পিছিয়ে পড়েও ৪-১ গোলে জিতলো রিয়াল

খেলার খবর: স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদের সময়টা দরুণ যাচ্ছে। লা লিগায় জিরোনার বিপক্ষে পিছিয়ে পড়েও ৪-১ গোলের জয় পেয়েছে রামোস-বেনজেমারা। এদিকে, দুর্দান্ত ছন্দে থাকা গ্যারেথ বেল টানা দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছেন।

এদিন ম্যাচের ১৬ মিনিটের মাথায়ই বোর্জা গার্সিয়ার গোলে পিছিয়ে পড়ে রিয়াল। এরপর ৩৯তম মিনিটে মার্কো অ্যাসেনসিও বক্সে ফাউলের শিকার হলে রামোস গোল করে দলকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে আরেকটি পেনাল্টি পায় রিয়াল। এবার গোল পান বেনজেমা। এরপর ৫৯তম মিনিটে গোল করেন বেল। আর ম্যাচের ৮০ মিনিটের সময় নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৪-১ করেন বেনজেমা।

এই জয়ের পর দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। অন্যদিকে, সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরা শিবপুরে আ. লীগ নেতা রবিউলের স্মরণসভা অনুষ্ঠিত

নাজমুল শাহাদাৎ (জাকির): সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলামের ৫ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, জামায়াত-শিবিরের তথাকথিত ধর্মের নামে সংখ্যালঘুসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোন ব্যক্তির আঘাত বা নির্যাতন করলে আর সহ্য করা হবে না। তাদের সকল আঘাত ও নির্যাতনের জবাব শক্ত হাতে দেওয়া হবে । চিহ্নিত জামায়াত শিবির ও বি.এন.পির সন্ত্রাসীদের আর এই সাতক্ষীরার মাটিতে কোন সন্ত্রাসী রাজত্ব কায়েম করতে দেয়া হবে না। যারা আমাদের স্নেহের রবিউল সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কে ধারালো দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে তাদের সবাইকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানান বক্তারা।’
রবিবার বিকালে সদরের খানপুর মাদ্রাসা প্রাঙ্গণে শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে, খানপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আহারুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক ওবায়দুর রহমান মানির সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমদ। সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন-অর-রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শওকত হোসেন, সাধারণ-সম্পাদক শাহজান আলী, জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ-সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাধারণ-সম্পাদক তুহিনুর রহমান তুহিন, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম, আকবার আলী, আবুল কালাম, গণেষ চন্দ্র প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আ.লীগসহ তৃণমূলে অবস্থান করা স্বাধীনতার স্বপক্ষের একজনের গায়েও যদি আঘাত আসে তার দাঁতভাঙা জবাব দেয়া হবে। মুক্তিযুদ্ধের সব শক্তিতে এক হয়ে কাজ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তারা বলেন, নাশকতা বিরোধী সকল প্রচেষ্টাকে রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় বক্তারা আরও বলেন, ২০১৩সালের ২৮শে ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলোয়ার হুসাইন সাঈদীর যাবজ্জীবন রায় কার্যকর হওয়ার পর পরই সদর উপজেলার শিবপুর ইউনিয়নে বি.এন.পি-জামায়াত-শিবিরের ক্যাডারা এলাকায় ব্যাপক তান্ডবলীলা শুরু করে। তারা সড়কের পাশের গাছ ও সর্বসাধারনের চলাচলের রাস্তা কেটে এলাকাটিকে বিচ্ছিন্ন্ করে ফেলে। অবরুদ্ধ করে ফেলে শিবপুরের সাথে অন্যান্য জায়গার যোগাযোগ। একপর্যায় ২৬ আগস্ট রাত্রে শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক রবিউল ইসলামকে সোনাডাঙ্গা রাস্তার ধারে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়াও সাতক্ষীরা সিটি কলেজের ছাত্রলীগ নেতা প্রভাষক মামুন হোসেন, আওয়ামীলীগ নেতা আবু রায়হান, জজ মিয়াসহ জামায়াত-শিবিরের হাতে বহু আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নিহত হয়েছে। বর্তমানে সরকারের প্রচেষ্টায় সাতক্ষীরা এখন শান্ত। কিন্তু এখনও মূল আসামী জামায়াত, শিবির, বি.এন.পির নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় না আনতে পারলে সাতক্ষীরায় আবারও তারা সংগঠিত হয়ে জঙ্গি তৎপরতা চালাতে পারে বলে আশংকা প্রকাশ করেন তারা। একারণে আর যাতে কোন মুক্তিযোদ্ধের স্বপক্ষের কাউকে জামায়াত-শিবির ও বি.এন.পির সন্ত্রাসী বাহিনীর হাতে নিহত না হতে হয় সেকারণে সকলকে এক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রুখে দাড়াঁনোর আহ্বান করে বক্তারা রবিউল হত্যার আসামীদের দ্রুত বিচারের জন্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আজহারুল ইসলাম, আনোয়ার ঢালী, ইব্রাহিম খলিল, শফিকুল ইসলাম, বাবু মহাদেব সরকার, মনোরঞ্জন সরকার, আবুল কাসেম, আব্দুল হাই, হাফিজুর রহমান, তৌহিদুর রহমান, ফজলুর হক, আমিনুর রহমান। আলোচনা সভা শেষে আওয়ামীলীগ নেতা রবিউল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাও. আফসার উদ্দীন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ জাতীয় কবি নজরুলের ৪২তম মৃত্যুবার্ষিকী

অনলাইন ডেস্ক: আজ (সোমবার) ১২ ভাদ্র, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী। সারাজীবন তিনি সাম্য ও মানবতার কথা বলেছেন। প্রেমের কবি কখনো ব্যাকুল হয়ে বলেছেন, ‘মোর প্রিয়া হবে এসো রানী, দেবো খোঁপায় তারার ফুল’, আবার সেই মানুষটির কণ্ঠেই দ্ব্যর্থহীন ভাবে উচ্চারিত হয়েছে ‘আমি মানি নাকো কোনো আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন!’
একারণেই তিনি বিদ্রোহী কবি বলে খ্যাত। একাধারে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক এমনকি রাজনীতিবিদ ও সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল ছিলেন সোচ্চার।
বাংলা ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ( ২৪ মে, ১৮৯৯) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। তার ডাক নাম দুখু মিয়া।
প্রাথমিক শিক্ষা ছিল ধর্মীয়। তার বিচিত্র জীবনে স্থানীয় এক মসজিদে মুয়াজ্জিন হিসেবেও ছিলেন তিনি। রুটির দোকানেও কাজ করেন তিনি। অসংখ্য কবিতা ও গান রচনা করেন। আঠার বছর বয়সে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। ভারতীয় সেনাবাহিনীতে কিছুদিন কাজ করার পর সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন। এক সময় তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রামে অবতীর্ণ হন। এ সময় তিনি রচনা করেন ‘ব্রিদ্রোহী’ ও ‘ভাঙার গান’ কবিতা। এক সময় তিনি জেলে বন্দি হন। জেল বন্দি অবস্থায় তিনি লেখেন ‘রাজবন্দীর জবানবন্দি’।
কাজী নজরুলের লেখনি জাতীয় জীবনে অসাম্প্রদায়িক চেতনা বিকাশে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস। বাংলাদেশের স্বাধীনতার পর পরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্যস্বাধীন বাংলাদেশে নিয়ে আসেন। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তার বসবাসের ব্যবস্থা করেন। ধানমন্ডিতে কবির বসবাসের জন্য একটি বাড়ি প্রদান করেন তিনি। মধ্য বয়সে তিনি রোগাক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
দীর্ঘকাল অসুস্থ থাকার পর কবি ১৯৭৬ সালের ২৯ আগস্ট ( ১২ ভাদ্র ) ঢাকায় মৃত্যুবরণ করেন। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে দাফন করা হয়।
কবি নজরুলের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের দিয়ে দিবসটির কর্মসূচি পালন শুরু হবে। সংস্কৃতি মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানানো হবে।
বাংলা একাডেমি দিবসটি উপলক্ষে দুদিনের কর্মসূচি গ্রহণ করেছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, নজরুল একাডেমিসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিবসটি পালন করবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ডিসেম্বরে উৎপাদন শুরু মধুমতি পাওয়ার প্ল্যান্টের, কাজ চলছে পুরোদমে

অনলাইন ডেস্ক: এ বছরের ডিসেম্বরে উৎপাদনে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে বাগেরহাটের মোল্লাহাটের একশ’ মেগাওয়াট মধুমতি পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ চলছে। সংশ্লিষ্টরা জানান, এ পাওয়ার প্লান্টের ৬০ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি ৪০ শতাংশ কাজ ডিসেম্বরের আগেই সম্পন্ন হবে।
মোল্লাহাট উপজেলার মধুমতি নদীর তীরে গাড়ফা ও গ্রীসনগর মৌজার ১৬ একর জমিতে নির্মিত হচ্ছে মধুমতি পাওয়ার প্ল্যান্ট। নির্মাণ সংশ্লিষ্টরা জানান, এ পাওয়ার প্ল্যান্ট ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর এ কেন্দ্র উৎপাদনে যাবে। এতে দেশের বিদ্যুৎ চাহিদা অনেকাংশে পূরণ হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ২৮ জানুয়ারি মধুমতি পাওয়ার প্ল্যান্টের নির্মাণ কাজ শুরু হয়। চায়না ন্যাশনাল ম্যাশিনারি ইমপোর্ট অ্যান্ড ইক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) কারিগরি সহায়তায় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ইতোমধ্যে এই প্রকল্পের ৬০ শতাংশ কাজ সম্পন্ন করেছে। এর মধ্যে বালু ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, ৬টি ইঞ্জিন ও জেনারেটর স্থাপনের কাজ শেষ হয়েছে। এখন চলছে কন্টোল রুম, আবাসিক ভবন ও সংযোগ স্থাপনের কাজ। সাত শতাধিক দেশি-বিদেশি শ্রমিক নির্মাণ কাজ করছেন। এ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ গোপালগঞ্জ পুলিশ লাইনসের কাছে অবস্থিত সাব-স্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত হবে।এদিকে, এ বিদ্যুৎকেন্দ্রকে কেন্দ্র করে বাগেরহাটে নতুন নতুন শিল্প-কারখানা গড়ে উঠতে বলে আশা করছেন স্থানীয়রা। তাদের ভাষ্য, এ বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে গেলে এ অঞ্চলে শিল্প-কারখানা গড়ে উঠবে। এতে বাগেরহাটের বেকার সমস্যা অনেকাংশে কমে যাবে।
বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু বলেন, ‘বর্তমান সরকারের সময় দক্ষিণাঞ্চলের যত উন্নয়ন হচ্ছে, এর মধ্যে অন্যতম একটি এই বিদ্যুৎ প্রকল্প। এখানে উৎপাদিত বিদ্যুৎ দেশের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। আবার এর মাধ্যমে এ অঞ্চলে শিল্প-কারখানা গড়ে উঠবে। এতে এখানকার মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের উপ-ঠিকাদারি প্রতিষ্ঠান লাম ইন্টারপ্রাইজের প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মো. জোবায়ের রহমান জানান, বালু ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, নদীর পাশে পাইলিংয়ের কাজ শেষ হওয়ার পর বর্তমানে ইন্টারন্যাল রোড, অ্যাপ্রোচ রোড, কানেকটিং রোড, আবাসিক ভবন, আনসার ব্যারাকসহ পাঁচটি ভবন নির্মাণের কাজ চলছে।কাজ তদারকির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘জিটেনকোর’র জুনিয়র ইঞ্জিনিয়ার মো. মোহব্বত মোল্লা বলেন, ‘ওয়েল ট্যাঙ্কারের কিছু মালামাল পথে আছে। সেগুলো আসলে আগামী মাসের মধ্যেই ওয়েল ট্যাঙ্কারের কাজ শেষ হবে। এখন জেনারেটরের সঙ্গে ইঞ্জিন ফিটিংয়ের কাজসহ পাঁচটি ভবন নির্মাণের কাজ চলছে।’
নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের উপ-সহকারী ব্যবস্থাপক মো. আনিছুর রহমান বলেন, ‘৬টি জেনারেটর এবং ৬টি ইঞ্জিন ইতোমধ্যে প্ল্যাটফর্মে বসানো হয়েছে। যথাসময়েই এটি উৎপাদনে যাবে।’
চায়না ন্যাশনাল ম্যাশিনারি ইমপোর্ট অ্যান্ড ইক্সপোর্ট করপোরেশনের চিফ ইঞ্জিনিয়ার টিনগো বলেন, ‘সব ফাইলিংয়ের কাজ শেষের পথে। যথাসময়ে কাজ হস্তান্তর করা হবে।’
মধুমতি পাওয়ার প্লান্ট প্রকল্পের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘পাওয়ার প্ল্যান্টের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সাড়ে ১৪ কিলোমিটার ট্রান্সমিশন লাইন হয়ে সাব-স্টেশনের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জয়ের হ্যাটট্রিক চেলসির

খেলার খবর: প্রিমিয়র লিগের চলতি মৌসুমের শুরুটা দারুণ হয়েছে চেলসির। হাডার্সফিল্ডের বিরুদ্ধে ৩-০ গোলে জয় দিয়ে অভিযান শুরু করেছিল চেলসি। উত্তেজনাপূর্ণ দ্বিতীয় ম্যাচে আর্সেনালকে ৩-২ গোলে পরাজিত করে দ্য ব্লুজ। তৃতীয় ম্যাচে কষ্ট করে হলেও নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ২-১ গোলে জয় তুলে নিল মাউরিজিও সারির শিষ্যরা।
ইডেন হ্যাজার্ড পেনাল্টি থেকে মৌসুমে নিজের প্রথম গোল করে চেলসিকে এগিয়ে দেন। নিউক্যাসল ৮৩তম মিনিটে জোসেলুর গোলে সমতায় ফিরে আসে। এরপর ৮৭তম মিনিটে ক্যাসলের খেলোয়াড় ইয়েদলিন নিজেদের জালে বল জড়িয়ে চেলসিকে জয়টাই উপহার দিয়ে দেন।
চেলসির নতুন কোচ মাউরিজিও সারি টানা তিন ম্যাচে জয় দেখলেন। সারি ক্লাবটির পঞ্চম কোচ হিসেবে প্রিমিয়ার লিগ শুরুর তিন ম্যাচে জয় পেলেন। এর আগে চেলসির হয়ে অ্যান্টনিও কন্তে, কার্লো আনচেলত্তি, হিডিংক এবং মরিনহো শুরুর তিন ম্যাচে জয় পেয়েছেন।
এই জয়ের পর তিন ম্যাচ শেষে চেলসির পয়েন্ট ৯। লিভারপুলেরও ৯ পয়েন্ট। দলটি আছে শীর্ষে। চেলসি দুইয়ে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ভিডিও গেমস টুর্নামেন্টে গোলাগুলি, নিহত ৪

বিদেশের খবর: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ভিডিও গেমস টুর্নামেন্টে গোলাগুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় রোববার ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি বিনোদন কমপ্লেক্সে এই ঘটনা ঘটে। খবর সিএনএনের।
সন্দেহভাজন একজন গুলিতে নিহত হয়েছে বলে জ্যাকসনভিল শেরিফ অফিস টুইটারে জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো গোলাগুলিতে কয়েকজনের হতাহতের খবর দিয়েছে।
ওই এলাকা এড়িয়ে চলার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা কয়েখটি ভিডিওতে ফুটবল ভিডিও গেইম চলার মধ্যে কয়েকটি গুলির শব্দ শোনা গেছে, সেই সঙ্গে গেইমারদের চিৎকারও শোনা যায়।
স্থানীয় সাংবাদিকরা জানিয়েছে, বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে রয়েছে, পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছেন সেখানে। আশাপাশের রাস্তাগুলো পুলিশ বন্ধ করে দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘মায়ের গায়ে হাত তোলায় স্ত্রীকে ডিভোর্স দিয়েছি’

অনলাইন ডেস্ক: জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে ১০ লাখ টাকার যৌতুক ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন তার স্ত্রী শারমিন সামিরা।
রবিবার বিকেলে ময়মনসিংহে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড. রেজাউল করিম খান দুলালও বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মোসাদ্দেক হোসেন সৈকত গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিয়ের পর থেকেই ও আমাকে আলাদা সংসার গড়ার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। কিন্তু আমার বাবা নেই, যে মায়ের কারণে আমি আজ ক্রিকেটার। সেই মাকে ছেড়ে কিভাবে আলাদা থাকি? এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি ওকে এটা নিয়ে অনেক বুঝিয়েছি।’
সৈকত আরও বলেন, ‘আমি যখন খেলার কারণে ট্যুরে থাকতাম তখন ও আমার মার সঙ্গে ঝগড়া করত। মাকে একাধিকবার মেরেছেও। এসব কারণে আমি গত ১৬ আগস্ট তাকে কোর্টের মাধ্যমে ডিভোর্স দেই।’
স্ত্রীর যৌতুকের অভিযোগ নিয়ে এ ক্রিকেটার বলেন, ‘দেখেন ওকে আমি গত ১৬ আগস্ট তালাক দিয়েছি। তার আগে ও কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি। তালাক দেয়ার পর ও নাটক শুরু করেছে। আমার ক্যারিয়ার ধ্বংসের চক্রান্ত করছে।
মোসাদ্দেক আরও বলেন, ‘আমি মনে করি যে এত খারাপ সময় আমার আসেনি যে যৌতুক নিয়ে আমার চলতে হবে। আমি শুনেছি যে ডিভোর্স দিলে নাকি এমন নারী নির্যাতন বা যৌতুকের একটা মামলা করা হয়। তারাও হয়তো তাই করেছে।’
তবে সৈকতের স্ত্রী সামিয়া শারমিন গণমাধ্যমকে জানান, সৈকতের দুর্দিনে আমি তার পাশে ছিলাম। তার অর্থ-খ্যাতি হওয়ার পর সে আমার সাথে বাজে ব্যবহার শুরু করে। মানসিক নির্যাতনের পাশাপাশি শারীরিক নির্যাতনও শুরু করে। এপ্রিলে আমি কনসিভ করি। রোজার ঈদের আগে আমার বাচ্চাটা নষ্ট হয়ে যায়। ঈদে সৈকত বাড়ি আসে। আমি তাদের বাসায় ছিলাম। তার মা আমাকে বললো, বাপের বাড়ি চলে যেতে। কারণ আমার সেভাবে যত্ন হচ্ছিল না সেখানে। দু’মাস ধরে আমি বাসায়। তারা আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করেনি।
প্রসঙ্গত, ২০১২ সালে মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে তার আপন খালাতো বোন সামিয়া শারমিনের বিয়ে হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তিন অভিনেত্রীর নায়ক সৌরভ গাঙ্গুলী

অনলাইন ডেস্ক: সৌরভ গাঙ্গুলী। ভারতের সফল অধিনায়কদের একজন। ক্রিকেট থেকে অবসর নিয়েছে বেশ কয়েক বছর। তবে ছোট পর্দায় বেশ সরব এ তারকা ক্রিকেটার। বলতে পারেন বিনোদন জগতেও সফল তিনি।
এবার ওপার বাংলার টলিউডের তিন সুপারস্টার নায়িকা শুভশ্রী, মিমি এবং নুসরাতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন সৌরভ।
আসন্ন দূর্গাপূজা উপলক্ষে একটি বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে পূজার গানের ভিডিওতে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে সৌরভ, শুভশ্রী, মিমি, নুসরাতকে। একই ভিডিওতে দেখা যাবে বনি সেনগুপ্ত এবং সঙ্গীত পরিচলাক জিৎ গাঙ্গুলীকেও।
আর এই মিউজিক ভিডিওর পরিচালক হলেন রাজ চক্রবর্তী। গানটি অবশ্য লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। কম্পোজিশন করেছেন জিৎ গাঙ্গুলী। ‘গাঙ্গুলী বাড়ির পুজোর গান’ লিখে সৌরভ আর শুভশ্রীর মাঝে বসে একটি ছবিও টুইট করেছেন জিৎ।
এর আগেও বিজ্ঞাপনে নুসরাত, শুভশ্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে বাংলার মহারাজকে। এবার টলিউডের তিন নায়িকাকে সঙ্গে নিয়ে পুজোর মিউজিক ভিডিওতে সুরভিত সৌরভ। বলাই বাহুল্য মিমি-শুভশ্রী-নুসরাত-সৌরভ জুটি এবার মাতিয়ে দেবে এই বড় উৎসবকে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest