সর্বশেষ সংবাদ-
আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎতালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট: সংবাদ সম্মেলনসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনদেবহাটায় পুলিশের অভিযানে ১০ বোতল কেরেক্সসহ মাদক ব্যবসায়ী আটকজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ককে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ: থানায় জিডিসাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোকসাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেইস্মার্ট মেডিকেল সেন্টারে ডাঃ শিহাবের তত্ত্বাবধানে শুরু হলো অত্যাধুনিক লিভারের পরীক্ষা ফাইব্রোস্ক্যানসাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী, সচেতনতায় বাড়ি বাড়ি স্বেচ্ছাসেবকবিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় মাছের পোনা অবমুক্ত

কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নিয়োগ ও এমপিও নিয়ে অভিযোগ : তদন্তে শিক্ষা কর্মকর্তা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) মো. আব্দুল মালেকের নিয়োগ ও এমপিওভুক্তি নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে তদন্ত করেছেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন।

এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে গত ১৮ আগস্ট সাতক্ষীরা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। লিখিত অভিযোগে বলা হয়, ওই শিক্ষকের নিয়োগকালীন শিক্ষাগত যোগ্যতা, এক বিষয়ে নিয়োগ পাওয়ার পর অন্য বিষয়ে এমপিওভুক্তি, প্রথম টাইম স্কেল পাওয়ার ১৯ বছর পর বিএড স্কেল গ্রহণ এবং এমপিও সিটে অন্য বিষয়ে অন্তর্ভুক্ত হয়ে সরকারি অর্থ উত্তোলনসহ বিভিন্ন বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

লিখিত অভিযোগে আরো বলা হয়েছে, কারিমা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠার সময় মো. আব্দুল মালেককে সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগকারীদের দাবি, নিয়োগের সময় তাঁর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা (বিএ পাস) ছিল না। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন তদন্ত এবং গৃহীত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হলেও বিষয়টির সুরাহা হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীরা আরও দাবি করেন, প্রতিষ্ঠানটির প্যাটার্নের বাইরে নিয়োগ পাওয়ার পর ওই শিক্ষককে ইসলাম ধর্ম বিষয়ে শিক্ষক হিসেবে কর্মরত দেখানো হয়। তবে এ বিষয়ে যশোর শিক্ষা বোর্ডের কোনো অনুমোদন পাওয়া যায়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁদের দাবি, এমপিও কপিতে তাঁকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ের শিক্ষক হিসেবে দেখানো হয়েছে, যা নিয়মবহির্ভূত।

এ ছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও নীতিমালা অনুযায়ী প্রথম টাইম স্কেল পাওয়ার পর পরবর্তীতে বিএড স্কেল গ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন তুলে অভিযোগকারীরা দাবি করেন, বিভিন্ন দপ্তরে তদবির ও জালিয়াতির মাধ্যমে ওই শিক্ষক বিএড স্কেল গ্রহণ করে সরকারি অর্থ উত্তোলন করেছেন।

লিখিত অভিযোগে মো. আব্দুল মালেকের শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ থাকা এবং সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়ার অভিযোগও করা হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ে বিভিন্ন অনৈতিক সুবিধা ভোগের অভিযোগ তুলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবৈধভাবে উত্তোলন করা সরকারি অর্থ ফেরত দেওয়ার দাবি জানানো হয়।

অভিযোগের বিষয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে তদন্ত করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন। এ সময় সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয় এবং অভিযোগের বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়। তদন্তের সময় অভিযুক্ত শিক্ষকের কাছে অভিযোগসংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র চাওয়া হলেও তিনি তা দিতে অস্বীকৃতি জানান বলে জানা গেছে।

তদন্ত কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত করে যা পাওয়া যাবে, তার ভিত্তিতেই প্রতিবেদন দেওয়া হবে।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল মালেক বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তদন্ত হোক, পরে বোঝা যাবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি ঠেকাতে ডিসির কাছে আমানতকারীদের আবেদন

কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে বুশরা গ্রুপের প্রায় ১০ হাজার আমানতকারীদের পাওনা অর্থ ফেরত দিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানটির কালিগঞ্জ শাখা অফিস সিলগালা করে সম্পত্তি বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা মাধ্যমে এ আবেদন করা হয়। আবেদনে বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম এবং নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

আবেদনে বলা হয়, বুশরা গ্রুপের বুশরা কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এবং বুশরা ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অধীনে আমানতকারীরা দীর্ঘদিন ধরে অর্থ জমা রেখে আসছেন। প্রতিষ্ঠানটির প্রচলিত নিয়ম ও শর্তের প্রতি আস্থা রেখে তারা তাদের কষ্টার্জিত অর্থ আমানত হিসেবে রাখেন।

অভিযোগে আরও বলা হয়, প্রয়োজনের সময় আমানত উত্তোলনের প্রতিশ্রুতি থাকলেও দীর্ঘদিন ধরে অনেক আমানতকারী তাদের জমাকৃত অর্থ ফেরত পাচ্ছেন না। কেউ এক বছর, কেউ দুই বছর কিংবা তারও বেশি সময় আগে মূল আমানতের টাকা উত্তোলনের জন্য আবেদন করলেও টাকা পরিশোধ করা হয়নি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

আমানতকারীদের মধ্যে মোঃ হাসানুজ্জামান, মোঃ আব্দুল মান্নান, এস এম রেদওয়ানুল ফেরদাউস রনি, মমতাজ বেগম সহ কয়েক শত গ্রাহকের অভিযোগ, টাকা ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করতে গেলে তাদের বিভিন্ন ধরনের হয়রানি ও দীর্ঘসূত্রতার শিকার হতে হচ্ছে। এতে অনেক আমানতকারী ও তাদের পরিবার চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন বলে আবেদনে দাবি করা হয়।

সবচেয়ে উদ্বেগের বিষয় হিসেবে আবেদনে উল্লেখ করা হয়েছে, বুশরা গ্রুপের কালিগঞ্জ শাখা অফিসের সম্পত্তি বিক্রির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তারা জানতে পেরেছেন। আমানতকারীদের আশঙ্কা, সম্পত্তি বিক্রি হয়ে গেলে ভবিষ্যতে তাদের পাওনা অর্থ আদায় আরও জটিল ও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

এ কারণে আমানতকারীরা জেলা প্রশাসকের কাছে বিষয়টি দ্রুত প্রশাসনিক নজরদারির আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বুশরা গ্রুপের আমানতকারীদের পাওনা অর্থ ফেরত প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিষয়টির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কালিগঞ্জ শাখা অফিসের সম্পত্তি বিক্রি, হস্তান্তর বা অন্য কোনোভাবে যাতে সম্পত্তি নিয়ে লেনদেন করা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

আবেদনের সঙ্গে কালিগঞ্জ শাখা অফিসের সম্পত্তির বিবরণও সংযুক্ত করা হয়েছে। সেখানে দলিল নম্বর ১৯৯৬/২০২০, মৌজা বাজারগ্রাম, সি.এস খতিয়ান ০৫, এস.এ খতিয়ান ১১ এবং দাগ নম্বর ৩৪০/৩৪২ উল্লেখ করা হয়েছে। জমির পরিমাণ প্রায় ০.২৯৭২ একর বলে আবেদনে উল্লেখ রয়েছে।

আবেদনের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা, কালিগঞ্জ; সহকারী কমিশনার (ভূমি), কালিগঞ্জ; সাব-রেজিস্ট্রার, রেজিস্ট্রি অফিস, কালিগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি/সাধারণ সম্পাদকের কাছেও দেওয়া হয়েছে।
ডিসি সাতক্ষীরাকে স্বারক লিপি দেওয়ার সময় ৩ আসনের এম পি হাফেজ মুহাম্মদ রবিউল বাশারের কাছে বুশরা গ্রুপের আমানতকারীরা অভিযোগ করেন। এসময় তিনি বলেন বিষয়টি আমি দেখবো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।

আবেদনকারীদের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আমানতকারীদের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সম্পত্তির বিক্রয় বা হস্তান্তর বন্ধ রাখার দাবি জানিয়েছেন তারা।

তবে বুশরা গ্রুপের চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম ও নির্বাহী পরিচালক ইকবাল কবির পলাশ বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে তাদের বক্তব্য পরবর্তীতে পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল।

মঙ্গলবার  বিকালে সাতক্ষীরা জেলা ছাত্রদলের উদ্যোগে শহরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের অভিনন্দন জানান এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আনন্দ মিছিলে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান ও সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান (অর্ঘ্য) নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারহান মাসুকসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া সাতক্ষীরা জেলা ছাত্রদলের অধীনস্থ উপজেলা, পৌর, কলেজ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশ নেন।

মিছিল শেষে জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। তারা দলের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন ও দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি হিসেবে মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ  
 দেবহাটা  প্রতিনিধি : “মাদক নয়, তোমার মেধা হোক তোমার পরিচয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার খেজুরবাড়িয়া পলিটেকনিক ইছামতি বিএম কলেজের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। ন্যাশনাল চাইল্ড ফোরামের ভাইস প্রেসিডেন্ট অনামিকা পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সুশীলনের উপপরিচালক জি এম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার মিল্টন সিংহ, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল এবং সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন।
এসময় সুশীলনের অন্যান্য কর্মকর্তা, দেবহাটা উপজেলার চারটি ইউনিয়ন থেকে আগত শিশু ফোরামের ১০০ সদস্য ও যুব ফোরামের ১০০ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব ও শিশুদের দূরে রাখতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের কুফল সম্পর্কে শিশু-কিশোর ও তরুণদের সচেতন করে তুলতে সামাজিকভাবে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।
বক্তারা একই সঙ্গে অনলাইন জুয়া ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে শিশু-কিশোর ও যুবসমাজকে বিরত থাকার আহ্বান জানান। তারা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার যেমন শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে, তেমনি এর অপব্যবহার তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
সমাবেশে বাল্যবিবাহ প্রতিরোধের ওপরও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। নিজেদের বাল্যবিবাহ থেকে রক্ষা করার পাশাপাশি অন্যদেরও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন ও উৎসাহিত করতে হবে। শিশু ও যুবকদের নেতৃত্বে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, অনলাইন জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ দূর করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে কোটি টাকার চেক বিতরণ 
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগষ্ট ‘২৬) দুপুর ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতাহত ২৭ পরিবারের মাঝে ৯৭ লক্ষ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
সতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল হাশেম সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারি পরিচালক মোহাম্মদ জমির হোসেন, সাতক্ষীরা জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক মোঃ ওমর ফারুক, ম্যাকানিকাল এসিস্টান্ট মোঃ ওবায়দুর রহমান, উচ্চমান সহকারি নাসিরউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশে জনসংখ্যা বেশি,দুর্ঘটনা ও বেশি। সরকারের পক্ষ থেকে দুর্ঘটনা কমানোর চেষ্টা অব্যহত রয়েছে। একটি জীবনহানির ক্ষতি পূরণ টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়। এরপরও পরিবারের একমাত্র আয়ক্ষম ব্যক্তি দুর্ঘটনার শিকার হয়ে মারা গেলে বা পঙ্গু হয়ে গেলে ওই পরিবারের যে দুরাবস্থা হয় সেটা কেবল ওই পরিবারের সদস্যরাই অনুভব করতে পারে।তাই সরকার ওই পরিবারের পাশে দাঁড়াতে ক্ষতিপূরণের উদ্যোগ নিয়েছে। সরকার প্রদত্ত টাকার যথাযথ ব্যবহারের মাধ্যমে অভিভাবক হারানো পরিবারকে স্বাবলম্বী করে তুলতে হবে। দুর্ঘটনা এড়াতে চালক ও পথচারীদের সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে বিআরটিএ এর ট্রাষ্টি বোর্ড এর সহায়তায় মঞ্জুরীকৃত অর্থের চেক নিহতের পরিবারের পক্ষ থেকে মাথাপিছু পাঁচ লাখ টাকার চেক রমেশ চন্দ্র মৃধা, সুমাইয়া পারভীন, সাঈদ আলী, জি এম শাহানুর রহমান, মোঃ ওজিয়ার রহমান গাজী, রিজাউল ইসলাম মিঠু, কামরুন্নাহার, সুকজান খাতুন, এম এস টি এলিজা আক্তার, মমতাজ পারভীন, চপলা কর্মকার, সুপ্রিয়া রানী খাঁ, মোঃ আব্দুস ছালাম, তাপিয়া সুলতানা ও আব্দুস ছালামের হাতে তুলে দেওয়া হয়।
এ ছাড়া আহত রাজু পাড়, মোঃ কবির উদ্দিন বিশ্বাস, মোঃ জামাল উদ্দিন, মকছেদ সানা, আবুল হোসেন সানা, মোঃ মঈনুর ইসলাম, মোঃ মফিজুল ইসলামকে ১ লাখ করে এবং মো: জনাব আলী, মিতা দাশ, বিউটি খাতুন , মোঃ সাহাদাত গাজী ও সামিমের হাতে ৩ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় সোহাগ পরিবহনের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার পাটকেলঘাটায় সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় আনন্দ দাস (৫৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টা ২০ মিনিটে পাটকেলঘাটা থানাধীন শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আনন্দ দাস শাকদা গ্রামের মৃত কৃষ্ণ পদ দাসের ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে আনন্দ দাস শাকদা ব্রিজ সংলগ্ন মহাসড়ক এলাকায় হাটতে বেরিয়েছিলেন।

এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ‘সোহাগ পরিবহন’-এর একটি বাস (ঢাকা মেট্রো ব-১২-৪৪৬২) তাঁকে তীব্র ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন।
তারা প্রাথমিক চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে গেছেন। ঘটনার পর পরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে মহাসড়কের পাশে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে তাঁর নিজ বাড়িতে রাখা হয়েছে। চালক ও হেলপারকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সাতক্ষীরায় পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের সঙ্গীতা মোড় কামালনগর এলাকায় এ ইনফরমেশন সেন্টারের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কলকাতা পিয়ারলেস হসপিটালের গ্রুপ মার্কেটিং হেড অফিসার মি. ইন্দ্রজিৎ ব্যানার্জি,পিয়ারলেস হসপিটালের আন্তর্জাতিক মার্কেটিং ম্যানেজার নির্ঝর ঘোষ,ফ্রেন্ডশিপ কম্পিউটার -২ পরিচালক রাজু ঘোষ,আর এমপি ওয়েলফেয়ার সোসাইটির সদরের সেক্রেটার আব্দুল মোমেন সহ আরো অনেকে।

অনুষ্ঠানে পিয়ারলেস হাসপাতালের বিভিন্ন চিকিৎসাসেবা, চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুযোগ, হাসপাতালের সুযোগ-সুবিধা ও চিকিৎসা সংক্রান্ত তথ্য সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়।

আয়োজকরা জানান, সাতক্ষীরার রোগীদের কলকাতার পিয়ারলেস হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের লক্ষ্যেই এ ইনফরমেশন সেন্টার চালু করা হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দেবহাটায় শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের উৎপাত : উদ্বিগ্ন অভিভাবকরা
দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের সামনে শিক্ষার্থীদের ছুটির সময় বখাটেদের উৎপাত বেড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির পরপরই সড়ক ও প্রতিষ্ঠানের আশপাশে একদল কিশোর-যুবকের বেপরোয়া চলাফেরা, উচ্চ শব্দে মোটরসাইকেল চালানো এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা ধরনের অশোভন আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ছুটির সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রংবেরঙের ও পরিবর্তিত মোটরসাইকেল নিয়ে কয়েকজন কিশোর-যুবক জড়ো হয়। অনেক সময় একটি মোটরসাইকেলে তিনজন পর্যন্ত আরোহী দেখা যায়। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, অযথা শব্দ করা এবং দলবদ্ধভাবে ঘোরাফেরা করে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করছে।
অভিভাবকদের দাবি, এসব যুবকের আচরণে অনেক ছাত্রী ও শিক্ষার্থী বিব্রতবোধ করছে। কেউ তাদের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করলে উল্টো হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে। ফলে অনেক অভিভাবক সন্তানদের স্কুল-কলেজে পাঠানোর পর ছুটির সময় তাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন।
স্থানীয় বাসিন্দারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে এমন পরিস্থিতি চলতে থাকলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বেপরোয়া মোটরসাইকেল চালানো থেকে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের উৎপাত অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে মনে করছেন তারা।
এ বিষয়ে অভিভাবক ও স্থানীয়রা দেবহাটা উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
অভিভাবকদের প্রত্যাশা, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেপনা, বেপরোয়া মোটরসাইকেল চালানো ও হুমকি-ধমকির মতো কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest