সর্বশেষ সংবাদ-
কাঁধে কফির ফ্লাস্ক, চোখে স্বপ্ন—রূপসী ম্যানগ্রোভে আকাশের জীবনসংগ্রামশ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানাদেবহাটায় বিভিন্ন বাজার ও স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা প্রচারাভিযানবিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহসাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নিখোঁজআশাশুনির মহিষকুড় মৎস সেট সংলগ্ন সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধনশ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির- সাধারণ সম্পাদক লিটনঅবৈধভাবে বালু উত্তোলন: সাতক্ষীরার গাবুরায় লাখ টাকা জরিমানাতালায় জেলে-কৃষকের জীবন-জীবিকার কথা শুনলেন ড. হোসেন জিল্লুর

পানি নিয়ে ঢাবি পরীক্ষার্থীদের কাছে ছাত্রলীগ

দেশের খবর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সুবিধায় আনা উদ্যোগের সঙ্গে প্রতিশ্রুতি মত গরমে কাতর পরীক্ষার্থী ও অভিভাবকদের সুপেয় পানিও পান করাচ্ছেন ছাত্রলীগের কর্মীরা।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর, অপরাজেয় বাংলা, ব্যবসায় শিক্ষা অনুষদ ও কার্জন হল এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের সুপেয় পানি নিয়ে সেবা দিতে দেখা গেছে।
এদিন ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দুই হাজার ৩৮৩টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৭২৬ জন ভর্তিচ্ছু ৬৯টি কেন্দ্রে পরীক্ষা দেন।
অন্যান্য বছরের মতো এবারও শিক্ষার্থীদের সহায়তায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে তথ্য সহায়তা কেন্দ্রের সঙ্গে তাদেরকে দ্রুত কেন্দ্রে পৌঁছে দিতে মোটর সাইকেল সেবা (জয় বাংলা বাইক সার্ভিস), অসুস্থদের প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল টিম রাখা এবং সুপেয় পানির ব্যবস্থা রাখার ঘোষণা দিয়েছিল সরকার সমর্থক ছাত্র সংগঠনটি।
গত শুক্রবার প্রথম ভর্তি পরীক্ষার (‘গ’ ইউনিট) দিন থেকেই শুরু তাদের এসব সেবা।
ক্যাম্পাসের ২১টি স্থানে বসানো হয়েছে ছাত্রলীগের তথ্য প্রদান ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র, যেখান থেকে ভর্তিচ্ছুরা নিজেদের আসন ব্যবস্থা, কেন্দ্রের অবস্থান ও অন্যান্য তথ্য জানতে পারছেন; পাশাপাশি সঙ্গে আনা ব্যাগ, মোবাইল ফোন ও হাতঘড়ি পরীক্ষা চলাকালীন সময়ে সেখানে নিরাপদে জমাও রাখতে পারছেন৷ প্রতিটি কেন্দ্রে দায়িত্ব করছেন বিভিন্ন হল ও অনুষদ ছাত্রলীগের নেতাকর্মীরা।
স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে গ্লাসে পানি ঢেলে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে গ্লাসে পানি ঢেলে দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস। পরীক্ষা কেন্দ্রগুলোর আশপাশেই রয়েছে পানি পানের ব্যবস্থা। শিক্ষার্থীদের দ্রুত কেন্দ্রে পৌঁছে দিতে শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর ও পলাশী মোড়ে ব্যবস্থা করা হয়েছে ‘জয় বাংলা বাইক সার্ভিসের’।
পুরো বিষয়টি সমন্বয় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
ছাত্রলীগের এই উদ্যোগকে ‘মানবিক রাজনীতির’ পথে এগিয়ে যাওয়ার পদক্ষেপ হিসেবে দেখছেন শুক্রবার ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
আফসানা চৌধুরী নামে পরীক্ষার্থী বলেন, “ভাইয়ারা ডেকে ডেকে সবাইকে পানি খাওয়াচ্ছেন, বিষয়টি দেখতেই ভালো লাগছে। উনারা রাজনীতি করেন, বর্তমান রাজনীতিকে আমরা অনেকেই নেতিবাচকভাবে দেখি। তবে পরীক্ষা দিতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইয়া-আপুদের যে আন্তরিকতা দেখলাম তা এক কথায় অসাধারণ৷ আমরা চাই সবাই এমন রাজনীতিই করুক।”
আফসানার বাবাও ছাত্রলীগের এ ধরনের সেবামূলক কর্মকাণ্ডে খুশি।
তিনি বলেন, “সাম্প্রতিক সময়ের অনেক কার্যক্রমে ছাত্ররাজনীতির প্রতি একটা বিরক্তি কাজ করছিল। তবে ছাত্রদের এরকম মানবিক কাজ করতে দেখলে খুব ভালো লাগে৷ এই ধরনের ইতিবাচক মানসিকতার সংগঠন আমরা চাই।”
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, “আসলে এটা বাহবা দেওয়ার মতো কোনো কাজ না। আমি আমার দায়িত্বের জায়গা থেকেই এ কাজ করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে একটা দায়িত্ব দিয়েছেন, আমরা চেষ্টা করছি নিজের সর্বোচ্চটা দিয়ে সেটা পালন করতে।
“তাছাড়া আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে যে সমস্যায় পড়েছিলাম আমি চাই না আমার কোনো ছোটভাই বা উত্তরসূরি সেই সমস্যায় পড়ুক। এটাকে আমি আসলেই বাহবা দেওয়ার মতো কিছু মনে করি না, দায়িত্ব মনে করি।”

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যশোরে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ

মোঃ রাসেল ইসলাম (যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় অজ্ঞাত এক মহিলার ( ৪৫ ) লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

শুক্রবার সকাল ৭টার সময় নাভারণ সাতক্ষিরা সড়কের খাজুরা নামক স্থান থেকে ঐ মহিলার লাশ উদ্ধার করা হয়।
নাভারণ হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, মরদেহটি স্থানীয় কেউ সনাক্ত করতে পারেনি এবং কিভাবে মারা গেছে তা বুঝা যাচ্ছে না। তবে তার শরীরের কিছু কিছু জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মহিলাটি পাগল বা ভিক্ষুক হবে।
লাশ উদ্ধার করে দাফনের জন্য ঐ এলাকার স্থানীয় মুরব্বিদের কাছে হস্তান্তর করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আমিরাতকে উড়িয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের মেয়েদের

খেলার খবর: দারুণ এক হ্যাটট্রিক উপহার দিলেন আনুচিং মোগিনি। শামসুন্নাহার সিনিয়রও পেলেন জালের দেখা। ফরোয়ার্ডদের নৈপুণ্যে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুক্রবার আমিরাতকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। গতবার বাছাইয়ে আমিরাতকে ৪-০ গোলে হারিয়েছিল গোলাম রব্বানী ছোটনের দল।
দলের জয়ে আনুচিং ৪টি, শামসুন্নাহার ও ইলামনি একটি করে গোল করেন। অপর গোলটি আত্মঘাতী।
বাছাইয়ে এ নিয়ে টানা তিন জয় পেল বাংলাদেশ। বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে দেওয়ার পর লেবাননকে ৮-০ হারায় দল। অন্যদিকে টানা তিন ম্যাচ হারল আমিরাত।
তিন জয়ে ৯ পয়েন্ট বাংলাদেশের। প্রথম ম্যাচে লেবাননকে ৭-০ গোলে হারানো ভিয়েতনামের পয়েন্টও ৯। দুই দলের গোল ব্যবধানও সমান। আগামী রোববার এফ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ভিয়েতনাম।
আমিরাতের বিপক্ষে ম্যাচে সেরা একাদশে দুটি পরিবর্তন আনেন রব্বানী। মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়রের বদলের নিলুফা ইয়াসমিন নীলা ও রোজিনা আক্তারকে নামান তিনি।
পঞ্চম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নীলার শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। একটু পর মুনা হোসাইন ডি-বক্সের ভেতরে তহুরা খাতুনকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন শামসুন্নাহার সিনিয়র।
২১তম মিনিটে তহুরার শট ঝাঁপিয়ে পড়ে ফেরান গোলরক্ষক। ২৫তম মিনিটে একজনকে কাটিয়ে তহুরার নেওয়া শট ক্রসবার ফিরিয়ে দিলে ব্যবধান দ্বিগুণ হয়নি।
২৭তম মিনিটে আঁখি খাতুনের উঁচু করে বাড়ানো বলে আনুচিং মোগিনির হেড দূরের পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ালে দ্বিগুণ হয় ব্যবধান।
প্রথমার্ধের প্রায় পুরোটা সময় খেলা হয় আমিরাতের অর্ধে। ৩৪তম মিনিটে দুই জমজ বোনের দারুণ বোঝাপড়ায় স্কোরলাইন হয় ৩-০। ডান দিক থেকে আনাই মোগিনির বাড়ানো বল হেডে লক্ষ্যে পৌঁছে দেন আনুচিং। দুই মিনিট পর দারুণ ব্যাক ভলিতে হ্যাটট্রিক পূরণ করেন আনুচিং।
প্রথমার্ধের যোগ করা সময়ে মনিকা চাকমার কর্নারে আলিয়া হুমাইদের হেড করে বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়ান।
দ্বিতীয়ার্ধেও শুরু থেকে আমিরাতের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। ৪৭তম মিনিটে ডান দিক থেকে মনিকার বাঁকানো শট দূরের পোস্টে লেগে ফিরে। একটু পর সাজেদার হেড পোস্ট ঘেঁষে বাইরে যায়।
৭১তম মিনিটে জোরালো শটে নিজের চতুর্থ গোলটি করে ব্যবধান আরও বাড়ান আনুচিং। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আনুচিং ক্রসে আঁখির হেড গোলরক্ষক ফেরানোর পর গোলমুখ থেকে সুযোগ কাজে লাগিয়ে স্কোরলাইন ৭-০ করেন ইলামনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

খেলার খবর: এশিয়া কাপের ‘সুপার ফোর’ পর্বের লড়াই শুরু। একই সময়ে দুটি ম্যাচ শুরু হচ্ছে। দুবাইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর ভারত। আবুধাবিতে পাকিস্তান আর আফগানিস্তান।
আবুধাবির ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসঘর আফগান। অর্থাৎ, পাকিস্তান প্রথমে বোলিং করবে।
গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে ১৩৬ রানের বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোরে পা রেখেছে আফগানিস্তান। অপরদিকে, প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে সহজে জিতলেও পরের ম্যাচে ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায় পাকিস্তান।

পাকিস্তান একাদশ : ইমাম উল হক, ফাখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, হারিস সোহেল, মোহাম্মদ নেওয়াজ, হাসান আলি, উসমান খান, শাহীন শাহ আফ্রিদি।
আফগানিস্তান : মোহাম্মদ শেহজাদ, ইহসানুল্লাহ জানাত, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, আসঘর আফগান, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অনুপ জালোটা যৌন হেনস্তা করেছেন?

বিনোদনের খবর: প্রখ্যাত সংগীতশিল্পী অনুপ জালোটা যৌন হেনস্তা করেছেন, এমনটাই দাবি করছেন রীনা গোলান। ইসরায়েলের এই অভিনয়শিল্পী ও লেখককে তিনি বিয়ের প্রস্তাব দেন। এমনকি তাঁর সঙ্গে জোর করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন৷ রীনা গোলান একা নন, একই ধরনের অভিযোগ করেছেন ভারতের একজন টেলিভিশন তারকা ও একজন মডেল। সংবাদমাধ্যমের কাছে নিজের পরিচয় দিতে চাননি টিভি তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বড় ব্রেক দেওয়ার নাম করে অনুপ জালোটা তাঁকে আপত্তিকর প্রস্তাব দেন। এ সময় এই তারকার শরীরেও অশালীনভাবে স্পর্শ করেছেন। আর মডেল ও সংগীতশিল্পী অনিশা সিংয়ের সঙ্গেও নাকি আপত্তিকর সম্পর্ক গড়েছিলেন অনুপ জালোটা৷ এ সময় তিনি ‘বিগ বস সিজন ১২’তে অনিশা সিংকে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন
রীনা গোলান এর আগে একটি বই লিখেছেন। বইটির নাম ‘ডিয়ার মিস্টার বলিউড: হাউ আই ফেল ইন লাভ উইথ ইন্ডিয়া, বলিউড অ্যান্ড শাহরুখ খান’। এই বইয়ে প্রখ্যাত পরিচালক ও প্রযোজক সুভাষ ঘাই ও আনিস বাজমীর বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ করেন। রীনা গোলান অভিযোগ করেছেন, বলিউডের একটি ছবিতে নেওয়ার জন্য সুভাষ ঘাই ও আনিস বাজমী তাঁকে যৌন হয়রানির চেষ্টা করেছিলেন।
গত সপ্তাহে কালারস টিভিতে শুরু হয়েছে বিতর্কিত রিয়্যালিটি শো ‘বিগ বস’। সঞ্চালনা করছেন সালমান খান। শিষ্য থেকে প্রেমিকা বনে যাওয়া জশলিন মাথারুকে সঙ্গে নিয়ে এই আয়োজনের ১২তম সিজনে প্রতিযোগী হয়েছেন অনুপ জালোটা। জশলিন মাথারুর বয়স ২৮। পাঞ্জাবের মেয়ে। অনুপ জালোটার কাছে গান শিখতেন। এর মাঝেই প্রেম। তিন বছর ধরে তাঁরা একসঙ্গেই থাকছেন। শোনা যাচ্ছে, আগামী বছর তাঁরা বিয়ে করবেন।
‘বিগ বস’ আয়োজনের এবারের ভাবনা ‘বিচিত্র জোড়ি’। প্রথম দিন এই শোর ১২তম আয়োজনের প্রতিযোগীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন সালমান খান। কিন্তু অনুপ জালোটাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় থমকে দাঁড়ান। কারণ, তাঁর প্রেমিকাকে দেখে অবাক তিনি। অনুপ জালোটা আর জশলিন মাথারুর বয়সের পার্থক্য ৩৭ বছর!
‘বিগ বস’ বাড়িতে জশলিন মাথারু ও অনুপ জালোটা‘বিগ বস’ বাড়িতে জশলিন মাথারু ও অনুপ জালোটা‘বিগ বস’-এর মঞ্চে জানাজানি হয়েছে তাঁদের সম্পর্কের কথা। অনুপ জালোটা এখানে জানিয়েছেন, তিন বছর ধরে তাঁদের প্রেম চলছে। আর জশলিন মাথারু জানিয়েছেন, অনুপ জালোটার সঙ্গে বয়সের পার্থক্য নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই। গান গাওয়ার পাশাপাশি নাচও করেন জশলিন। ভরতনাট্যম ছাড়া তিনি হিপহপ, সালসা আর বেলি ড্যান্সে পারদর্শী।
এদিকে অনুপ জালোটা আর তাঁর ছাত্রী জশলিন মাথারুর ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে। একজন লিখেছেন, ‘যাঁরা এখনো একাকী আছেন, তাঁরা একদম ভাববেন না৷ আপনাদের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড এখনো এই পৃথিবীর আলো দেখেনি৷ অনুপ জালোটার যদি ৩৭ বছরের ছোট গার্লফ্রেন্ড হতে পারে, আপনিও একদিন জীবনসঙ্গীকে পাবেন৷’ আরেকজন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘তিনি তো প্রিয়াঙ্কাকেও ছাড়িয়ে গেছেন! প্রিয়াঙ্কা না হয় নিজের থেকে ১০-১২ বছরের ছোট ছেলের সঙ্গে বিয়ে করছেন, কিন্তু অনুপ জালোটা তো মেয়ের বয়সী একজনের সঙ্গে প্রেম করছেন৷’
অনুপ জালোটা প্রথম বিয়ে করেন গুজরাটের মেয়ে সোনালি শেঠকে, পরিবারের অমতে। বীণা ভাটিয়ার সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে যায় খুব তাড়াতাড়ি। তাঁর তৃতীয় স্ত্রী ছিলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী আই কে গুজরালের নাতনি মেধা গুজরাল। ২০১৪ সালে নিউইয়র্কের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার উদ্বোধন ঘোষনা করা হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার সাতক্ষীরা শাহ্ আবদুল সাদী, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নুরুল হক, জেলা শিল্পকলা একাডেমী’র সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, শেখ শফিক উদ- দৌল্লা সাগর প্রমুখ।
এবারের মেলায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পুরো জায়গা জুড়ে থাকছে প্রায় ২০০টি মনোহরি পণ্যের স্টল। এছাড়া পলাশপোল স্কুলের আশপাশে লৌহজাতদ্রব্য, বাঁশ ও বেতের দোকান, পলাশপোল স্কুল হতে খুলনা রোডের মোড় পর্যন্ত রাস্তার দু’পাশে নার্সারী দোকান, শিল্পকলা একাডেমির সামনে নাগরদোলা ও রেলগাড়ি, নৌকা, শহিদ আব্দুর রাজ্জাক পার্কের মধ্যে বিভিন্ন প্রকার মিষ্টির দোকান। তবে এবারের মেলায় জুয়া, হাউজি, লটারী, র‌্যাফেল ড্র, লাকিকূপন, ফড়, চরকি, নগ্ন নৃত্য এবং অননুমোদিত যাত্রাগান, পুতুল নাচ বন্ধ থাকবে। প্রাথমিক পর্যায়ে মেলা চলবে ১ মাস ব্যাপি। মেলার পরিবেশ ভাল থাকলে মেলার সময় বাড়তে পারে বলে জানিয়েছেন মেলা কর্তৃপক্ষ। তবে, এবারের মেলায়ও থাকছে না সার্কাসের আয়োজন।
উল্লেখ্য ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মেলা চলাকালীন সার্কাস প্যান্ডেলে এবং সাতক্ষীরার রকসি সিনেমা হলে জঙ্গিরা বোমা হামলা চালায়। বোমা হামলায় নিহত হয় ৩ জন। আহত হয় অর্ধশতাধিক।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘এসকে সিনহার দুর্নীতির অনুসন্ধান শেষ পর্যায়ে’

দেশের খবর: সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সে বিষয়ে অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান। গণমাধ্যমকে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছে দুদক।
তবে, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি বলছেন, সিনহার বিরুদ্ধে এক বছরেও দুর্নীতির অভিযোগে মামলা না হওয়ায় এটাই প্রমাণিত হয় যে এই অভিযোগ সাজানো।
দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত-সমালোচিত প্রধান বিচারপতি ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা। সংবিধানারে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সরকারের সঙ্গে টানাপোড়নের মধ্যেই ৪ মাসের ছুটিতে গত বছরের ১৪ অক্টোবর দেশ ছাড়েন তিনি। পরে বিদেশ থেকেই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান এস কে সিনহা।
সিনহার বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার, নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ রয়েছে। যে অভিযোগগুলো করেছে স্বয়ং সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির দায়িত্বে থাকার কারণে সেসময় আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল অভিযোগগুলো খোলাসা না করলেও তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ রয়েছে সেটি বলেছেন।
দেশ ছাড়ার প্রায় এক বছর পর নির্বাচনের আগে হঠাৎ আলোচনায় আসেন এসকে সিনহা। ‘ব্রোকেন ড্রিম, রুল অব ল, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি’ বইতে দেশত্যাগের কারণ, পদত্যাগ এবং সরকারের সঙ্গে বিরোধের বিষয়টি তুলে ধরে এখন দৃশ্যপটে সিনহা।
তার দাবি, সরকারের চাপে দেশত্যাগে বাধ্য হয়েছেন তিনি। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি তার।
দুদক আইনজীবী বলছেন, সিনহার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একটি অভিযোগ ইতোমধ্যে আদালতে প্রমাণ হয়েছে। দুর্নীতির অভিযোগের বিষয়েও অনুসন্ধান শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
‘অনুসন্ধান কর্মকর্তা যোগাযোগ করেছেন রেজিস্ট্রার জেনারেল মহোদয়ের সঙ্গে। উনারা বলেছেন, হ্যা- আমাদের অফিস থেকে গিয়েছে চিঠি। তার মানে এখানে কোনো সন্দেহ নেই। সেটা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চের রায়ে এটা পুরোপুরি নিরুৎসাহিত করা হয়েছে। বলা হয়েছে, এটা নজির বিহীন এবং অবৈধ। দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানী পর্যায়ে খতিয়ে দেখছে। অন্য অ্যাকাউন্টগুলোর সঙ্গে মিলিয়ে দেখছে, উনার বক্তব্য কতটুকু সত্য।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বলছে, সিনহার বিরুদ্ধে এক বছরেও দুর্নীতির অভিযোগে মামলা না হওয়ায় এটাই প্রমাণিত হয় যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সাজানো।
‘দুর্নীতির একটি মামলাও তার বিরুদ্ধে করতে পারে নাই। একটি বাস্তব ভিত্তিক অভিযোগ তার বিরুদ্ধে নাই। সিনহা বাবুকে এই ধরণের অভিযোগ দিয়ে তার ওপরে চাপ প্রয়োগ করে পদত্যাগ করানো হয়েছে।’
সিনহার বই নিয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক আলোচনা-সমালোচনা হলেও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ দ্রুত তদন্ত হওয়া উচিৎ বলে মনে করেন সংশ্লিষ্টরা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু নিয়ে ধুম্রজাল

দেবহাটা প্রতিনিধি : শিশু সন্তানকে পুকুরে ছুড়ে ফেলে হত্যার খবরে নিজের অসুস্থতা ভুলে হাসপাতাল ছেড়ে ছুটে গেলেন এক বাবা। এর পর নিজের শিশুকে দেখেই ফের জ্ঞান হারালেন তিনি।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার দেবহাটার পুস্পকাটিতে। পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে।
তার স্বজনরা জানান, পুস্পকাটি গ্রামের ফরহাদ হোসেন তার শিশু কন্যা ফারিয়াকে নিয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ভোমরা বন্দরে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে কে বা কারা তার মাথায় সজোরে লাঠির আঘাত করে। ফরহাদ মুহুর্তেই জ্ঞান হারান। এই সুযোগে শিশু ফারিয়াকে (৪) দুর্বৃত্তরা নিকটস্থ পুকুরের পানিতে ছুড়ে ফেলে। স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করে দেয়।
এদিকে শুক্রবার সকালে কিছুটা সুস্থ হতেই ফরহাদের কাছে খবর আসে যে তার মেয়ে শিশু ফারিয়ার লাশ ভাসছে পুকুরে । এ খবর শুনে নিজের অসুস্থতার কথা ভুলে ফরহাদ দ্রুত ছুটে যান তার নিথর দেহী মেয়ের কাছে।
তবে এলাকাবাসী বলছেন ভিন্ন কথা। তারা বলেন ফরহাদকে কেউ লাঠি দিয়ে আঘাত করেনি। এমনকি তার মেয়েকে পুকুরে ছুড়ে ফেলে হত্যার ঘটনায় অন্য কেউ জড়িত নয়। তারা বলেন রাজনৈতিক কারণে ফরহাদের প্রতিবেশি মোকছেদ আলি এখন জেলে রয়েছে। তাকে জেলে পাঠানোর জন্য কয়েকজন লোককে সে দায়ী করে আসছিল। প্রতিশোধ নিতেই ফরহাদ মোকছেদ পরিবারের কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নিয়ে তার মেয়েকে হত্যার দায় এলাকার কয়েক যুবকের ওপর চাপাতে এই নাটক সাজিয়েছে। তারা আরও জানান ফরহাদের দেহে কোনো আঘাতের চিহৃ নেই।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলি জানান শিশু ফারিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন বিষয়টি অনেকটাই রহস্যাবৃত। পানিতে ডুবে মারা যাওয়া কিংবা আঘাত করে হত্যার কোনো চিহৃই শিশুটির দেহে নেই। এমনকি ফরহাদের দেহেও আঘাতের চিহৃ পাওয়া যায়নি। তদন্ত না করে কোনো কিছু নির্নয় করা কঠিন জানিয়ে তিনি বলেন ফরহাদকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest