সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভাসাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতাসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের সমাপনীসাতক্ষীরায় টেপা মাছ খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ : ব্যবসায়ীর মৃত্যুডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগ

২০ দলীয় জোটে ভাঙন, সরে গেলো ন্যাপ-এনডিপি

অনলাইন ডেস্ক: ২০ দলীয় জোটের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। মঙ্গলবার (১৬ অক্টোবর) সংবাদ সম্মেলন করে জোট ছাড়ার এ ঘোষণা দেয় দল দু’টি। ঘোষণাপত্র পাঠ করেন ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।
এর আগে সকালে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘আজ বিকেলে জাতীয় ঐক্য ফ্রন্ট, ২০ দলীয় জোটসহ চলমান রাজনৈতিক বিষয়ে বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে একত্রে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।’

প্রসঙ্গত, গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠক শেষে জোট সমন্বয়কারী বিএনপি নেতা নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন করে বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সম্প্রতি রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা ও ১১ দফা লক্ষ্যের সঙ্গে একমত হয়েছে।’

এদিকে নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের আলোচনা নিয়ে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়ার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাদানুবাদ হয়েছে।

মোস্তফা ভূইয়া বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে ওয়ান ইলেভেন সরকার এবং সেই সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেনের প্রসঙ্গে বক্তব্য দিতে গেলে মির্জা ফখরুল তার বক্তব্য শেষ না করতেই দিয়েই তাকে বলেন, ‘এসব উঠিয়ে এখন দোষ ত্রুটি খুঁজতে যাবেন না। গণআন্দোলনে ব্যক্তি, দল, জোট, যে যেখান থেকে সমর্থন করবে সবাইকে আনতে হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবি ‘ঘ’ ইউনিটের ফল প্রকাশ

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৭০ হাজার ৪৪০জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৪ শ ৬৩জন শিক্ষার্থী। পাসের হার ২৬.২১শতাংশ। গত কয়েক বছরের তুলনায় ঘ ইউনিটে এই পাসের সংখ্যা দ্বিগুণ।
এ সময় ‘ঘ’ ইউনিটের সমন্বয়কারী সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
দুই কোরিয়ায় এক সড়ক এক রেল সিদ্ধান্ত চূড়ান্ত

বিদেশের খবর: কোরীয় যুদ্ধের আগেও চালু ছিল দুই কোরিয়ার সড়ক ও রেল যোগাযোগ। ১৯৫০-৫৩ সাল পর্যন্ত তিন বছর পরই বন্ধ হয়ে যায় সেটা। এভাবে প্রায় ৭০ বছর বিচ্ছিন্ন থাকার পর উত্তর ও দক্ষিণের মধ্যে ফের চালু হচ্ছে সড়ক ও রেল যোগাযোগ।

গত কয়েক মাসের আলোচনার পর সোমবারই এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে দুই দেশের সরকার। কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এ পদক্ষেপকে অন্যতম মাইলফলক মনে করা হচ্ছে। এটা প্রায় সাত দশক ধরে বিভক্ত দেশ দুটিকে ফের এক সুতোয় বাঁধবে বলে আশা দুই দেশের মানুষের।

চলতি বছরের এপ্রিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইনের মধ্যে এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন এই দুই নেতা।

সেই সঙ্গে রেল ও সড়ক যোগাযোগের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। গত মাসেই তৃতীয় শীর্ষ বৈঠক করেন কিম ও মুন। সম্পর্কোন্নয়নের ধারাবাহিকতায় সোমবার অসামরিকায়িত অঞ্চল পানমুনজামে বৈঠকে বসে দুই দেশের প্রতিনিধি দল। বৈঠকে রেল ও সড়ক যোগাযোগের চূড়ান্ত নথিপত্র বিনিময় হয়।

রয়টার্স জানিয়েছে, আগামী নভেম্বর বা ডিসেম্বরেই সড়ক ও রেল যোগাযোগের উদ্বোধন করা হবে বলে একমত হয়েছে দুই পক্ষ। চলতি মাসের শেষের দিকেই যৌথভাবে একটি ভূমি জরিপ চালানো হবে। আগে থেকেই সিউল থেকে পিয়ংইয়ং এবং চীন সীমান্তের সিনুইজুতে যাওয়ার জন্য একটি রেললাইন বিদ্যমান রয়েছে। কোরীয় যুদ্ধের অনেক আগে বিশ শতকের গোড়ার দিকে জাপান এটি নির্মাণ করে। এর সঙ্গে আরও নতুন প্রকল্প যুক্ত হবে।

ক্ষেপণাস্ত্র নির্মাণ থেকে সরে এসে অর্থনৈতিক খাতে মনোযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তরের নেতা কিম জং উন। দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ধীরে ধীরে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বৈদেশিক বাণিজ্যের দিকে ঝুঁকছে পিয়ংইয়ং।

এ জন্য আনুষ্ঠানিকভাবে একটি ওয়েবসাইটও চালু করেছে তারা। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ সোমবার জানায়, সম্প্রতি সম্পূর্ণ নতুন ওই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। ‘ফরেন ট্রেড অব ডিপিআরকে’ নামে ওয়েবসাইটটিতে উত্তর কোরিয়ার বাণিজ্য নীতি, বাণিজ্যবিষয়ক আইন-কানুন, বিভিন্ন বাণিজ্য প্রতিষ্ঠানের নাম, বিনিয়োগ টার্গেট এবং বিভিন্ন পণ্যদ্রব্যের তালিকা দিয়ে সাজানো হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জঙ্গি আস্তানায় অভিযান ‘গার্ডিয়ান নর্ট’ চলছে

দেশের খবর: নরসিংদীর মাধবদী ও শেখের চরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি দুটির মধ্যে একটিতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার সকাল ১১টার দিকে শেখের চরের জঙ্গি আস্তানায় শুরু করা হয়। এখানে অভিযান শেষে অপর জঙ্গি আস্তানায় অভিযান চালাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পুলিশের আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, জঙ্গিদের প্রথমে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু জঙ্গিরা সে আহ্বানে সাড়া দেয়নি। এরপরই চূড়ান্ত অভিযান শুরু করা হয়। জঙ্গিরা ঘরের ভেতর থেকে গুলি করছেন। পুলিশও পাল্টা গুলি করছে।

আইজিপি আরও বলেন, এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘গার্ডিয়ান নর্ট’। শেখের চরে অভিযান শেষে মাধবদীতে অভিযান চালানো হবে।

আইজিপি ছাড়াও ঘটনাস্থলে উপস্থিত আছেন- ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

সোমবার বিকেলে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর মধ্যরাত থেকে পুলিশ সদর দফতরের এলআইসি শাখা, ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট ও বগুড়া জেলা পুলিশের সমন্বিত দল বাড়ি দুটি ঘেরাও করে রাখে।

ওই সময় পর্যন্ত পুলিশের ধারণা, বাড়ি দুটিতে ৫ থেকে ৬ জন জঙ্গির অবস্থান থাকতে পারে। তাদের ধারণা, আস্তানা দুটি জেএমবি বা নব্য জেএমবির হতে পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঐক্যের নেতৃত্ব দেবে তারেক: কাদের

দেশের খবর: শেখ হাসিনাকে হটাতে তারেক জিয়ার নেতৃত্ব মেনে নিতেও ড. কামাল হোসেনের আপত্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, তার আসলে শেখ হাসিনাকে হটানোর জন্য তারেক জিয়ার নেতৃত্ব মেনে নিতেও কোনো আপত্তি আছে বলে মনে করি না।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে বনানীতে নির্মিত বিআরটিএ’র নতুন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঐক্যটা’ আসলে কে চালাবে? মূল দল হচ্ছে বিএনপি। আর বিএনপি চালায় কে? তাদের চেয়ারপারসন এখন জেলে। ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তার অঙ্গুলি হেলনেই চলবে এটা। লন্ডন থেকে দলেরও নেতৃত্ব দিচ্ছে, এই জোটেরও (জাতীয় ঐক্যফ্রন্ট) নেতৃত্বের কলকাঠি নাড়বেন তারেক রহমান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কামাল হোসেনের টার্গেট সম্ভবত ক্ষমতায় যাওয়া নয়, তার টার্গেট হলো শেখ হাসিনাকে ক্ষমতার মঞ্চ থেকে হটানো। সেজন্য তারেক রহমানের মতো যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ব্যাক্তির নেতৃত্ব মেনে নিতে তার আপত্তি আছে বলে মনে করি না।

ঐক্যফ্রন্ট গঠন নিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা যতটুক জানি বিকল্প ধারাকে সুকৌশলে ঐক্যফ্রন্ট থেকে বের করে দেওয়া হয়েছে। ঐক্যফ্রন্টে বিকল্প ধারা থাকুক এটা বিএনপি’র জন্য স্বস্তিদায়ক ছিল না। কারণ ডা. বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) বিএনপি’র আমলে প্রেসিন্ডেন্ট ছিলেন, তখন তাকে কিভাবে অপমান করা হয়েছিল। তার সঙ্গে একটা অস্বস্তির বিষয় বিএনপি’র বরাবরই ছিল। কাজেই রাজনৈতিক বিশ্লেষকরাই মনে করছেন বি. চৌধুরীকে যেভাবে অপমানজনক অবস্থায় বাড়িতে আমন্ত্রণ করে ঘরের দরজা বন্ধ করে রাখা হয়েছে, এরপর তিনি জাতীয় ঐক্যের সঙ্গে কি করে থাকেন?

কাদের বলেন, আগেও বলেছি ঐক্যের টিকে থাকার জন্য অস্তিত্ব সংকটে পড়বে। শিগগিরই সংকটে পড়বে। তেলে আর পানিতে মেশানোর যে অপচেষ্টা সেটা অচিরেই ব্যর্থ হবে।

বিকল্প ধারাকে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যে নেবেন কি-না? এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, আমাদের ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত ছাড়া কিছু বলতে পারি না। এজন্য ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত প্রয়োজন। আমাদের ওয়ার্কিং কমিটির বৈঠক হবে, সেখানে নির্বাচন সম্পৃক্ত সবকিছু নিয়ে আলোচনা হবে। এই জোট সমীকরণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বলা মুশিকল। বিকল্প ধারাকে জোটে টানার সম্ভাবনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, সব বিষয় নিয়ে ওয়ার্কিং কমিটিতে আলোচনা হবে এবং সিদ্ধান্ত হবে।

ঐক্যফ্রন্ট গঠনের পর আওয়ামী লীগ দুশ্চিন্তায় আছে কি-না? প্রশ্নের উত্তরে কাদের বলেন, আমরা একটুও চিন্তা করি না। এনিয়ে আমাদের কোন দুশ্চিন্তা কখনই ছিল না। এখনও নেই। কিছু কিছু দল আছে যাদের প্যাড আছে তো সিল নেই, সিল আছে তো প্যাড নেই।

ড. কামাল হোসেন সম্পর্কে বলেন, তিনি আওয়ামী লীগ থেকে বেরিয়ে যাওয়ার পর গণফোরাম করেছেন, সেখানে তিনি জনসম্পৃক্ততার দিক থেকে তেমন সাড়া পাননি। তিনি দেশের সিনিয়র রাজনীতিক হিসেবে হয়তো ভেবেছিলেন বেরিয়ে আসলে হাজার হাজার লোক তার সঙ্গে জোট বাঁধবে, জনসম্পৃক্ত হবে। কিন্তু তিনি জনবিচ্ছিন্ন রাজনীতিক হিসেবে নিজের অস্তিত্ব কোনরকমে বজায় রেখেছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সৌদি কনসুলেট অফিসে তুর্কি পুলিশের নয় ঘণ্টার অভিযান

অনলাইন ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের কনসুলেট অফিসে নয় ঘণ্টা ধরে অভিযান চালিয়েছে তুরস্কের পুলিশ। মঙ্গলবার সকালে এই অভিযান চালানো হয়। সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে কনসুলেট অফিসের মধ্যে হত্যার অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হলো। খবর রয়টার্সের।
সবশেষ গত ২ অক্টোবর কনসুলেট অফিসে প্রবেশের পর খাশোগির আর দেখা মেলেনি। তুরস্কের দাবি তাকে কনসুলেট অফিসেই হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকালে চারটি ফরেনসিক যানবাহন কনসুলেট অফিসের বাইরে অবস্থান নেয়। তাদের সঙ্গে একটি পুলিশ ডগও ছিল। এর আগে তুর্কি একজন কূটনৈতিক জানিয়েছিলেন, তুরস্ক-সৌদি যৌথ তদন্ত দল কনসুলেট অফিসে তদন্ত করবে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধি হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সৌদি বাদশাহ সালমানের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সাক্ষাৎকালে তারা সাংবাদিক খাশোগি হত্যার বিষয়ে আলোচনা করবেন।
খাশোগি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের একজন নিয়মিত কলামিস্ট ছিলেন। যিনি সৌদির ক্ষমতাধর যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একজন কঠোর সমালোচকও ছিলেন। তুর্কি এক নারীকে বিয়ের জন্য আগের স্ত্রীকে দেয়া তালাক সংক্রান্ত ডকুমেন্টস আনতে কনসুলেট অফিসে প্রবেশ করেছিলেন তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
খালেদার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল মামলার রায় ২৯ অক্টোবর

দেশের খবর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ২৯ অক্টোবর ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার দুদকের আবেদন গ্রহণ করে পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামান রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।
এর আগে এই মামলার যুক্তিতর্কে অংশগ্রহণ না করে বিচারকের প্রতি অনাস্থা জানায় আসামিপক্ষ। এরপর দুদক মামলার রায় ঘোষণার দিন ধার্য করার জন্য আদালতে আবেদন করে। আদালত ওই আবেদন মঞ্জুর করে আজ মঙ্গলবার এ আদেশ দেয়।
এরও আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় এই আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। গত ৮ ফেব্রুয়ারি দেয়া ওই রায়ের পর থেকে কারাগারে আছেন তিনি। এরপর কয়েকটি তারিখ ধার্য করা হলেও খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির না করায় চ্যারিটেবল ট্রাস্ট মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়নি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঢাবির ‘ঘ’ ইউনিটে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে

অনলাইন ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ওইদিনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর গঠিত হয় তদন্ত কমিটি।
ওই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন ও সুপারিশ সোমবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে। শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮১টি কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার পূর্বে বেলা ৯টা ১৭ মিনিটে অনেক ভর্তিচ্ছুর হোয়াটস অ্যাপ, মেসেঞ্জারে সাদা কাগজে উত্তর লেখা সংবলিত প্রশ্ন আসে। অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া ৭২টি প্রশ্ন ও উত্তর হুবহু মিলে যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ১২ অক্টোবর (শুক্রবার) পরীক্ষা গ্রহণের দিন সকাল ৯টা ১৭ মিনিটে একজন ভর্তিচ্ছু মেসেঞ্জারের মাধ্যমে হাতে লেখা উত্তরসহ প্রশ্ন পায়। তদন্ত কমিটি এ বিষয়টি নিশ্চিত হয়েছে। গণমাধ্যমকর্মীদের সাক্ষাৎকার ও অন্যান্য মাধ্যমে প্রশ্নফাঁসের বিষয়ে তদন্ত করে এই প্রমাণ মিলেছে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া তদন্ত কমিটি তাদের সুপারিশে জানিয়েছে, জালিয়াতির মাধ্যমে কোনো শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার বিষয়টি ধরা পড়লে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভর্তি পরীক্ষা পদ্ধতি সংস্কার করার সুপারিশ করেছে কমিটি।
শুক্রবার অনুষ্ঠিত ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার রাতেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ সামাদ।
তদন্ত কমিটির প্রধান মুহম্মদ সামাদ জানান, মেসেঞ্জারে প্রশ্ন ও উত্তরপত্র আসার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিয়েছে। ওই ভর্তিচ্ছু শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ডিজিটাল প্রযুক্তি আইনে মামলা হয়েছে। সেই মামলায় ছয়জন আসামি গ্রেফতার হয়েছে। যাদের আইনশৃঙ্খলা বাহিনী রিমান্ডে নিয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest