তালা প্রতিনিধি: তালা উপজেলার খড়েরডাঙ্গা গ্রামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু ছাত্রী (১০) কে ধারাবাহিক যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এঘটনার ছাত্রীর মা তালা থানায় অভিযোগ দায়ের করলে, পুলিশ ২ ব্যক্তিকে আটক করে। এরমধ্যে একজন ৩ সন্তানের জনক।
নির্যাতিত শিশু ছাত্রীর মা জানান, তার কন্যা স্থানীয় মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং সে অন্য শিশুদের তুলনায় শারীরিক ভাবে একটু দ্রুত বেড়ে উঠেছে। বাড়ির পার্শ্ববর্তী একই গ্রামের ভোলাই মুন্সির পুত্র ৩ সন্তানের জনক হযরত মুন্সির কুনজর পড়ে এই শিশুর উপর। সুযোগ পেলেই লম্পট হযরত ওই শিশু কন্যার শরীরে হাত দিয়ে যৌন নির্যাতন করতো। কিন্তু ভয়ে ও লজ্জায় শিশু মেয়েটি ঘটনাটি গোপন রাখে। লম্পট হযরতের বিরুদ্ধে নিজ কন্যার বান্ধবীকেও অনুরুপ যৌন নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।
নির্যাতিত শিশুর মা আরও জানান, হযরত আবারও যৌন নির্যাতন করলে বিষয়টি শিশু মেয়ে তার মাকে জানিয়ে দেয়। একই সাথে এধরনের ঘটনা ইতােপূর্বে গৃহ শিক্ষক এরশাদ মুন্সির পুত্র শবুজ মুন্সি ঘটিয়েছিল বলে নির্যাতিত শিশু জানায়। যৌন নির্যাতনের এসব ঘটনায় শনিবার রাতে তালা থানায় একটি অভিযোগ দায়ের করে শিশুর মা। ওই রাতেই পুলিশ খড়েরডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে লম্পট হযরত ও শবুজকে। রেবাবার দুপুরে তালা থানা পুলিশ ধৃতদের তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। বিজ্ঞ আদালত ১৮৬০ এর ৫০৯ ধারায় হযরতকে ২ হাজার টাকা জরিমানা করে।

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনে ডিবি’র ওসি পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে জনৈক এনামুল হক নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজারে। শুক্রবার দুপুরে বাজারের ব্যবসায়ী “চায়না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এন্ড আল্লারদান সেনেটারি মার্ঠ” এর স্বত্ত্বাধিকারি মাধবকাটি গ্রামের আলহাজ মো. আতাউর রহমানকে ডিবি’র ওসি এনামুল হক পরিচয়ে তার মুঠোফোনে ০১৭১১-৭১৬৮৫৪ নম্বরে এসপি মঞ্জুরুল ইসলামের অনুকুলে ০১৯৭১-২৪২৫৩২ নম্বর বিকাশ এ্যাকাউন্টে ৫০ হাজার টাকা পাঠাতে বলেন। আর যদি টাকা পাঠানো না হয় তবে, আলহাজ্ব মো. আতাউর রহমানের নামে জঙ্গি, নাশকতা ও মাদক বিষয়ে মামলা এজহারভুক্ত করবেন বলে হুমকি দেয়া হয়। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সাধারণ ডায়েরি নং ৮৪৫।
কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জের রতনপুরে আফরোজা খাতুন (৪০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। অপর দিকে একই উপজেলার চাম্পাফুলে সুজিত দাস (২২) নামে এক যুবক গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। থানা ও এলাকাবাসী সূত্রে জানাযায়, রতনপুর ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর স্ত্রী দুই সন্তানের জননী আফরোজা খাতুন শনিবার সন্ধ্যা ৬ টার দিকে সকলের অজান্তে নিজ বাড়িতে বিষপান করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ওই গৃহবধূর মৃত্যুর বিষয় নিয়ে এলাকায় ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এদিকে আফরোজা খাতুনের মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃতদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে যার নং- ৩৪। অপরদিকে, উপজেলার চাম্পাফুল গ্রামের মৃত আনন্দ কুমার দাশের ছেলে সুজিত দাশ রোববার সকাল ১১ টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশ্ববর্তী একটি গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। রোববার সন্ধ্যায় শেষ খবর পাওয়া পর্যন্ত কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন ও উপ-পরিদর্শক শাহাআলম ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হককে ক্লোজড করা হয়েছে। রোববার রাতে সরকারের এক আদেশে তাকে ক্লোজড করা হয়।
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার বহুল আলোচিত মহিলা এমপি পুত্র রাশেদ সরোয়ার রুমনকে চাঁদাবাজির দুটি পৃথক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে সাতক্ষীরা জেলার গ-ি ছাড়িয়ে দেশজুড়ে আলোচনায় চলে এসেছেন সাংসদ মিসেস রিফাত আমিন ও তার পুত্র রুমন। তাদেরকে নিয়ে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম হয়েছে রবিবার। এর আগে স্থানীয় দৈনিক আজকের সাতক্ষীরার প্রথম পৃাতায় ৬ কলামজুড়ে প্রধান শিরোনাম হয়েছেন মা ও পুত্র। নিজের পুত্রের অপকর্ম অকপটে অস্বীকার করে উল্টো জেলা আ.লীগের নেতাদের ‘সাইজ’ করতে চাওয়া সাংসদ মিসেস রিফাত আমিন! পুত্রধন চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়ার পরও তার অদ্ভুত বক্তব্যÑ “সংসদ থেকে আমার কাছে ফোন এসেছে। বলা হয়েছে সব ভাল এমপিদেরই একজন আপনি। আপনার ও আপনার ছেলের বিরুদ্ধে যা হচ্ছে সবই মিথ্যা ও অপপ্রচার।” সংসদ থেকে কে ফোন করেছেন তা অবশ্য বলেননি তিনি। সম্ভবত সংসদ কথা বলতে পারছে এখন!
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের বন্যতলা এলাকায় খোলপেটুয়া নদীতে ট্রলার ডুবিতে তাইজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত তাইজুল ইসলাম আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে। রোববার দুপুর সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এদিকে, এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো দুই জন বলে জানিয়েছেন প্রতাপনগর ইউপি চেযারম্যান জাকির হোসেন।
মাহফিজুল ইসলাম আককাজ: ‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদেশ” এই স্লোগানকে সামনে রেখে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত-দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্য শষ্য ১০টাকা কেজি দরে চাউল বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে সদরের আলিপুর ইউনিয়নের ভাঁড়–খালী বাজারে প্রধান অতিথি হিসেবে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয়ের উদ্বোধন করেন সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কথা রেখেছেন। বাংলার হতদরিদ্র মানুষদেরকে ১০ টাকা কেজিতে চাউল খাওয়াচ্ছেন। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার রেখে যাওয়া অসমাপ্ত সোনার বাংলা গড়তে বাঙালী জাতির ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ থেকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে বিদেশে খাদ্য শষ্য রপ্তানী করছে। খুব শ্রীঘ্রই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। একটি হতদরিদ্র পরিবার ১০ টাকা কেজিতে মাসে ৩০ কেজি চাউল পাবে। আলিপুর ইউনিয়নের ভাঁড়–খালী এলাকার ৫শ’ ৬২ জন হতদরিদ্র পরিবারের মাঝে এ চাউল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস.এম হাফিজুর রহমান, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহারুল ইসলাম, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ছালেক গাজী, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আসিফ হোসেন, ইউপি সদস্য মো. আব্দুল্লাহ, মো. বদিউজ্জামান বাবলু, আহাদ আলী, মামুনার রশিদ,সোহাগসহ দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
