দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের চিকিৎসার খোঁজ-খবর নিতে হাসপাতালে গেলেন এমপি রুহুল হক। শুক্রবার বেলা ২টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর ১৩ নং কেবিনে চিকিৎসার অগ্রগতির খোঁজ-খবর নিতে যান বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক সফল স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রী আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ,ফ,ম, রুহুল হক এম.পি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি ও মোশায়েদ আলী। অসুস্থ আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি মানসিক ভাবে ভেঙ্গে না পড়ার বিষয়ে শান্তনা প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি হজ্ব প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে হজ্বযাত্রী ভাই বোনদের জন্য পবিত্র হাজ্বের পূর্ণাঙ্গ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে হাজী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আজিজুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওঃ মিজানুর রহমান আজমী, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের সহ সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির সদস্য মো. আব্দুর রহমান, হাজী কল্যাণ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুস সাত্তার, অফিস সম্পাদক আলহাজ্ব মীর আহসানুল হক, প্রচার সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ, মোয়াল্লিম আলহাজ্ব ওসমান গণি, আলহাজ্ব ইব্রাহিম হোসেন, আলহাজ্ব রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, প্রতি শুক্র ও শনিবার বাদ মাগরিব থেকে রাত ৯টা পর্যন্ত হজ্বযাত্রী ভাই বোনদেরকে হজ্ব ও ওমরার যাবতীয় নিয়ম- কানুন ও মাসলা মাসাইল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। এসময় শতাধিক নারী পুরুষ হজ্বযাত্রীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাজী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মাওঃ মিজানুর রহমান আজমী।



ন্যাশনাল ডেস্ক : শুধু মামলা নয়, বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী তারেক সালমনকে তার প্রশাসন বিভাগ থেকেও হেনস্থা করা হয়। শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি দিয়ে কার্ড ছাপানোর ঘটনার পর পরই তাকে বরিশালের জেলা প্রশাসক শোকজ করেছিলেন। আর তার জবাব সন্তোষজনক নয় বলে চিঠি দিয়ে জানিয়েছেন তৎকালীন বিভাগীয় কমিশনার। ইউএনও সালমান তখন বরিশালের আগৈলঝাড়ায় কর্মরত ছিলেন। এরপর তাকে শাস্তি হিসেবে সেখান থেকে বরগুনা সদরে বদলি করা হয় বলে সূত্র জানায়।
গাজী তারেক সালমানকে জেলা প্রশাসক শোকজ করেন ১৩ এপ্রিল। শোকজের জবাব দেওয়ার পর তৎকালীন বিভাগীয় কমিশনার মো. গাউস ১৮ এপ্রিল আরেকটি চিঠি দেন। তাতে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যথাযোগ্য মর্যাদায় প্রকাশ না করার বিষয়ে গাজী তারেক সালমান, উপজেলা নির্বাহী অফিসার, আগৈলঝাড়া, বরিশালকে সাত কার্যদিবসের মধ্যে জবাব দাখিলের অনুরোধ করা হলে তিনি লিখিত জবাব দাখিল করেছেন। তার দাখিল করা জবাব সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হয়।’
আগৈলঝাড়া উপজেলার ইউএনও থাকাকালে গাজী তারেক সালমান শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি দিয়ে স্বাধীনতা দিবসে কার্ড ছাপান। এই কার্ড নিয়ে বিভাগীয় ব্যবস্থার অংশ হিসেবে তাকে আগৈলঝাড়া থেকে বরগুনা সদরে বদলি করা হয় বলে সূত্রের দাবি। তারপরও তিনি রেহাই পাননি।
ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, আজ শুক্রবার পূর্ব জেরুজালেম ও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাঁরা নিহত হন। এ সংঘর্ষে অন্তত ২০০ জন আহত হয়েছেন।
আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরুকে দলের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। অ্যাডভোকেট শ ম রেজাউল করিমকে দেয়া হয়েছে দলের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব।
কলারোয়া ডেস্ক : শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্র হাফেজ মো.আরিফুজ্জামান আরিফ (২২) এর করুণ মৃত্যু ঘটেছে। নিহত আরিফুজ্জামান আরিফ কলারোয়া পৌরসভার মির্জাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান শেখ ধোনার পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, ভাইয়ের বাড়ি নির্মাণে রাজমিস্ত্রিদের ঢালাইকাজে পানি সরবরাহের জন্য পানির পাম্পে বিদ্যুৎ লাইন দেয়ার সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। মটর স্থাপনের জায়গাটি ভিজে থাকায় সুইচ দেয়ার সাথে সাথে সেখানে বিদ্যুৎ সৃষ্টি হয়ে তাকে ধরে ফেলে। আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেয়ার পথে তার করুণ মৃত্যু হয়। উল্লেখ্য, আরিফ সাতক্ষীরা পলিটেকনিক থেকে পাস করে ঢাকার একটি কলেজে (বিএসসি) ইঞ্জিনিয়ারিং ভর্তির অপেক্ষা করছিলো। মরহুমের পিতা আসাদুজ্জামান ধোনার স্বপ্ন ছিলো ছেলে বিএসসি ইঞ্জিনিয়ার হবে। কিন্তু সে স্বপ্ন স্বপ্নই থেকে গেলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, শুক্রবার বিকেল ৬ টায় মির্জাপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র আকতারুল ইসলাম, কলারোয়া ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আলহাজ্ব আবুল হোসেন, আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহা. আইয়ুব আলী, পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর কাউন্সিলর আকীমুদ্দীন আকি, মাওলানা আব্দুস সোবহান, জাতীয় পার্টি নেতা মুনছুর আলী, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক আতাউর রহমান, মাওলানা আব্দুল বারী, আমানুল্লাহ আমান, আব্দুল কাদের, নজরুল ইসলাম, আব্দুল লতিফ, মরহুমের ভগ্নিপতি প্রমুখ। জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা গোলাম রসুল শাহী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার মোস্তফা বাকী বিল্লাহ শাহী। জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় বিষ পানে পারুল খাতুন (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সে কলারোয়া উপজেলার পাঁচপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। শুক্রবার রাত ১২টার দিকে তিনি কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানা গেছে,কলারোয়া উপজেলার পাচপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী পারুল খাতুন দীর্ঘ দিন ধরে রোগে ভুগছিলো। সকলের অজান্তে বাড়ীতে থাকা বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে বাড়ীর লোকজন জানতে পেরে তাকে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।