সর্বশেষ সংবাদ-

সাতক্ষীরার কলারোয়ায় এক কলেজ ছাত্রীর আত্মহত্যা

কলারোয়া ডেস্ক: কলারোয়ায় সুন্দরী খাতুন নামে এক কলেজ ছাত্রী অজ্ঞাত কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের পাঁচ পোতা গ্রামে এই ঘটনা ঘটেছে ।আত্মহত্যা কারী সুন্দরী খাতুন ওই গ্রামের আনসার কর্মচারী মজনু রহমানের একমাত্র কন্যা। সে উপজেলার বঙ্গবন্ধু মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ।ঠিক কি কারণে মেয়েটি আত্মহত্যা করেছে তার নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায় নি।
কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এমন প্রশ্নের জবাবে নিহতের চাচা বলেন আমাদের পরিবার একটি সুখী পরিবার ।এমন ঘটনা অনাকাঙিখত।
এ ব্যাপারে কলারোয়া থানার চৌকস অফিসার ইনচার্জ জনাব মারুফ আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আমরা সুরতহাল সহ সকল আইনি কার্যক্রম শুরু করেছি।তদন্ত কার্যক্রম অব্যাহত আছে ।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বিশ্বকাপের ফেসবুক পেজের প্রচ্ছদে মাশরাফি

খেলার খবর: আগামী বছরের মে মাসে শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ার্ল্ড কাপ। এবারের আইসিসি বিশ্বকাপের ১২ তম আসরটি বসবে ইংল্যান্ডে।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থাটি, ইতোমধ্যে ক্রিকেটভক্তদের আগ্রহ বাড়াতে প্রচারণা শুরু করে দিয়েছে।

গত ১৭ জুলাই ‘ICC Cricket World Cup’ নামের খোলা ফেসবুক পেজের প্রচ্ছদের ছবিতে স্থান দেয়া হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

বিশ্বকাপের ম্যাচের টিকিট সংগ্রহের জন্য দর্শকদের আহ্বান করা হচ্ছে এই ফেসবুক পেজটি থেকে। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে উইকেট নেয়ার পর দুই হাত উঁচিয়ে মাশরাফির উদযাপনের ট্রেডমার্ক ছবিটিকেই ফেসবুক পেজের প্রচ্ছদে স্থান দিয়েছে আইসিসি।

আগামী বছরের ৩০ মে ওভালে স্বাগতিক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ‘২০১৯ বিশ্বকাপ’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি ২ জুন অনুষ্ঠিত হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আজ সাকিব-তামিমদের সামনে সিরিজ জয়ের হাতছানি

খেলার খবর: বাংলাদেশের সামনে আজ সিরিজ জয়ের হাতছানি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। গায়ানাতে আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে মাশরাফিদের। বাংলাদেশের লক্ষ্য এমনই। সেন্ট কিটসে অপেক্ষায় না থেকে গায়ানাতে সিরিজি জয় করতে চাইছে সফরকারীরা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে। বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি ও চ্যানেল নাইন ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

বাংলাদেশের জন্য ম্যাচটি যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ওয়েস্ট ইন্ডিজের কাছেও ম্যাচটি অনেক গুরুত্বের। বাংলাদেশের কাছে সিরিজ হার ঠেকাতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের সামনে। তাই আজ জয়ের সব পরিকল্পনা নিয়ে মাঠে নামবে গেইল-রাসেলরা। তবে বাংলাদেশের কাছে প্রথম ম্যাচ হেরে মাথা উঁচু করে দাঁড়ানো বেশ কঠিন হবে ক্যারিবিয়ানদের! টেস্টে বাজেভাবে পরাজিত হওয়ার পর ওয়ানডে সিরিজে দাপটের সঙ্গেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাশরাফিদের জয় ৪৮ রানের। টেস্টের ব্যর্থতা ছাপিয়ে উঠতে নিজেদের সেরা ফরম্যাটকে বেছে নিয়েছে বাংলাদেশ। তাই দ্বিতীয় ম্যাচে প্রথম ওয়ানডের ধারাবাহিতকতা ধরে রাখতে চায় সফরকারীরা। টেস্টে যেই টপ অর্ডার ছিল ছন্নছাড়া, সেই টপ অর্ডারই ছন্দে ফিরেছে ওয়ানডেতে। তাই বাংলাদেশের সিরিজ জয় কিংবা ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ফেরার লড়াই-সবমিলিয়ে আজকের ম্যাচটি হবে তাতিয়ে দেওয়া এক লড়াই।

অথচ দুই দিন আগেও ভিন্ন রূপ ছিল দুই শিবিরের চিত্র। টেস্ট সিরিজে বিধ্বস্ত বাংলাদেশের আত্মবিশ্বাস ছিল একেবারে তলানিতে। সাম্প্রতিক পারফরম্যান্সে নেতিবাচক শিরোনামে জর্জরিত হতে হচ্ছিল টাইগারদের। প্রথম ওয়ানডেটা আপাতত আত্মবিশ্বাসটা ফিরিয়েছে। ঘুরে দাঁড়ানোর স্পৃহা ফুটিয়ে তুলেছে। এবার সেসব ধরে রাখার সঙ্গে সিরিজ জয়ের মিশন।

মাঠের লড়াই যেমনই হোক না কেন, কথার লড়াইয়ে গায়ানাতেই ম্যাচটি জিততে চাইছে দুই দল। সিরিজ নিশ্চিত করার কথা বলেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে আগের ম্যাচের ভুল শুধরে সিরিজে ফিরতে চান ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।

প্রথম ম্যাচে ৪৮ রানের জয়টি এসেছিল দলের সিনিয়র ক্রিকেটার সাকিব-তামিম-মুশফিক-মাশরাফিদের অবদানে। এই ম্যাচে জুনিয়রদের ওপর দায়িত্ব পড়লে তাদেরও নিজেদের কাজটা ঠিকমতো করতে হবে। তরুণরা তাদের কাজটা ঠিকমতো করতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ চলে আসবে বাংলাদেশের।

আজকের ম্যাচে দলে কিছু পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচে শূন্য রানে ফিরেছেন ওপেনার এনামুল হক। এই ম্যাচে কপাল পুড়তে পারে তার। প্রস্তুতি ম্যাচে ৭০ রান করা লিটনকে দেখা যেতে পারে আগের ম্যাচে ১৩০ রান তামিমের সঙ্গে। লিটনকে নিচের দিকে খেলানোর পরিকল্পনা থাকলে বাদ পড়তে পারেন সাব্বির রহমান। শেষ ম্যাচে তিনিও দলের প্রয়োজনে কিছু করতে পারেননি। তবে উইনিং কম্বিনেশন রেখে দিলে হয়তো আরও একবার সুযোগ পেতে পারেন সাব্বির কিংবা এনামুল।

মাশরাফি গত ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। দ্বিতীয় ম্যাচে ধারালো বোলিংয়ের পসরা সাজাতে চাইবেন। তবে এই ম্যাচে রুবেল হোসেন ও মোস্তাফিজকেও বাড়তি দায়িত্ব নিতে হবে। এর বাইরে তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন বল হাতে ছিলেন দারুণ নিয়ন্ত্রিত। সব মিলিয়ে দারুণ উদ্দীপ্ত বাংলাদেশ।

জিততে গেলে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশকে। আগের ম্যাচে ক্যারিবিয়ানরা প্রচুর ক্যাচ মিস করেছিল। সেই সুযোগটা ভালো মতো কাজে লাগাতে পেরেছে তামিম-সাকিব। দ্বিতীয় ম্যাচে সেই সুযোগ নাও মিলতে পারে। তাই বাংলাদেশের খেলোয়াড়দের তিনটি বিভাগেই সেরাটা খেলতে হবে।

এদিকে বাংলাদেশকে আটকানোর পরিকল্পনায় বেশ শক্তিশালী পরিবর্তন আনতে পারে ক্যারিবীয়রা। প্রথম ম্যাচে ক্যাচ মিসের যে মহড়া দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, সেটা ঠিক করে নিতে বাড়তি অনুশীলন করেছে। ক্যারিবিয়ান একাদশেও বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে।

মোট কথা বাংলাদেশের জন্য কঠিন ফাঁদ পাততে যাচ্ছে স্বাগতিকরা। গায়ানাতে প্রথম ম্যাচের মতো উইকেট হচ্ছে না। নতুন বলে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিছুটা সময় ক্যারিবিয়ান বোলারদের দ্বারা ভুগতে হয়। সেই হিসেবে প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে আরও দ্রুত গতির পিচ হওয়ার সম্ভাবনা বেশি। স্বাগতিক দেশ হিসেবে প্রথম ম্যাচে পিচ থেকে তেমন সুবিধা আদায় করে নিতে পারেননি ক্যারিবিয়ান বোলাররা। তাই এমন পরিবর্তন।
তবে বাংলাদেশের ভাবনায় শুধুই সিরিজ জয়। দ্বিতীয় ম্যাচের দিকেই তাকিয়ে আছেন বাংলাদেশের সহ অধিনায়ক সাকিব আল হাসান, ‘গায়ানার মাঠ, মাটি অনেকটাই বাংলাদেশের মতো। যেটা আমাদের জন্য ইতিবাচক। বুধবার আমাদের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আছে। আমরা ওই ম্যাচের জন্য মুখিয়ে আছি।’

স্বাগতিকরা অবশ্য ছেড়ে দেওয়ার পাত্র নয়। সিরিজ বাঁচানোর ম্যাচে মরণকামড় দেবে ক্যারিবিয়ানরা। হোল্ডারের কথাতেই আছে তেমন ইঙ্গিত, ‘আগের ম্যাচে আমরা বেশকিছু ভুল করেছি। এক ম্যাচে এতগুলো ভুল করে আপনি জিততে পারবেন না। আমাদের তিন বিভাগে আরও উন্নতি করতে হবে। পিচটা খুবই ভালো, ব্যাটিং সহায়ক। আশা করছি পরের ম্যাচটি জিতে আমরা সিরিজে ফিরব।’

ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে ২০১৬ সালের সেপ্টেম্বরের পর আবারও ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ নিতে পারবে বাংলাদেশ। সেই অপেক্ষাতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিরা। যদিও হিসেব নিকেশে সতর্ক বার্তা দিয়ে রাখছে ওয়েস্ট ইন্ডিজ। ২৯ বারের দেখায় ৮বার জিতেছে বাংলাদেশ আর ১৯ বার জয় পেয়েছে ক্যারিবীয়রা। তারপরেও পছন্দের ফরম্যাটে বাংলাদেশ দল চাইছে নিজেদের সেরাটা দিতে। তাদের ভাবনায় কেবল সিরিজ জয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পুলিশের মাদক বিরোধী বিশেষ আটক ৭২

আসাদুজ্জামান: সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪ জন মাদক মামলার আসামী ও জামায়াত-শিবিরের ৯ নেতা-কর্মীসহ ৭২ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয়েছে ৫টি পেট্রোল বোমা ও ৬টি জিহাদী বইসহ বেশ কিছু মাদক দ্রব্য। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২৮ জন, কলারোয়া থানা থেকে ৭ জন, তালা থানা ১২ জন, কালিগঞ্জ থানা ৯ জন, শ্যামনগর থানা ১১ জন, আশাশুনি থানা ৯ জন, দেবহাটা থানা ৩ জন ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কয়লা দুর্নীতি; ১৯ জনের বিরুদ্ধে মামলা

দেশের খবর: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে ১ লাখ ৪৪ হাজার মে. টন কয়লা গায়েবের ঘটনায় সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদসহ ১৯ জনের বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। একইসঙ্গে মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে নথি পাঠানো হয়েছে।

পার্বতীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ফখরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘মামলাটি দুদকের আওতাধীন হওয়ায় তদন্তের জন্য ইতোমধ্যেই দুদকে পাঠানো হয়েছে।

মামলার আসামিরা হলেন- সাময়িক বরখাস্তকৃত বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) নুর-উজ-জামান চৌধুরী, উপ-মহাব্যবস্থাপক (স্টোর) একেএম খালেদুল ইসলাম, সদ্য বিদায়ী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হাবিব উদ্দিন আহমেদ, সদ্য বিদায়ী কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) আবুল কাশেম প্রধানীয়া, ব্যবস্থাপক (এক্সপ্লোরেশন) মোশাররফ হোসেন সরকার, ব্যবস্থাপক (জেনারেল সার্ভিসেস) মাসুদুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) অশোক কুমার হালদার, ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) আরিফুর রহমান, ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স) জাহিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপক (সেফটি ম্যানেজমেন্ট) একরামুল হক, উপ-ব্যবস্থাপক (কোল হ্যান্ডলিং ম্যানেজমেন্ট) মুহাম্মদ খলিলুর রহমান, উপ-ব্যবস্থাপক (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন) মোর্শেদুজ্জামান, উপ-ব্যবস্থাপক (প্রোডাকশন ম্যানেজমেন্ট) হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) জাহেদুর রহমান, সহকারী ব্যবস্থাপক (ভেল্টিলেশন ম্যানেজমেন্ট) সত্যেন্দ্রনাথ বর্মন, ব্যবস্থাপক (নিরাপত্তা) সৈয়দ ইমাম হাসান, উপ-মহাব্যবস্থাপক (মাইন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) জোবায়ের আলী, প্রাক্তন মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী এবং মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) গোপাল চন্দ্র সাহা।

অভিযোগে জানানো হয়, খনি উন্নয়নের সময় (২০০১) থেকে ১৯ জুলাই ২০১৮ পর্যন্ত মোট ১ কোটি ১ লাখ ৬৬ হাজার ৪২ দশমিক ৩৩ মে. টন কয়লা উৎপাদন করা হয়েছে। উৎপাদিত কয়লা থেকে পার্শ্ববর্তী তাপ বিদ্যুৎকেন্দ্রে ৬৬ লাখ ৮৭ হাজার ২৯ দশমিক ২৯ মে. টন কয়লা সরবরাহ, বেসরকারি ক্রেতাদের কাছে ডিও’র মাধ্যমে ৩৩ লাখ ১৯ হাজার ২৮০ দশমিক ৩৭ মে. টন কয়লা বিক্রি এবং কয়লা খনির বয়লারে ১২ হাজার ৮৮ দশমিক ২৭ মে. টন কয়লা ব্যবহার করা হয়। কয়লার উৎপাদন, বিক্রি ও ব্যবহার হিসাব করলে ১৯ জুলাই কোল ইয়ার্ডে রেকর্ডভিত্তিক কয়লার মজুদ দাড়ায় ১ লাখ ৪৭ হাজার ৬৪৪ দশমিক ৪০ মে. টন। কিন্তু বাস্তবে মজুদ ছিল প্রায় ৩ হাজার মে. টন কয়লা। অর্থাৎ ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ দশমিক ৪০ মে. টন কয়লা ঘাটতি রয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ২৩০ কোটি টাকা বলে জানানো হয়।

অভিযোগে বলা হয়, এই ঘটনায় চারজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ১৫ জন আসামি অনেক আগে থেকেই তৎকালীন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যোগসাজসে সংঘটিত কয়লা চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে অনুমিত হয়।

মজুদকৃত কয়লার হিসাবের গড়মিলের বিষয়টি দুর্নীতি দমন প্রতিরোধ আইনের ৫ (২) এবং ৪০৯ ধারা অনুযায়ী এজাহারভুক্ত করে তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আরও ৪-৫ দিন থাকবে বৃষ্টি

দেশের খবর: বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টি হচ্ছে। যা আগামী আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বুধবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫- থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো কিংবা দমকা হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান-ভারতের উত্তরপশ্চিম ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ এবং তৎসংলগ্ন উত্তর প্রদেশে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাহাড় ধসে চার ভাই-বোনসহ নিহত ৫

দেশের খবর: কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৫ জুলাই) বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই এলাকার জামাল হোসেনের মেয়ে মর্জিয়া আকতার (১৪), কাফিয়া আকতার (১০), আবদুল খাইর (৮) ও খাইরুন্নেছা (৬)।

নিহতদের মামা খোরশেদুল আলম জানান, ভোরে উঠে মা বাড়ির বাইরে কাজ করছিলেন। এসময় হঠাৎ বাড়ির পাশের পাহাড় ধসে বাড়ির উপর পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়ে যায়। এ ঘটনায় মা চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। তাৎক্ষণিক স্থানীয় মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে মানুষ ডাকা হয়।

এদিকে কক্সবাজারের রামুর মিথাছড়িতেও পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

 

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরার তুজুলপুরে সার্কাসের আড়ালে চলছে রমরমা জুয়ার আসর

নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের তুজুলপুর হাইস্কুল মাঠে সার্কাসের অনুমোদন নিয়ে চলছে রমরমা জুয়ার আসর। অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই প্রতি রাতে এ জুয়ার আসর বসানো হচ্ছে। এতে আয়োজক কমিটির সদস্য ছাড়াও একটি মহল লুটে নিচ্ছে প্রতিদিন কয়েক লাখ টাকা। নিঃস্ব হচ্ছে খেটে খাওয়া মানুষ। এলাকায় বেড়েছে চুরি ও ছিনতাই।
তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, তুজুলপুর কৃষি ক্লাবের আয়োজনে তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গত ১৭ জুলাই থেকে শুরু হয়েছে ‘দি বাংলাদেশ গোল্ড সার্কাস’। জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্কাস চালানোর জন্য ১২ দিনের অনুমতি নেওয়া হয়েছে। সার্কাস পরিচালনার দায়িত্বে রয়েছেন নওয়্পাাড়ার শফিকুল ইসলাম। মাঠ ব্যবহারের জন্য বিদ্যালয় পরিচালনা পরিষদের আজীবন সদস্য ও স্থানীয় কৃষি ক্লাবের সভাপতি ইয়ারব হোসেন তাদের কাছে অনুমতি নিয়েছে। এজন্য সার্কাস শেষ হলে কিছু টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
তুজুলপুর গ্রামের আরাফাত হোসেন, ইমন ও আকাশ জানান, ১৭ জুলাই সার্কাস শুরু হলেও সন্ধ্যার পর থেকে প্যাণ্ডেলের মধ্যে ক্যাসিনো (চরকি) জুয়া শুরু হয়। রাত ১১ টা থেকে পরদিন ভোর চারটা পর্যন্ত চলে ওয়ান টেন। ভ্যান চালক, দিন মজুর, ব্যবসায়ি ছাড়াও বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন এ খেলায় অংশ নিচ্ছে। নামে সার্কাসের ম্যানেজার হলেও জুয়া খেলার পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করে যাচ্ছেন শফিকুল ইসলাম। জুয়ার জন্য শফিকুলকে সার্কাস আয়োজক কমিটিকে দিন প্রতি দিতে হচ্ছে মোটা অংকের টাকা। এ ছাড়াও প্রশাসনকে ম্যানেজ করতে গুণতে হচ্ছে মোটা অংকের টাকা। সব মিলিয়ে খরচ বাদ দিয়ে শফিকুল ইসলাম প্রতিদিন জুয়ার মাধ্যমে লুটে নিচ্ছেন লাখ লাখ টাকা।
তারা আরো জানান, সার্কাস দেখতে প্রতিদিন এক’শ লোক না হলেও জুয়ার বোর্ডে আসে কয়েক’শ মানুষ। এরমধ্যে ভ্যান চালক, দিনমজুর, শিক্ষার্থী, ব্যবসায়ি, চাকুরীজীবি রয়েছেন। সার্কাসের নিরাপত্তা দেওয়ার নামে প্রশাসনের সদস্যদের কেউ কেউ জুয়ায় অংশ নিচ্ছেন। তাবে তারা হারলে টাকা ফেরৎ দেওয়া হচ্ছে। জুয়ার খরচ যোগাতে মাঠের পাশেই ওঁৎ পেতে রয়েছেন এক শ্রেণীর মানুষ, যারা কিনছেন মোটর সাইকেল, সাইকেল, ভ্যান, মোবাইল ফোন, ছাতাসহ বিভিন্ন সামগ্রী। কম দামে এসব জিনিস বিক্রি করে জুয়ার বোর্ডে নিঃস্ব হয়ে অনেকেই চুরি ও ছিনতাই করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলী হোসেনকে না জানিয়েই মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ায় বিরোধ দেখা দিলেও পরে তা মিটিয়ে নেওয়া হয়েছে। সার্কাস শুরু থেকে হাউজিং খেলা চললেও তিন দিন পর সদর থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে তা বন্ধ করে দেওয়া হয়।
সার্কাস ও জুয়াসহ সমগ্র কর্ম পরিকল্পনা দেখভালের দায়িত্বে রয়েছেন সার্কাস আয়োজক কমিটির সভাপতি ইয়ারব হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রহমান, কোষাধ্যক্ষ সুদে ফারুক, ইয়ারব হোসেনের ভাগ্নে মনি, জাহাঙ্গীর, কবিরুলসহ কয়েকজন। প্রথম দিনে জুয়ার বিরোধিতা করায় আবুসাব নামের একজনকে পেটানোর পর ক্লাবে আটক রাখা হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। এহেন পরিস্থিতিতে সোমবার এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়েছে।
তুজুলপুর মাধমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলী হোসেন জানান, সার্কাস অনুমোদন দেওয়ার ব্যাপারে তাকে প্রথমে জানানো না হলেও পরে তাকে অবহিত করা হয়েছে। তবে সেখানে যে জুয়া চলছে এটা তিনি জানেন না। তবে জুয়া চললে এলাকায় ক্ষতি হয়। সেকারণে আজই খোঁজ নিয়ে তা বন্ধ করে দেওয়া হবে।
সার্কাস আয়োজন কমিটির সভাপতি ইয়ারব হোসেন সার্কাসের আড়ালে জুয়া চলার কথা অস্বীকার না করেই বলেন, কৃষি ক্লাবটা ভাড়া নেওয়া। তাই নিজস্ব জায়গা কিনে ভবন করার প্রাথমিক উদ্যোগ হিসেবে এটা তারা করছেন। তবে বিষয়টি চেপে যাওয়ার জন্য অনুরোধ জানান।
সার্কাস প্যণ্ডেলের ম্যানেজার কাম জুয়ার ঠিকাদার শফিকুল ইসলাম বলেন,সার্কাসের সঙ্গে একটু আধটু না চললে যাব কোথায় বলুন।
সাতক্ষীরা জেলা প্রশাসক ইফতেখার হোসেন জানান, তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সার্কাসের অনুমোদন দিলেও সেখানে কোন জুয়ার অনুমোদন দেওয়া হয়নি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, তাৎক্ষণিক জুয়া খেলার খবর পেলে তা বন্ধ করে দেওয়া হবে। ব্যবস্থা নেওয়া হবে কমিটির সদস্যদের বিরুদ্ধে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest