সর্বশেষ সংবাদ-

জাপানকে ডুবিয়ে যুক্তরাষ্ট্রকে ছাইভস্ম বানাতে চায় উত্তর কোরিয়া

পারমাণবিক অস্ত্রের পরীক্ষার জেরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা প্রস্তাব ও নিষেধাজ্ঞায় সমর্থন দেওয়ায় জাপানকে ‘ডুবিয়ে দেওয়া’ ও যুক্তরাষ্ট্রকে ‘ছাইভস্ম ও অন্ধকারাচ্ছন্ন’ করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়ার একটি রাষ্ট্রীয় সংস্থা।

স্থানীয় সময় বৃহস্পতিবার সংস্থাটির পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হয়।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংভিত্তিক কোরিয়া এশিয়া-প্যাসিফিক পিস কমিটি নামে সংগঠনটি বৈদেশিক সম্পর্ক ও প্রচারণার কাজে নিয়োজিত আছে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ‘শয়তানের হাতিয়ার’ উল্লেখ করে তা ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিতে (কেসিএনএ) প্রকাশিত ওই সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘জুচের (উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মতাদর্শ) পারমাণবিক বোমায় দ্বীপপুঞ্জের চারটি দ্বীপ ডুবে যাওয়া উচিত। আমাদের কাছে জাপানের অস্তিত্ব থাকার দরকার নেই।’

গত ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক পরীক্ষা চালালে কোরীয় উপদ্বীপে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। উত্তর কোরিয়া ওই পরমাণু অস্ত্রটিকে সবচেয়ে শক্তিশালী হিসেবে ঘোষণা দিয়েছে।

উত্তর কোরিয়ার ওই পরীক্ষার জবাবে ১৫ সদস্যের জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত সোমবার সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করে। ওই নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার বস্ত্র রপ্তানি আটকে দেওয়া হয়েছে।

জাতিসংঘের ওই নিষেধাজ্ঞার কড়া জবাব দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পুলিশ হবে সেবক, শাসক নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর উদ্দেশে বলেছেন, ‘আপনারা স্বাধীন দেশের পুলিশ, বিদেশি শোষকদের পুলিশ নন; আপনারা জনগণের পুলিশ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আরো প্রতিজ্ঞা করুন, আমরা এমন পুলিশ গঠন করব, যে পুলিশ হবে মানুষের সেবক, শাসক নয়।’

আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৪তম বিসিএস ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

প্যারেড পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। কুচকাওয়াজে ২৬ নারী কর্মকর্তাসহ ১৪১ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশগ্রহণ করেন। এর আগে সকালে হেলিকপ্টারে করে সারদায় পৌঁছান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমি আমাদের পুলিশ বাহিনীকে সব সময় আইনের রক্ষকের ভূমিকা হিসেবে দেখতে চাই। দেশের প্রচলিত আইন, সততা ও নৈতিক মূল্যবোধই হবে পেশাগত দায়িত্ব পালনের পথপ্রদর্শক।’

পেশাগত দায়িত্ব পালনের সময় জনগণের মৌলিক অধিকার, মানবাধিকার ও আইনের শাসনকে সর্বাধিক গুরুত্ব দিতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী জানান, পুলিশে আরো ৫০ হাজার জনবল নিয়োগের সিদ্ধান্তে এরই মধ্যে ৪২ হাজার ২২৫টি পদ সৃষ্টি করা হয়েছে। বর্ধিত জনবলের সঙ্গে যানবাহন ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে।

এ ছাড়া জঙ্গিবাদ, সন্ত্রাস নির্মূল এবং এই কাজে মদদদাতাদের আইনের আওতায় আনতে কাউন্টার টেররিজম ইউনিট গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিকেলে রাজশাহীর পবা উপজেলার হরিয়ান এলাকার রাজশাহী চিনিকল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা। এ সময় রাজশাহীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তাঁর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আবারও বিজ্ঞাপনে কোহলি-আনুশকা

সেই ২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপন দিয়ে শুরু। আর বাকিটা ইতিহাস। ইতিহাসের কারণ, এই বিজ্ঞাপনের মাধ্যমেই ভারতের ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও ‘যাব হ্যারি মেট সেজাল’ খ্যাত তারকা আনুশকা শর্মা পরিচয়। যে পরিচয় এখন পরিণত হয়েছে পরিণয়ে। আর এই প্রেমকে সঙ্গী করে দুজন আবারও অভিনয় করতে যাচ্ছেন বিজ্ঞাপনে। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সে বিজ্ঞাপনের বিভিন্ন ছবি। ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে যা ছড়িয়ে দিয়েছেন কোহলি-আনুশকার ভক্তরা।

ডিএনএ ইন্ডিয়ার খবরে প্রকাশ, চার বছর পর আবারও একসঙ্গে বিজ্ঞাপনে অভিনয় করতে যাচ্ছেন কোহলি। ভাইরাল হয়ে যাওয়া ছবিগুলোতে দেখা যায় দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। আবার অন্য একটি ছবিতে কোহলি-আনুশকাকে একে ওপরের দিকে তাকিয়ে থাকতেও দেখা যায়। যদিও কোন পণ্যের বিজ্ঞাপনে শুটিং করছেন তাঁরা তা নিশ্চিত হওয়া যায়নি। আগে লুকোচুরি করলেও বর্তমানে সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা কোহলি-আনুশকা। কাজের ব্যস্ততার ফাঁকে একে অপরের সঙ্গে সময় কাটানোর সামান্যতম সুযোগও হাতছাড়া করেন না তাঁরা। প্রায়ই আনুশকার ছবির সেটে দেখা যায় কোহলিকে।

কোহলির সঙ্গে এই বিজ্ঞাপনের পাশাপাশি ‘পরী’, ‘সুই দাগা-মেড ইন ইন্ডিয়া’, ‘পানি’, ‘কেন্দা’ এবং পরিচালক আনন্দ এল রায়ের পরবর্তী ছবিতে অভিনয় করতে দেখা যাবে আনুশকাকে। এ ছাড়া সঞ্জয় দত্তের জীবনীনির্ভর ছবি ‘দত্ত’তে অতিথি চরিত্রে থাকছেন আনুশকা।

অন্যদিকে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি খেলতে এখন ভারতে অবস্থান করছে অস্ট্রেলিয়া। তাই ভারতের মাটিতে অস্ট্রেলিয়া বধের ছক কষতে ব্যস্ত অধিনায়ক কোহলি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কাঁচা পেঁপে খাবেন যে কারণে

পেঁপে সারা বছরই পাওয়া যায়। পেঁপে একদিকে যেমন সবজি, অন্যদিকে ফল। কাঁচা থাকতে পেঁপে সবজি—ভর্তা, ভাজি আর রান্না করে খাওয়া যায়। আর পাকলে পেঁপে হয়ে যায় সুস্বাদু ফল। অতিপরিচিত পেঁপের আরেকটি নামও কিন্তু আছে, নামটি হলো অমৃততুন্বী।

১০০ গ্রাম পেঁপেতে শর্করা থাকে ৭.২ গ্রাম, খাদ্যশক্তি ৩২ কিলোক্যালরি, ভিটামিন সি ৫৭ মিলিগ্রাম, সোডিয়াম ৬.০ মিলিগ্রাম, পটাশিয়াম ৬৯ মিলিগ্রাম, খনিজ ০.৫ মিলিগ্রাম এবং ফ্যাট মাত্র ০.১ গ্রাম। এই উপাদানগুলো শুধু শরীরের চাহিদাই মেটায় না, রোগ প্রতিরোধেও অংশ নেয়। চলুন জেনে নিই কাঁচা পেঁপের কয়েকটি উপকারিতা-

হৃদরোগের ঝুঁকি কমায়ঃ ব্লাড প্রেসার ঠিক রাখার পাশাপাশি রক্তের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। এমনকি শরীরের ভেতরের ক্ষতিকর সোডিয়ামের পরিমাণকেও কমিয়ে দেয়। ফলে হৃদরোগের সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। একারণেই হৃদরোগীদের সবসময় পেঁপে খেতে বলা হয়।

অতিরিক্ত ক্যালরি ও চর্বি কমিয়ে দেয়ঃ পেঁপেতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই ও এ। এগুলো ১০০ গ্রামে মাত্র ৩৯ ক্যালোরি দেয়। এছাড়া এতে বিদ্যমান এন্টি-অক্সিডেন্ট অতিরিক্ত ক্যালরি ও চর্বির পরিমাণ কমিয়ে দেয়।

ডায়াবেটিস রোগের পথ্যঃ ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে নিরাপদ ফল। কিছু গবেষণায় দেখা গেছে, পেঁপে শুধু ডায়াবেটিস রোগীদের জন্যই প্রয়োজনীয় ফল নয়, ডায়াবেটিস রোগ এড়ানোর জন্যও পেঁপে খান।

ওজন নিয়ন্ত্রণে রাখেঃ শরীরের মেদ ঝরাতে যাঁরা তৎপর, তাঁদের খাদ্যতালিকায় পেঁপে রাখুন। একদিকে যেমন কম ক্যালরি আছে, অন্যদিকে থাকা আঁশ পেট ভরা রাখতে সাহায্য করে। তাই ওজন নিয়ন্ত্রণে সবজি হিসেবে পেঁপে অনন্য।

ব্যথা নিরাময় করেঃ পেঁপের পুষ্টিগুণ মেয়েদের জন্য সবচেয়ে বেশি দরকারী। কারণ এটি মহিলাদের যে কোনো ধরনের ব্যথা কমাতে কার্যকারী ভূমিকা রাখে। পেঁপের পাতা, তেঁতুল ও লবণ একসাথে মিশিয়ে পানি দিয়ে খেলে ব্যথা একেবারে ভালো হয়ে যায়।

ত্বকের যত্নেঃ কাঁচা পেঁপের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ক্ষতের ইনফেকশন হওয়া থেকে মুক্তি দেয়। কাঁচা পেঁপে ত্বকের জন্যও বেশ ভালো একটি খাদ্যউপাদান। বেশিরভাগ ভালো ত্বকের প্রোডাক্টে কাঁচা পেঁপের ব্যবহার হয়ে থাকে। কাঁচা পেঁপে ত্বকের ব্রণ ও নানান ধরণের চামড়ার রোগ থেকে আমাদের রক্ষা করে। প্রতিদিন কাঁচা পেঁপে বাটা ত্বকে লাগালে ত্বক হয়ে উঠে উজ্জ্বল ও মসৃণ। সূত্র: দি হেলথ সাইট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোনালদোর জোড়া গোলে দারুণ শুরু রিয়ালের

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে আপোয়েল নিকোশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা ধরে রাখার অভিযানে শুভসূচনা করেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে জিনেদিন জিদান শিষ্যরা।
দলের হয়ে অন্য গোলটি করেন সার্জিও রামোস।

‘এইচ’ গ্রুপে বুধবার রাতে ঘরের মাঠ সান্থিয়াগো বার্নাব্যুতে অ্যাপোয়েলকে আতিথিয়েতা জানায় রিয়াল। তবে ম্যাচে প্রায় একক আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

শিরোপা ধরে রাখার মিশনে রিয়ালের হয়ে প্রথম একাদশে মাঠে নামেন রোনালদো। নিষেধাজ্ঞার কারণে লিগ ম্যাচে খেলতে না পারা এ তারকা মাঠে নেমেই ঝলক দেখালেন। ম্যাচের ১২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে দলের লিড দ্বিগুণ করেন রোনালদো। ম্যাচের ৬১ মিনিটে ওভারহেড থেকে দলের তৃতীয় ও জয়সূচক গোলটি করেন গ্যালাকটিকো অধিনায়ক রামোস।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে টাকা আদায়: সেই এসআই প্রত্যাহার

ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায়, জায়গা দখলের জন্য একটি পরিবারকে নির্যাতন করাসহ নানা অভিযোগ ওঠায় এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার করা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওই এসআইয়ের নাম তারেক সুমন। গত সোমবার রাতেই তাঁকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, এসআই তারেক সুমনের বিরুদ্ধে এর আগে আসা অভিযোগগুলো এবং সংবাদপত্রে প্রকাশিত অভিযোগগুলোর তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, তারেক সুমনকে অন্য রেঞ্জে পাঠিয়ে দেওয়ার (রেঞ্জ আউট) পদক্ষেপও নেওয়া হচ্ছে।

গত সোমবার গণমাধ্যমে ‘২ লাখ টাকা না দিলে আধঘণ্টার মধ্যে ক্রসফায়ার’ শিরোনামে এসআই তারেক সুমনের নানা অপকর্মের বিষয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর রাতেই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান তাঁকে ক্লোজ করার নির্দেশ দেন।

এসআই তারেক সুমনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ এবং আদালতে মামলা হয়েছে দুটি ঘটনায়। মাদক ব্যবসায় মদদ দেওয়া এমন পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে।

এর মধ্যে গত ২০ জুন সদর উপজেলার চিনাইর গ্রামের আতাউর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন এসআই তারেক সুমন ও যুবরাজ নামে একজনের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়- গোলাম রহমান ও আবদুল কুদ্দুস চৌধুরী, শামসুদ্দিন চৌধুরী, মোশাররফ হোসেন চৌধুরী ও আবদুল কাহার চৌধুরীর কাছ থেকে ১৯৮৯ সালের ১৩ ডিসেম্বর ৯ শতক জমি কেনেন আতাউর। এরপরই ঘরবাড়ি করে সেখানে বসবাস শুরু করেন। বাংলাদেশ জরিপামলে এসএ ১২৮০ দাগ, বিএস ৩৬২৫, ৩৬২৮ ও ৩৬৩৩ দাগে এই জমি লিপিবদ্ধ হয়।

তবে আতাউরের নামে বিএস খতিয়ান লিপি না হওয়ায় বিএস খতিয়ান সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালতে (এলএসটি মামলা নং-২০৭/২০১৬ ইং) তিনি একটি মামলা করেন; যা বর্তমানে বিচারাধীন।

এই জায়গাটি দখল করার চেষ্টায় চিনাইর গ্রামের আবদুল হাইয়ের ছেলে জাহাঙ্গীর, জিল্লু রহমান ভূইয়ার ছেলে হামিদুল ভূইয়া, সামসু ভূইয়ার ছেলে আলম ভূইয়া, লাল মিয়ার ছেলে শাহ আলম ও ঘাটিয়ারা গ্রামের মোবারক পুলিশ দিয়ে আতাউরের ওপর নির্যাতন করাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জানান, ধারাবাহিকভাবে চলছে পুলিশি নির্যাতন। জায়গাটি লিখে না দেওয়ায় মাদক ও ডাকাতি মামলা দিয়ে জেলে পাঠানো হয় তাঁকে। ছয় মাস জেল খেটে সম্প্রতি বেরিয়ে আসেন তিনি। এখন আবার পুলিশ তাঁকে হত্যার হুমকি দিচ্ছে।

এর মধ্যে গত ৮ জুন এসআই তারেক সুমন পুলিশ দল নিয়ে আতাউরের বাড়িতে হানা দেন। এই সময় বাদী ও তাঁর স্ত্রীকে না পেয়ে তারেক গুলি করে মারার হুমকি দিয়ে আসেন।

অন্যদিকে ক্রসফায়ারে হত্যার ভয় দেখিয়ে দুই লাখ টাকা আদায় করার অভিযোগে এসআই তারেক সুমনের বিরুদ্ধে ২০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করেন মুক্তিযোদ্ধা হামদু মিয়া। এই মামলায় আরো তিনজন পাঘাচং বড়বাড়ির সোলেমান মিয়া, সরকারবাড়ির নুরুল ইসলাম, আটলার আনু মিয়াকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, গত ১৫ মার্চ হামদু মিয়ার ছেলে সালাহ উদ্দিন বিদেশ থেকে দেশে আসেন। দেশে আসার পর তিনি আত্মীয়স্বজনকে উপহার ও টাকা-পয়সা দেন এবং গরিব মানুষদের দান-খয়রাত করেন। এ বিষয়টি আসামিদের দৃষ্টিতে পড়ে। ১৬ এপ্রিল বিকেলে সালাহউদ্দিন চানপুর রেলব্রিজে বসে গল্পগুজব করার সময় এসআই তারেক সুমন সেখানে উপস্থিত হয়ে তাঁকে ধরে টেনেহিঁচড়ে চানপুর বাজারে এনে মাইক্রোবাসে উঠিয়ে নেন। এরপর কোড্ডা ব্রিজের কাছে নিয়ে গিয়ে তাঁকে নামায়। এ সময় তারেকের সঙ্গে অস্ত্রধারী আরো ছয়জন ছিল। তারেকসহ এরা নিজেদেরকে গোয়েন্দা পুলিশ বলে পরিচয় দেয়। তারা সালাহ উদ্দিনের কাছে দুই লাখ টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে আধ ঘণ্টার মধ্যে ক্রসফায়ারে মেরে ফেলবে বলে হুমকি দেয়। সালাহ উদ্দিন তার পিতাকে ফোনে এই খবর জানালে মুক্তিযোদ্ধা হামদু মিয়া ও পরিবারের অন্য সদস্যরা দ্রুত তারেক সুমনের নির্দেশিত স্থান চানপুর বাজার রেলগেটে পৌঁছায় টাকা নিয়ে। সেখানে টাকা গ্রহণ করে সালাহ উদ্দিনকে ছেড়ে দেয় এবং নিজেদের মধ্যে টাকা ভাগভাটোয়ারা করে চলে যায়।

এই মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মাসুদ আলম জানান- মামলাটির তদন্ত শেষ হয়নি। তবে তদন্ত অনেক দূর এগিয়েছে। কয়েকদিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

তারেক সুমন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় এএসআই হিসেবে যোগদান করেন ২০১৪ সালের ১৬ মার্চ। এসআই হিসেবে পদোন্নতির পর একই থানায় তাঁর পোস্টিং হয়।

এদিকে তারেক সুমনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে এমন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সচেতন ছাত্র সমাজ নামে একটি সংগঠনের সভাপতি শাহরিয়ার সাকিব। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য নাফিস মোহাম্মদ, সাব্বির রহমান, জুয়েল মিয়া প্রমুখ।

মানববন্ধন থেকে তারেক সুমনের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু তদন্তের আহ্বান জানানো হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ইন্দোনেশিয়ায় নিলয়-সারিকা

হাল প্রজন্মের ছোট পর্দার দুই জনপ্রিয় তারকা নিলয় ও সারিকা। সম্প্রতি জুটি হয়ে ‘আকাশ গঙ্গা’ নামের একটি নাটকে কাজ করেছেন তারা।
আর তারই সুবাদে রোমান্টিক প্রেমের গল্পের শুটিংয়ে বর্তমানে ইন্দোনেশিয়াতে রয়েছেন এই তারকা জুটি।

দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাখাওয়াৎ মানিক। এ প্রসঙ্গে নির্মতা মানিক জানালেন, ‘দর্শকদের ভিন্ন স্বাদের একটি গল্পে নাটকের বিনোদন দিতে এই নাটকটি নির্মাণ করেছি। এখানে গল্প ও নির্মাণের মুন্সিয়ানা পাবেন তারা। নিলয় ও সারিকা খুব ভালো কাজ করেছেন। তাদের ভক্তরা উপভোগ করবেন বলেই বিশ্বাস। ’

জানা গেছে, ‘আকাশ গঙ্গা’ নাটকে নিলয়কে দেখা যাবে একজন চিত্রশিল্পীর ভূমিকায়। বাংলাদেশের বিখ্যাত আঁকিয়ে অরিন। হেনা ইন্দোনেশিয়ার ক্যাপিটালে বসবাসরত আইনজীবী। বেশ কয়েক বছর ধরেই দু’জনের পরিচয় ও নিয়মিত আলাপ চলে। একদিন হঠাৎ করেই জাকার্তার এক পর্যটন কটেজে ঘুরতে আসে অরিন। সেখানকার পরিবেশে বিমুগ্ধ হয়ে নিজের ক্যানভাসে একে ফেলে কোনো এক অচেনা সুন্দরীর মুখ। ক্রমেই অরিনকে চমকে দিয়ে পেছন থেকে উঁকি দেয় ক্যানভাসে আঁকা সেই মুখটি। মেয়েটির নাম এনিসা। তবে এরই মাঝে সবাইকে চমকে দিয়ে সেখানে হাজির হয় হেনাও। এভাবেই এগিয়ে চলে গল্প।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পাকিস্তানে হিন্দু শিক্ষিকাকে অপহরণ, ধর্মান্তরিত করে বিয়ে

পাকিস্তানে এক হিন্দু শিক্ষিকাকে অপহরণের পর জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে। দেশটির সিন্ধু প্রদেশের খাইরপুর জেলায় গত শনিবার ঘটনাটি ঘটে।

দেশটির সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকার নাম আরতি কুমারী। তিনি খাইরপুর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

ওই শিক্ষিকাকে অপহরণের পর সিন্ধু প্রদেশে কর্মরত বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সাংবাদিক নায়লা ইনায়েত বিষয়টি নিয়ে একটি টুইট করেন। সেখানে নায়লা জানান, ১৯ বছরের আরতি ও তাঁর বাবা-মায়ের মাথায় বন্দুক ধরে ধর্মান্তরিত করে স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়া হয়।

নায়লা অভিযোগ করেন, সিন্ধুর প্রভাবশালী ধর্মীয় নেতা আমির ওয়াহসান পুরো ঘটনাটির সময় উপস্থিত থেকে বিষয়টি তদারকি করেছেন।

এপিতে প্রকাশিত এক প্রতিবেদনে নায়লা আরো জানান, জোর করে ধর্মান্তর করে বিয়েই শুধু নয়, আরতিকে দিয়ে জোর করে একটি চুক্তিনামায় সই করিয়েছেন আমির ওয়াহসান। যাতে লেখা আছে আরতি স্বেচ্ছায় ওই মুসলিম যুবককে বিয়ে করেছেন।

এদিকে আরতির বাবা ধামেশ শেঠ জানিয়েছেন, আরতির বিয়ে ঠিক হয়েছিল। আসছে নভেম্বরে পারিবারিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল আরতির। ধামেশ শেঠ আরো জানান, তাঁর বড় মেয়েকেও অপহরণ করা হয়েছিল। সেই মেয়ে আর কখনো ফিরে আসেনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest