশকা শর্মা। তবে ‘রাবনে বানাদি জুরি’ খ্যাত এই অভিনেত্রী মা হওয়ার খবর হেসে উড়িয়ে দিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, রেড চিলিজ প্রযোজিত ‘জিরো’র পর আর কোনও ছবিতে এখন পর্যন্ত চুক্তি করেননি আনুশকা। যার কারণে খুব একটা ব্যস্ততা নেই এই অভিনেত্রীর।

আনুশকার এই অবসর নিয়েই বলাবলি করছেন অনেকে। তাদের প্রশ্ন সন্তানসম্ভবা হওয়াতেই কি ছবিতে কাজ করছেন না আনুশকা? এ নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যেমে একাধিক খবরও প্রকাশিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুশকার ছবি নিয়ে ‘গবেষণা’য় নেমে পড়েন অনেকে। তবে মা হওয়ার খবরকে ‘হাস্যকর’ বলেই উড়িয়ে দিয়েছেন আনুশকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আনুশকা বলেন, ‘সবাইকে বোঝা দরকার, কোন মেয়ে তার বিয়ে লুকাতে পারে, কিন্তু সন্তানসম্ভবা হওয়া নয়। আমি ভেবে অবাক হই, এমন সব খবর কোথা থেকে আসে, কীভাবেই বা তৈরি হয়।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় ২৬তম শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর তালিকায় চার ধাপ এগিয়েছেন। ২০১৮ সালের বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস। সেই তালিকায় ২৬তম স্থানে আছেন শেখ হাসিনা। আগের বছর একই জরিপে ৩০তম অবস্থানে ছিলেন তিনি।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ফোর্বস ম্যাগাজিন তাদের সর্বশেষ তালিকা প্রকাশ করে। সেই তালিকায় বরাবরের মতো শীর্ষস্থানটি ধরে রেখেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল। তবে এই প্রথমবার তালিকায় ঠাঁই মেলেনি যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের। প্রতি বছরই বিশ্বের ১০০ ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস। এর আগে ২০১৬ সালে ৩৬ ও ২০১৫ সালে ৫৯তম স্থানে ছিলেন তিনি।
বরাবরের মতো তালিকার শীর্ষস্থান ধরে রাখা অ্যাঙ্গেলা মারকেলের টানা দখলে এই স্থানটি সেই ২০১১ সাল থেকে। অবশ্য মাঝের ২০১০ সাল বাদে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত শীর্ষস্থানটি তারই ছিল।

অ্যাঙ্গেলা মারকেলের পরের অবস্থানে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। তারপর তৃতীয় স্থানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল – আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিন লাগার্দে, চতুর্থ যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের চেয়ারপারসন ও প্রধান নির্বাহী মেরি বারা এবং পঞ্চম স্থানে ফিডেলিটি ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাবিগেইল জনসন।

এছাড়াও ক্ষমতাধরদের এই তালিকায় ২৩তম স্থানে আছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯২ বছর বয়সী রানি তালিকার সবচেয়ে বেশি বয়সী। তার পরের স্থান দখল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ও উপদেষ্টা ইভানকা ট্রাম্প। সম্প্রতি মা হওয়া নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আছেন তালিকার ২৯তম স্থানে।

বিনোদন জগতের মধ্যে মার্কিন সঙ্গীতশিল্পী টেইলর সুইফট রয়েছেন ৬৮তম স্থানে। তালিকার সবচেয়ে কমবয়সীও তিনি। সদ্যই বিয়ের পিঁড়িতে বসা বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়ার আছেন ৯৪তে। একমাত্র খেলোয়াড় হিসেবে টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের অবস্থান ৭৯। তবে এবারের তালিকায় সবচেয়ে অবাক করা ঘটনা যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্থান না পাওয়া। ২০০৪ সালের পর এই প্রথম তালিকার বাইরে সাবেক ফার্স্ট লেডি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিয়ের পরই ‘শীর্ষে’ দীপিকা!

সম্প্রতি ধুমধাম করে বিয়ে করলেন বলিউডের জনপ্রিয়তা তারকা জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। আর বিয়ের পরই নতুন সুসংবাদ পেলেন দীপিকা। বলিউডের সকল অভিনেত্রীকে পেছনে ফেলে তিনি উঠে এসেছেন শীর্ষে।

ভারতের শোবিজ অঙ্গনের সবচেয়ে ধনী তারকাদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ইন্ডিয়া। বার্ষিক এ জরিপে শীর্ষ চারে উঠে এসেছেন তিনি। তবে অভিনেত্রীদের মধ্যে তিনিই শীর্ষে।
জরিপের তথ্যমতে, চলতি বছরে ১১২.৮০ কোটি রুপি আয় করেছেন দীপিকা পাড়ুকোন। ২০১২ সালে শুরু হওয়া এ জরিপে প্রথম নারী হিসেবে শীর্ষ পাঁচে জায়গা করে নিলেন পদ্মাবত অভিনেত্রী।

দীপিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা পদ্মাবত। সিনেমাটি নিয়ে নানা জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত চলতি বছর জানুয়ারিতে মুক্তি পায় এটি। দর্শক ও সমালোচকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও ভালো ব্যবসা করে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত পদ্মাবত, যা দীপিকার চলতি বছর আয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। এছাড়া বিভিন্ন ব্যান্ডের প্রতিনিধি হিসেবে কাজ করেন এ অভিনেত্রী।

এদিকে সম্প্রতি অভিনেতা রণবীর সিংকে বিয়ে করেছেন দীপিকা। ইতালির লেক কোমোতে গত ১৪ ও ১৫ নভেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। ফোর্বসের এ তালিকায় রণবীর রয়েছেন অষ্টম স্থানে। চলতি বছর তার আয় ৮৪.৬৭ কোটি রুপি।

গত বছর ১ অক্টোবর থেকে চলতি বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তারকাদের আয় হিসাব করে এ তালিকা প্রকাশ করেছে ফোর্বস। ২০১৮ সালে শীর্ষ এক শ তারকার মোট আয় ৩১৪০.২৫ কোটি রুপি, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। গত বছর শীর্ষ এক শ তারকার আয়ের পরিমাণ ছিল ২৬৮৩ কোটি রুপি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
লাঙ্গলের চূড়ান্ত মনোনয়ন দেয়ার ক্ষমতা পেলেন রাঙ্গাঁ

রাজনীতির খবর: জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ক্ষমতা নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁকে দিয়েছেন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে তাকে নতুন মহাসচিব ঘোষণার পর দলীয় একাধিক প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন নিয়ে জটিলতা তৈরির প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বুধবার ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির মনোনয়নপত্রে এখন থেকে স্বাক্ষর করবেন মসিউর রহমান রাঙ্গাঁ। এ বিষয়ে ইসিতে আবেদন করেছে দলটি। আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলটির ‘চূড়ান্ত মনোনয়ন ও প্রতীক বরাদ্দে’ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নতুন তালিকা পাওয়ার কথা জানিয়ে ইসির উপসচিব আব্দুল হালিম খান সাংবাদিকদের বলেন, এর ফলে আগের মহাসচিবের চূড়ান্ত মনোনয়নের ক্ষমতা আর থাকছে না। জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁকে ক্ষমতা দিয়ে নতুন চিঠিটি কমিশনের বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে। যথাসময়ে রিটার্নিং কর্মকর্তাদের তা জানানো হবে।

মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ সাংবাদিকদের জানান, তাকে চূড়ান্ত মনোনয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। বুধবার সকালে এ-সংক্রান্ত চিঠি ইসিতে পাঠানো হয়।

২৬ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ইসিতে লেখা চিঠিতে জানিয়েছিলেন, দলীয় মনোনয়ন ও প্রতীক বরাদ্দের বিষয়ে মহাসচিব (তৎকালীন) হাওলাদারই তার দলের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি।

তারপর ২৮ নভেম্বর পর্যন্ত হাওলাদারের প্রত্যয়নেই রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন লাঙ্গল প্রতীকের ২৩৩ প্রার্থী। এর মধ্যেই মনোনয়ন বাণিজ্যের অভিযোগ ওঠার পর হাওলাদারকে মহাসচিবের পদ থেকে সরিয়ে প্রেসিডিয়াম সদস্য করা হয়। প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাঁকে সোমবার মহাসচিব পদে বসান এরশাদ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিকারুননিসায় অরিত্রীর শ্রেণিশিক্ষক হাসনা হেনা গ্রেফতার

দেশের খবর: আত্মহত্যায় প্ররোচনার মামলার পর মন্ত্রণালয়ের নির্দেশে অরিত্রী অধিকারীর শ্রেণিশিক্ষক হাসনা হেনাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার রাতে রাজধানীর উত্তরা থেকে ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের এই শিক্ষককে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এম আতিকুল ইসলাম।

অরিত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বাবা দিলীপ অধিকারীর মামলায় এই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আতিক।

মঙ্গলবার রাতে পল্টন থানায় করা ওই মামলায় হাসনা হেনার পাশাপাশি রাজধানীর নামি ওই বিদ্যালয়ের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার প্রধান জিনাত আখতারকেও আসামি করা হয়।

নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যার পর সহপাঠি ও অভিভাবকদের বিক্ষোভের মুখে শিক্ষা মন্ত্রণালয় আসামি তিন শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বুধবার র‌্যাব ও পুলিশকে চিঠি দেয়।

এর মধ্যে সন্ধ্যায় মামলাটির তদন্তভার পেয়ে তৎপর হয় গোয়েন্দা পুলিশ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীনসহ অন্য দুই শিক্ষককে খোঁজা হচ্ছে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) আব্দুল বাতেন জানিয়েছিলেন।

তিনি সন্ধ্যায় বলেছিলেন, “আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলে আশা করা হচ্ছে।”

মামলা হওয়ার পর বুধবার দিনভর স্কুলে দেখা যায়নি ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীনসহ অন্য তিন শিক্ষককে; শিক্ষার্থীদের বিক্ষোভ চললেও আগের দিন স্কুলে ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

মামলা দায়েরের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন মঙ্গলবার রাতে বলেছিলেন, “শুনেছি আমাকেসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।”

মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার সন্ধ্যায় ভিকারুননিসা স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদ জরুরি সভায় বসে তিন শিক্ষককে বরখাস্ত করেন। তার আগে মন্ত্রণালয় ওই তিন শিক্ষকের এমপিও বাতিল করে।

নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী গত সোমবার আত্মহত্যা করার পর থেকে উত্তেজনা চলছে রাজধানীর নামি এই শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষার্থী ও অভিভাবকরা নানা অভিযোগ তুলে বিক্ষোভ করছেন।

গত রোববার বার্ষিক পরীক্ষা চলার সময় মোবাইল ফোনে নকল করার সময় অরিত্রী ধরা পড়েন বলে স্কুল কর্তৃপক্ষের দাবি। ওই ঘটনার পরদিন তার বাবা-মাকে ডেকে নেওয়া হয়।

তখন অরিত্রীর সামনে তার বাবা-মাকে অপমান করা হয় বলে অভিযোগ উঠেছে। এরপরই ঘরে ফিরে আত্মহত্যা করেন এই কিশোরী।

মঙ্গলবার শিক্ষার্থীরা ফুঁসে উঠলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজে যান ভিকারুননিসায়; দুটি তদন্ত কমিটি করা হয়। একটির প্রতিবেদনে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে শিক্ষামন্ত্রী বুধবার জানান।

দিলীপ তার মেয়ের বিরুদ্ধে স্কুল কর্তৃপক্ষের তোলা নকলের অভিযোগ অস্বীকার করেছেন, তবে স্বীকার করেন যে তা মেয়ে মোবাইল নিয়ে স্কুলে গিয়েছিল।

মামলার এজাহারে বলা হয়, অরিত্রী অধ্যক্ষের পা ধরে মাফ চাইলেও তাকে ক্ষমা করা হয়নি, তার বাবা-মা করজোড়ে ক্ষমা চাইলেও তাদের কথাও শোনা হয়নি।

দিলীপ মামলায় বলেছেন, শিক্ষকদের ‘নির্মম আচরণে’ মর্মাহত হয়ে অরিত্রী আত্মহত্যায় বাধ্য হয়। একই সাথে শিক্ষকদের ‘নির্দয় ব্যবহার ও অশিক্ষকসুলভ আচরণ’ অরিত্রীকে আত্মহত্যায় প্ররোচিত করেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘নির্বাচন সুষ্ঠু না হলে সব অর্জন ম্লান হতে পারে’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে রাজনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও নির্বাচন পর্যবেক্ষকদের কথা শুনলেন কয়েকটি দেশের কূটনীতিকরা।

বুধবার কানাডা, নির্বাচন ও রাজনীতি পর্যবেক্ষণ সংক্রান্ত দুটি বিদেশি সংস্থার (আইআইডি ও এনডিআই) উদ্যোগে গুলশানের একটি হোটেলে মতবিনিময় সভায় অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, নরওয়ে, জাপানের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ মতবিনিময় হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এখনও অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। জবাবে আওয়ামী লীগ প্রতিনিধিরা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে কিছু সমস্যা আছে। আমরা তা কাটিয়ে উঠার চেষ্টা করছি।

বৈঠকে নির্বাচন পর্যবেক্ষকরা বলেছেন, বিগত সিটি নির্বাচনের মতো সংসদ নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়। নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে সব দলকে সহযোগিতা করতে হবে। বৈঠকের বিষয় নিয়ে কূটনীতিকরা কিছু বলেননি।

কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও গওহর রিজভী, আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন। এছাড়া সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন, নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ব্রতীর শারমিন মুরশিদ, সুজনের ড. বদিউল আলম মজমুদারসহ বিভিন্ন নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক শৈষে এইচটি ইমাম সাংবাদিকদের বলেন, একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনের জন্য সব কিছু করেছেন। কিছু বিষয়ে সমস্যা আছে। তা সমাধানের চেষ্টা করছি। শুধু ইসিকে গালাগাল না করে সহযোগিতা করতে হবে সব রাজনৈতিক দল ও গণমাধ্যমকে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখানে মূলত নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার জন্য যা যা প্রয়োজন তা বলেছি আমরা। বর্তমান যে প্রেক্ষাপট তাতে লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া সত্ত্বেও আমরা নির্বাচনে এসেছি। নির্বাচনে আসার পর দেখছি আমাদের জার্নি হচ্ছে লং, হিল জার্নি, আমরা আরও নিচের দিকে যাচ্ছি।

আমরা আশা করি, বাকি দিনগুলোতে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। এ পর্যন্ত জনগণের কোনো আস্থা সৃষ্টি হয়নি। বস্তুতপক্ষে নির্বাচনটি আগেই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে এবং এ থেকে যদি বেরিয়ে আসতে চান তাহলে তাদের প্রমাণ করতে হবে তারা একটি নিরপেক্ষ নির্বাচন চান। নাহলে প্রশ্নবিদ্ধ নির্বাচন আরও ‘খারাপ’র দিকে যেতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, নির্বাচনটা কিভাবে আরও ভালো করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের বক্তব্য হল- গত ১০ বছরে ও তারও আগে ২০০৭-০৮ সালে নির্বাচনী পুরো প্রক্রিয়ায় যে ধরনের সংস্কার করা হয়েছে, যার প্রত্যেকটি ছিল আওয়ামী লীগের উদ্যোগ। আজ একটা সিস্টেম দাঁড়িয়েছে, যার মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। শুধু অভিযোগের জন্য অভিযোগ না করে তথ্য-প্রমাণের ভিত্তিতে যেন তা করা হয়। কূটনীতিকদের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে দীপু মনি বলেন, ভেতরে আলোচনার কথা এখানে বলার কথা নয়। তবে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য যে ভালো পরিবেশ তৈরি হচ্ছে সেটিকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব) এম সাখাওয়াত হোসেন বলেন, এখানে যে জিনিসটা উঠে এসেছে, আগামী নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় দেশে-বিদেশে যদি দৃশ্যমান ফ্রি-ফেয়ার ইলেকশন না দেখা যায়, যেটার এখন কিছু আলামত দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায়। এগুলো তারা পর্যবেক্ষণ করছেন। এটা হয়তো বাংলাদেশে এ পর্যন্ত যেসব অর্জন আছে, খুব ভালো ভালো অর্জন আছে তা ম্লান করতে পারে। সেটাই হল তাদের ধারণা। যেটা আলোচনায় উঠে এসেছে। এটুকুই আমি বুঝতে পেরেছি।

বদিউল আলম মজুমদার বলেন, বিগত পাঁচটি সিটি কর্পোরেশনে নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন যেন সেরকম না হয় সেটাই আমাদের প্রত্যাশা।

ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ বলেন, আমরা আগামী দিনের দিকে তাকাতে চাই। আমরা মনে করি যে, রাজনৈতিক দলগুলো যেন একটু সহনশীল হয়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা গুরুত্বপূর্ণ। সেই ভূমিকাটা শক্ত করার জন্য সরকারি দল কমিশন থেকে দূরত্ব বজায় রাখবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আ’লীগ নেতার নাম ও ছবি ব্যবহার ফেসবুক আইডি খুলে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
ব্রহ্মরাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের নাম ও ছবি ব্যবহার করে ভূয়া ফেসবুক আইডি খুলে হয়রানির অভিযোগ উঠেছে। এঘটনায় আইনগত সহায়তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন ভূক্ত আবু ছালেক। তিনি ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
ভুক্তভোগী আবু ছালেক জানান, সম্প্রতি একটি প্রতারক চক্র তার ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন পরিচিত ও অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এছাড়া অশ্লীল ছবি ও স্ট্যাটাস দিয়ে হয়রানির পায়তারা চালাচ্ছে। তিনি ওই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আশাশুনিতে নির্বাচন বিষয়ে আইন শৃংখলা বিষয়ক সভা

আশাশুনি ব্যুরো: একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আশাশুনিতে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা ও বিজিবি সদস্যদের মধ্যে আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, বিজিবি-১৭ এর সিইও, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হক, নির্বাচন অফিসার সাইফুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনের জন্য নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রের অবস্থা, আইন শৃংখলা রক্ষার্থে করনীয়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest