সর্বশেষ সংবাদ-
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী -ব্লাকমেইল-আলোচিত মামুন গ্রেফতারশ্যামনগরে অনলাইন জুয়া চক্রের মূল হোতা আটক: ‌দুটি মোবাইল জব্দসাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন১২ কেজি এলপিজি সিলিন্ডারে এবার দাম বাড়ল ২২৩ টাকাসাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের বিরোধের মীমাংসাবীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা: সাতক্ষীরায় মানববন্ধনশ্যামনগরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক নিহততালায় উপজেলার শ্রেষ্ঠ সংগঠক নির্বাচিত তরুণ সমাজকর্মী এস. এম. নাহিদকলারোয়ায় প্রবাসীর অর্ধকোটি টাকার ইটভাটা জবরদখলের অভিযোগ- বিএনপি নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলননক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

নতুনভাবে সাজবে হেফাজত, চলবে সরকারের সঙ্গে সমন্বয় করে

অনলাইন ডেস্ক : নতুনভাবে গঠন করা হবে হেফাজতে ইসলাম। সংগঠনে থাকবে না কোনো রাজনৈতিক নেতা। কাজ করবে সরকারের সঙ্গে সমন্বয় করে। সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন কারাগারের বাইরে থাকা হেফাজতের শীর্ষনেতারা। সমঝোতা করতে এবং নিজেদের অবস্থান জানাতে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সঙ্গে বৈঠক করেন হেফাজতের শীর্ষনেতারা। সেখানে নেতারা এমন আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

হেফাজতের একজন শীর্ষনেতা নাম প্রকাশ না করে বলেন, পুলিশের বিশেষ শাখার সঙ্গে বৈঠকে হেফাজত জানায় যে, মোদিবিরোধী আন্দোলন, ব্রাহ্মণবাড়িয়া, সোনারগাঁসহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় হেফাজতের কৌশলগত কিছু ভুল ছিল। তবে নাশকতার উস্কানিদাতারা হেফাজতের কেউ নন।

বৈঠকে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) ঊর্ধ্বতনরা বলেন, ২০১০-এ হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে। তবে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর পর তারা একটি রাজনৈতিক সংগঠনে রূপ নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা হেফাজতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর কমিটিতে রয়েছেন এবং তারা রাজনৈতিকভাবে আন্দোলন চালাচ্ছেন।

হেফাজতের ওই নেতা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠকে তারা হেফাজতকে সংস্কারের কথা বলেছেন। তারা হেফাজতের সব কমিটি থেকে রাজনৈতিক সংগঠনের ব্যক্তিত্বদের সরিয়ে নতুন কমিটি দিতে বলেছে। পাশাপাশি কওমি মাদ্রাসা কার্যক্রম পরিচালনা ‘আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনার কথা বলেছে। হেফাজত যেন কওমি মাদ্রাসার কোনো সিদ্ধান্ত না নিতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে বলেছে।

সূত্র জানায়, হেফাজতের বর্তমান কমিটি যেকোনো সময় ভেঙে দেওয়া হতে পারে। ইতোমধ্যে হেফাজতের কমিটি আল্লামা শফীর যোগ্য উত্তরসূরি খুঁজতে শুরু করেছে।

এদিকে, শীর্ষ ১২ নেতাসহ একাধিক সমর্থক গ্রেপ্তার হওয়ার পর চাপে পড়া হেফাজতের নেতারা গ্রেপ্তার এড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন সোমবার (১৯ এপ্রিল) রাতে। সভায় তারা সিনিয়র নেতাদের গ্রেপ্তার না করার অনুরোধ জানান। তবে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বলেছেন, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করছে, নিরীহ কাউকে নয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, তারা সাম্প্রতিক নাশকতার জন্য প্রায় ৪৫০ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়াও হেফাজতের মধ্যে থেকে যেসব রাজনৈতিক নেতা সরকার উৎখাতের উদ্দেশ্যে নাশকতা করেছেন তাদের তালিকাও তৈরি করা হয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে নারীসহ ধরা পড়া মামুনুল হককে নিয়ে হেফাজতে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছিল। সংগঠনটির শীর্ষনেতারা এ বিষয়ে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর সঙ্গে পরামর্শ করে মামুনুলকে নিয়ে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় সালিশে বসেন।

রিসোর্টকাণ্ডে মামুনুল কেন হেফাজত ও আলেমসমাজের মুখে কালিমা লেপন করেছেন, সে বিষয়ে তাকে প্রশ্নের মুখোমুখি করা হয়। তখন মামুনুল সবাইকে বলেন, জান্নাত আরা ঝর্ণা নামে রিসোর্টের ওই নারী তার দ্বিতীয় স্ত্রী। তিনি শরিয়াহ মোতাবেক তাকে বিয়ে করেছেন। বিয়েতে সাক্ষীসহ মোট তিনজন উপস্থিত ছিলেন। হেফাজতের নেতারা মামুনুলকে ওই তিন সাক্ষীকে তাৎক্ষণিক উপস্থিত করার নির্দেশ দেন। মামুনুল তখনই তাদের সবার সামনে সাক্ষীদের ডাকেন এবং সাক্ষীরা মামুনুলের বিয়েতে উপস্থিত থাকার কথা স্বীকার করেন।

তখন হেফাজতের নেতারা তাকে জিজ্ঞাসা করেন, তাহলে কেন মামুনুল ফোনে তার প্রথম স্ত্রীকে বললেন যে, উনি এক মাওলানার স্ত্রী? উত্তরে মামুনুল জানান, তার প্রথম স্ত্রী তাকে খুব ভালোবাসেন, সে প্রচণ্ড আবেগী। হঠাৎ দ্বিতীয় বিয়ের কথা শুনলে প্রথম স্ত্রীর হার্ট অ্যাটাকের সম্ভাবনা ছিলো। এ কারণে তাকে সেসময় সামাল দেওয়ার জন্য অন্যের স্ত্রী বলেছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর একজন দায়িত্বশীল সদস্য বলেন, সালিশে হেফাজতের নেতারা মামুনুলের যুক্তি বিশ্বাস করে তাকে সাংগঠনিকভাবে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। তবে একের পর এক ফাঁস হওয়া ফোন রেকর্ড এবং মামুনুলের বিরুদ্ধে নানা অভিযোগে বিরক্ত হয়ে তাকে আর সহযোগিতা না করার সিদ্ধান্ত নেন তারা।

মামুনুল হক বর্তমানে মোহাম্মদপুর থানার একটি মামলায় সাতদিনের রিমান্ডে আছেন। তবে তাকে রাখা হয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে।

রিমান্ডে জিজ্ঞাসাবাদের বিষয়ে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন-অর রশিদ বলেন, কওমি মাদ্রাসার কোমলমতি ছাত্রদের উস্কানি দিয়ে মাঠে নামিয়েছিলেন মামুনুল হক। তার উদ্দেশ্য ছিল মোদির বাংলাদেশ সফরের বিরোধিতার আন্দোলনকে পুঁজি করে সরকার উৎখাত এবং পরবর্তীতে রাষ্ট্রক্ষমতা দখল করা। হেফাজতের নেতাকর্মীদের সরকারবিরোধী নানা উস্কানি দিতেন তিনি। বলতেন, শেখ হাসিনার সরকারের পতন হলে হেফাজতের সমর্থন ছাড়া কেউ ক্ষমতা দখল করতে পারবে না।

তবে মোহাম্মদপুর থানায় যে চুরি ও হত্যাচেষ্টার মামলায় মামুনুলকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কোনো কথা বলেনি পুলিশ।

এদিকে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের করা ২৩টি মামলার তদন্ত করছে সিআইডি। মামুনুলের বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা মুখ না খুললেও সিআইডির প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, আমরা নারায়ণগঞ্জের একটি মামলায় তার সংশ্লিষ্টতা পেয়েছি। তিনি বর্তমানে অন্য একটি মামলায় রিমান্ডে আছেন। সেই মামলার রিমান্ড শেষ হলে আমরা তাকে রিমান্ডে নেব।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
করোনার তিনগুণ শক্তিশালী নতুন আরো একটি ধরন শনাক্ত

বিদেশের খবর : ভারতে শনাক্ত করোনাভাইরাসের ধরন নিয়ে সারা বিশ্বে ছড়িয়েছে আতঙ্ক। আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন, এমন ব্যক্তিকেও আবার আক্রান্ত করতে সক্ষম ভাইরাসের এই ডাবল মিউটেশান। তবে করোনাভাইরাসের ‘ডাবল মিউট্যান্ট’-এর আতঙ্ক কাটতে না কাটতেই দেশটিতে শনাক্ত হয়েছে ‘ট্রিপল মিউট্যান্ট ভ্যারিয়্যান্ট’ বা তিনবার রূপ পরিবর্তনকারী ধরন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মহারাষ্ট্র, দিল্লি ও পশ্চিমবঙ্গসহ ভারতের বেশ কয়েকটি রাজ্যে ইতোমধ্যেই ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনার তিনটি আলাদা ধরন একীভূত হয়ে সৃষ্টি হওয়া ভাইরাসের এই নতুন ধরনটির সংক্রমণ ক্ষমতাও প্রায় তিনগুণ বেশি। যার কারণে ভাইরাসের নতুন ধরনে আক্রান্তদের শারীরিক অবস্থার অবনতিও হচ্ছে খুব দ্রুত।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আপাতত ভাইরাসের নতুন এই ধরনের বিরুদ্ধে একের পর এক টিকার কার্যকারিতা পরীক্ষা করে যাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। তবে সবার আগে প্রয়োজন নিয়মিত জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ধরনটির চরিত্র বিশ্লেষণ।

তাদের মতে, ভাইরাসের ‘ডাবল মিউট্যান্ট’ ধরনটি সঠিক সময়ে শনাক্ত না হওয়ার কারণেই হয়তো ছড়িয়ে পড়েছে এই ‘ট্রিপল মিউট্যান্ট’। ভাইরাস যত ছড়ায় সেটির মিউটেশনের বা রূপান্তরিত হওয়ার হারও তত বৃদ্ধি পায়। যার কারণে নতুন এই ধরনে সংক্রমিত হচ্ছে শিশুরাও।

তবে এই ধরনটি নিয়ে খুব বেশি তথ্য নেই বিজ্ঞানীদের কাছে। যার কারণে আপাতত ‘ভ্যারিয়্যান্ট অব কনসার্ন’-এর বদলে ‘ভ্যারিয়্যান্ট অব ইন্টারেস্ট’-এর তালিকাতেই রাখা হয়েছে এটিকে।

দ্বিতীয় দফায় ভারতে সুনামির মতো বাড়ছে মহামারি করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লক্ষাধিক মানুষ কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। একই দিনে ভারতে রেকর্ড দুই সহস্রাধিক করোনা রোগীর মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বুধবার ভারতে নতুন করে করোনায় আরো ৩ লাখ ১৫ হাজার ৯২৫ জন আক্রান্ত হয়েছেন। একইদিনে রেকর্ড সর্বাধিক ২ হাজার ১০২ জনের প্রাণহানি হয়েছে করোনায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভালো খেঁজুর চিনবেন যেভাবে

স্বাস্থ্য ও জীবন : পুষ্টিগুণে ভরপুর খেঁজুরে রয়েছে ভিটামিন, আঁশ, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিঙ্ক। খেঁজুর একজন সুস্থ মানুষের শরীরে আয়রনের চাহিদার প্রায় ১১ ভাগই পূরণ করে। তাই প্রতিদিন খেতে পারেন খেঁজুর। পুষ্টিবিদদের মতে, শরীরের প্রয়োজনীয় আয়রনের অনেকটাই খেঁজুর থেকে আসে।

আসুন জেনে নিন যেভাবে চিনবেন ভালো খেঁজুর-

ভালো খেঁজুর চেনার নানা ধরনের উপায় রয়েছে। তবে তিনটি প্রধান উপায়ের মাধ্যমে খেঁজুরে কৃত্রিমভাবে মিষ্টি মেশানো কিনা তা জানা সম্ভব। চলুন জেনে নেই উপায়গুলো সম্পর্কে।

ভালো খেঁজুর চেনার উপায় :

১. মিষ্টির মাত্রা যাচাই

প্রাকৃতিক ভাবে মিষ্টি খেঁজুরে মিষ্টি মাত্রারিক্ত হয় না। যাদের মিষ্টি খুব বেশি পছন্দ না তারাও খেতে পারেন খুব সহজে। কিন্তু যখন অনেক বেশি পরিমাণে মিষ্টি মনে হয় তখন বুঝতে হবে এতে অবশ্যই কৃত্রিমভাবে মিষ্টি মেশানো হয়েছে।

২. পিঁপড়াদের আকর্ষণ

খেঁজুরে যদি কৃত্রিমভাবে মিষ্টি মেশানো হয়ে থাকে তবে তা অবশ্যই পিঁপড়াদের অনেক বেশি আকর্ষণ করবে। জানার জন্য, খোলা জায়গায় একটা খেঁজুরকে রেখে দিন। যদি পিঁপড়া দেখতে পান আশেপাশে তাহলেই বুঝবেন কৃত্রিমভাবে মিষ্টি দেওয়া রয়েছে।

৩. খেঁজুরে ভেতরে মিষ্টি

যে খেঁজুরগুলো প্রাকৃতিক ভাবে মিষ্টি তাদের বাহিরের অংশ তুলনামূলক মিষ্টি হয়না। ভেতরের অংশ অনেক বেশি মিষ্টি হয়ে থাকে। সাধারণত, মিষ্টি খেঁজুরের গায়ে কখনই মিষ্টি থাকে না।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শহরে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার গড়েরকান্দা এলাকার একটি আম বাগান থেকে জেসমিন আরা নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের গড়েরকান্দা ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম জেসমিন আরা (৩২)। সে সদর উপজেলার কুশখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী গাজীর কন্যা ও গড়েরকান্দা এলাকার ওবায়দুল্লাহর স্ত্রী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পার্শ্ববর্তী আম বাগানে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জেসমিনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার বাড়িতে বিল থেকে কেটে আনা ধান নিয়ে স্বামীর সাথে বাকবিতণ্ডা হয়। এরপর রাতে কোনও এক সময় সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা তাদের।

এ বিষয়ে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামসুজ্জামান শামস জানান, এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মুমিনুলের সেঞ্চুরি, শান্তর দেড়শ

খেলার খবর : পাল্লেকেলেতে টেস্টের প্রথম দিন সেঞ্চুরিতে রাঙিয়েছেন ওয়ান ডাউনে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিনের প্রথম সেশনে এবার সেঞ্চুরি হাঁকালেন মুমিনুল হক। আজ বৃহস্পতিবার লাঞ্চ বিরতির আগে ধনঞ্জয়ার বলে বাউন্ডারি হাঁকিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক। ২২৪ বলে শতক স্পর্শ করেন তিনি।মুমিনুলের সঙ্গে ব্যাট হাতে ছন্দে আছেন শান্তও। এরই মধ্যে দেড়শ রানের মাইলফলক ছুঁয়েছেন তরুণ এই ব্যাটসম্যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাঞ্চ বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৩৭৮ রান। উইকেটে আছেন দুই সেঞ্চুরিয়ান শান্ত ও মুমিনুল হক।

গতকাল বুধবার পাল্লেকেলে টেস্টের প্রথম দিন দারুণভাবে পার করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং তামিম ইকবালের বড় ইনিংসে ভর করে প্রথম দিনই তিনশ ছাড়ানো ইনিংস গড়ে সফরকারীরা। আজ সেই ইনিংস বড় করার লক্ষ্যে মাঠে নেমেছে মুমিনুল হকের দল।

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম দিন আগে ব্যাট করতে নেমে দুই উইকেটে ৩০২ রান করে বাংলাদেশ।

এদিন বড় দুটি জুটির একটিতে শান্তর সঙ্গী তামিম, আরেকটি মুমিনুল হক। চোখধাঁধানো সব শটের প্রদর্শনী মেলে ধরে তামিম আউট হয়ে যান ৯০ রান করে। দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরির আশায় মুমিনুল দিন শেষে অপরাজিত ৬৪ রানে।

এদিন ব্যাট করে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। সাদমান ইসলামের বদলে ওপেনিংয়ে সুযোগ পাওয়া সাইফ হাসান আস্থার প্রতিদান দিতে পারেননি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন তরুণ এই ওপেনার।

ইনিংসের তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওভারের প্রথম বলে ফার্নান্দোর বলে এলবিডব্লিউর শিকার হয়ে ফেরেন ওপেনার সাইফ। অবশ্য ফার্নান্দোর এলবির আবেদনে প্রথমে সাড়া দেননি আম্পায়ার। এরপর অধিনায়ক দিমুথ করুনারত্নে রিভিউ নেন। ফার্নান্দোর লেংথ বল সোজা সাইফের সামনের প্যাডে আঘাত করেছিল। দেখার ছিল, বলটি লেগ স্টাম্পে লাগবে না কি বেরিয়ে যাবে। রিভিউতে দেখা যায় বলটি সোজা স্টাম্পেই হিট করত। দলীয় ৮ রানে প্রথম উইকেটের পতন হয় বাংলাদেশের।

তবে শুরুতে উইকেট হারানোর ধাক্কা ভালোভাবে সামাল দেন তামিম। তরুণ ব্যাটসম্যান শান্তকে নিয়ে এগিয়ে যান বড় স্কোরের দিকে। লাঞ্চের আগে এই জুটিতে চড়ে স্কোরবোর্ডে ১০৬ রান তোলে বাংলাদেশ। এর মধ্যে ৫৩ বলে ক্যারিয়ারের ২৯ তম হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। পঞ্চাশ ছোঁয়ার পর আগাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু শেষ পর্যন্ত হলো না। সেঞ্চুরি থেকে ১০ রান দূরে থেকে সাজঘরে ফিরেন তামিম।

৯০ রানের মাথায় ফার্নান্দোর বলেই স্লিপে ক্যাচ দিয়ে আউট হন দেশসেরা ওপেনার। ১০১ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৫টি বাউন্ডারি দিয়ে। বাঁহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বল গ্লাইড করার চেষ্টা করেন তামিম। বল একটু বেশি লাফিয়ে ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় স্লিপে ফিল্ডারের হাতে। ১৪৪ রানে থামে শান্ত-তামিমের জুটি।

তামিম ফেরার পর মুমিনুলের সঙ্গে জুটি বাঁধেন শান্ত। ব্যক্তিগত সপ্তম টেস্ট খেলতে নেমে দারুণ দৃঢ়তা দেখান। তামিমের মতো ভুল না করে এগিয়ে যান তিনি। একই সঙ্গে মুমিনুলও উইকেটে থিতু হয়ে যান। এই জুটিতে চড়ে ভালোভাবে দিন শেষ করে বাংলাদেশ।

এর মধ্যে টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন শান্ত। তিন অঙ্কের ঘরে যেতে ২৩৬ বল খেলেছেন তিনি। তাঁর শতকটি সাজানো ছিল ১২ বাউন্ডারি ও এক ছক্কায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভারতে একদিনে করোনা শনাক্তের বিশ্ব রেকর্ড

বিদেশের খবর : করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো একদিনে তিন লাখেরও বেশি রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছে ভারতে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ১৪ হাজার ৮৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

এর আগে একদিনে সবচেয়ে বেশি রোগী শনাক্তের বিশ্ব রেকর্ড হয়েছিল যুক্তরাষ্ট্রে।

জানুয়ারিতে দেশটি একদিনে সর্বোচ্চ দুই লাখ ৯৭ হাজার ৪৩০ জন রোগী শনাক্তের কথা জানিয়েছিল। এবার তা ছাড়িয়ে গেল ভারত।

এতে ভারতে মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৩০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত রোগীর সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি।

একইদিন ভারতে কোভিড-১৯ জনিত মৃত্যুরও নতুন রেকর্ড হয়েছে, মারা গেছে ২১০৪ জন।

এতে দেশটিতে মহামারীতে মোট মৃত্যু এক লাখ ৮৪ হাজার ৬৫৭ জনে দাঁড়িয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে।

মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পরই ভারতে অবস্থান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবরও হারল কলকাতা, একাদশে ছিলেন না সাকিব

খেলার খবর: চেন্নাইয়ের পর মুম্বাই। মাঠ বদলেও ভাগ্যের চাকা ঘুরল না কলকাতার। খারাপ বোলিং এবং তার থেকেও খারাপ টপ অর্ডার ব্যাটিংই ডোবাল নাইটদের। আন্দ্রে রাসেলের ঝড়ো অর্ধ-শতরান, কার্তিকের ৪০ রান এবং শেষদিকে কামিন্সের অপরাজিত ৬৬ রানের ইনিংস না থাকলে লজ্জার মুখে পড়তে হত কেকেআরকে।

কলকাতার একাদশে সাকিবের পরিবর্তে সুনীল নারিনকে স্থান দেয়া হয় গতকাল।

চেন্নাইয়ের দেওয়া ২২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই পাঁচ উইকেট খুইয়ে ছিল নাইটরা। তবে এই তিন ব্যাটসম্যান দলকে লড়াই রেখেছিল। তবে শেষপর্যন্ত অবশ্য জয় পেল চেন্নাই। ১৯.১ ওভারে ২০২ রানে অলআউট হয়ে গেলেন মর্গ্যানরা।
গতকাল বুধবার (২১ এপ্রিল) টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। কিন্তু কেকেআর অধিনায়কের সিদ্ধান্ত বুমেরাং হয়ে দাঁড়ায়। কারণ ওপেনিং জুটিতে চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড এবং ফাফ ডু প্লেসি যোগ করেন ১১৫ রান। তাও আবার মাত্র ১২.২ ওভারে। ৪২ বলে ৬৪ রান করেন ঋতুরাজ। মারেন ৬টি চার ও ৪টি ছয়। এই সময় কোনও নাইট বোলারই দলকে উইকেট এনে দিতে পারেননি। এমনকি সাকিব আল হাসানের বদলে সুযোগ পাওয়া নারিনও দলকে এই সময় সাফল্য এনে দিতে ব্যর্থ হন। শেষপর্যন্ত ঋতুরাজকে আউট করে এই জুটি ভাঙেন বরুণ। এরপর মঈন আলি করেন ১২ বলে ২৫ রান।

চার নম্বরে চেন্নাই অধিনায়ক ধোনির সংগ্রহ ৮ বলে ১৭ রান। এই ম্যাচে টুর্নামেন্টের নিজের প্রথম ছয়টিও মারেন সাবেক ভারত অধিনায়ক। যা নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ধোনি ভক্তদের। মাত্র ৬০ বলে ৯৫ রানের ইনিংস খেলেন ডু প্লেসি। অল্পের জন্য শতরান না পেলেও শেষপর্যন্ত অপরাজিত থাকেন এই প্রোটিয়া ব্যাটসম্যান। মারেন ৯টি চার ও ৪টি ছয়। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে চেন্নাইয়ের রান দাঁড়ায় ৩ উইকেটে ২২০ রান। কেকেআর বোলারদের মধ্যে একটি করে উইকেট পান বরুণ, নারিন এবং রাসেল।

২২১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ধস নামে নাইট ব্যাটিং লাইনআপে। ৫.২ ওভারে মাত্র ৩১ রানে পাঁচ উইকেট হারায় কলকাতা। গিল (০), রানা (৯), ত্রিপাঠি (৮), মর্গ্যান (৭) এবং নারিন (৪) প্রত্যেকেই ব্যাট হাতে ব্যর্থ হন। পাঁচটির মধ্যে চারটি উইকেটই তুলে নেন দীপক চাহার। একটি পান লুঙ্গি এনগিডি। এই সময় উইকেটকিপার হিসেবে আইপিএলে ১৫০টি আউট করার রেকর্ডও গড়েন ধোনি। তবে দ্রুত পাঁচ উইকেট পড়লেও এরপর রাসেল-কার্তিক জুটি কেকেআরকে ফের খেলায় ফেরানোর চেষ্টা করেন।

কমে যাওয়া রানরেট বাড়াতে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন রাসেল। অবশ্য দিল্লি যেন সত্যিই বহুদূরেই ছিল। শেষপর্যন্ত অবশ্য ২২ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে স্যাম ক্যারানের বলে বোল্ড হন ক্যারিবিয়ান তারকা। মারেন ৩টি চার এবং ৬টি ছয়। এর কিছু পরে আউট হয়ে যান দীনেশ কার্তিকও। তাঁর সংগ্রহ ২৪ বলে ৪০ রান।

শেষদিকে কামিন্স (৩৪ বলে ৬৬ রান) মরণপণ চেষ্টা করেছিলেন। এমনকি,ক্যারানের এক ওভার থেকে ৩০ রানও তোলেন। শুধু তাই নয়, ২৩ বলে নিজের অর্ধ-শতরানও পূর্ণ করেন তিনি। তবে তা মোটেই যথেষ্ট ছিল না। কারণ খারাপ শটে আউট হয়ে দলের অধিকাংশ ব্যাটসম্যান ততক্ষণে সাজঘরে। ফলে নির্ধারিত ২০ ওভারের আগেই ২০২ রানে গুটিয়ে যায় নাইটদের ইনিংস। ১৮ রানে ম্যাচটি হারে কলকাতা। ফলে আরও খানিকটা বিপাকে পড়ল শাহরুখ খানের দল।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানে বিলাসবহুল হোটেলে বোমা হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক : পাকিস্তানের কোয়েটায় সেরেনা নামের একটি বিলাসবহুল হোটেলে শক্তিশালী বোমা হামলায় অন্তত চারজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

বুধবার রাতে হোটেলে ওই হামলা চালানো হয়। বিবিসি ও ডন এমন খবর দিয়েছে।

কোয়েটা সফররত পাকিস্তানে চীনের রাষ্ট্রদূত ওই হোটেলে উঠলেও বিস্ফোরণের সময় তিনি সেখানে ছিলেন না।

রাষ্ট্রদূত নিরাপদে আছেন জানিয়ে প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ লাঙ্গো বলেন, একটু আগেই তার (রাষ্ট্রদূত) সঙ্গে আমি দেখা করেছি। তার মনোবল চাঙ্গা আছে।

রাষ্ট্রদূতের সফর বৃহস্পতিবার শেষ হবে বলে জানিয়েছেন তিনি।

প্রাদেশিক সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি এক টুইটে জানিয়েছেন, হামলার আগে দিনের বেলায় চীনা রাষ্ট্রদূত নঙ রঙ প্রদেশের মুখ্যমন্ত্রী জাম কামালের সঙ্গে বৈঠক করেছিলেন।

নাসির মালিক নামের একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সেরেনা হোটেলের কার পার্কিংয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হয়।

স্থানীয় একটি হাসপাতালের কর্মকর্তা ওয়াসিম বেগ চারজনের মৃতদেহ পাওয়ার কথা জানিয়ে বলেছেন, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবান। তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) একজন মুখপাত্র জানিয়েছেন, এটি ছিল একটি আত্মঘাতি হামলা।

চীনা রাষ্ট্রদূত কিংবা প্রতিনিধি দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে এ অঞ্চলে এর আগেও চীনের নাগরিক এবং বিভিন্ন প্রকল্পে তালেবান হামলার ঘটনা ঘটেছে।

বিলাসবহুল সেরেনা হোটেলের কাছেই রয়েছে ইরানের কনস্যুলেট এবং প্রাদেশিক পার্লামেন্ট ভবন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest