সর্বশেষ সংবাদ-

ফেসবুকে আপত্তিকর মন্তব্যে আটক কলেজের হিসাবরক্ষক

দেশের খবর: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বরিশালের বানারীপাড়ার একটি কলেজের হিসাবরক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বাইশারী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিজান মজুমদার বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের হিসাবরক্ষক।
উপজেলার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. আবুল খায়ের জানান, সোমবার দুপুরে মিজান মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। জানতে পেরে কলেজ অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে বিষয়টি অবহিত করেন তিনি।
পরে মিজান মজুমদারের মোবাইল ফোন থেকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি পরীক্ষা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং এরপরই মোবাইলটি জব্দ করে তাকে আটক করা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যেসব কারণে ঘি খাবেন

স্বাস্থ্য কণিকা: ওজন বেড়ে যাওয়ার ভয়ে ঘি খাওয়া থেকে বিরত থাকেন অনেকেই। কিন্তু এই ওজন বেড়ে যাওয়া কিংবা অসুস্থতার সঙ্গে ঘিয়ের কোনো সম্পর্ক নেই। বরং মস্তিষ্ক থেকে পায়ের নখ পর্যন্ত শরীরে একাধিক অঙ্গের সচলতা বৃদ্ধিতে ঘিয়ের ভূমিকা রয়েছে।

প্রতিদিন ঘি খেলে একদিকে যেমন ভিটামিন এ এবং ই-এর ঘাটতি দূর হয়, তেমনি অ্যান্টি-অ্যাক্সিডেন্টের মাত্রাও বৃদ্ধি পেতে শুরু করে। ফলে পুষ্টির ঘাটতি দূর হওয়ার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হয়।

ঘিয়ে উপস্থিত উপকারি ফ্যাটি অ্যাসিড, বিশেষত লরিক অ্যাসিড এনার্জির ঘাটতি দূরে করে শরীরকে চাঙ্গা করে তোলে। এছাড়া নানারকম সংক্রমণের হাত থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।

নিউট্রিশনিস্টদের মতে, নার্ভের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সার্বিকভাবে ব্রেন পাওয়ারের উন্নতিতে ঘি বেশ কার্যকরী। এতে উপস্থিত ওমেগা- ৬ এবং ৩ ফ্যাটি অ্যাসিড শরীর এবং মস্তিষ্ককে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
খাবার হজম করতে সহায়ক নানাবিধ স্টমাক অ্যাসিডের ক্ষরণ বাড়াতে ঘি বিশেষ ভূমিকা পালন করে থাকে। ফলে বদ-হজমের আশঙ্কা হ্রাস পায়।

ঘি খেলে ওজন বাড়ে না, বরং কমে। ঘিয়ে উপস্থিত এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি ঝরিয়ে ফেলতে সাহায্য করে। ফলে স্বাভাবিকভাবেই ওজন কমতে শুরু করে।

ঘিয়ে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে উপস্থিত ফ্রি রেডিকালদের ক্ষতি করার ক্ষমতাকে কমিয়ে দেয়। ফলে কোষের বিন্যাসে পরিবর্তন হয়ে ক্যান্সার সেলের জন্ম নেওয়ার আশঙ্কা হ্রাস পায়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আলোকচিত্রী শহিদুল ৭ দিনের রিমান্ডে

দেশের খবর: তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন নামঞ্জুর করে তার ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দেন।

বিকেলে তাকে আদালতে তুলে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী। এদিকে শহিদুলের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

এ সময় রমনা থানার আদালত শাখার নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহামুদুল হাসান আদালতকে বলেন, ‘মিথ্যা তথ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছেন শহিদুল আলম। তাই তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করার জন্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি।’

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া শুনানিতে আদালতকে বলেন, ‘তাকে কীভাবে অত্যাচার করা হয়েছে তা শোনার জন্য অনুরোধ করছি। সেইসঙ্গে আমরা আসামির জামিন প্রার্থনা করছি।’

এ সময় আদালতে শহিদুল হক বলেন, ‘১০-১২ জন সাদা পোশাকে পুলিশ আমাকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন চালিয়েছে। আমাকে আঘাত করা হয়েছে। গায়ের রক্ত গড়িয়ে পুরো পাঞ্জাবি ভিজে গেছে।’

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (এসিএমএম) আসাদুজ্জামান নূর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আলোকচিত্রী শহিদুল আলমকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। তখন তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়নি। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল আলমকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এরপর তাকে রমনা থানার তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। বিকেলে ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।

এরআগে রোববার রাতে ধানমন্ডির বাসা থেকে শহিদুলকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। তিনি বলেন, গতকাল (রোববার) ধানমন্ডির ৯/এ সড়কের বাসার চারতলা থেকে শহিদুলকে ধরে নিয়ে গেছে ডিবি পরিচয়ে একদল লোক।

দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন বলে জানা গেছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
র‍্যাঙ্কিংয়ে সাকিব-তামিমের উন্নতি

খেলার খবর: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাদের।

সিরিজের তিন ম্যাচে একটি ফিফটিসহ সর্বোচ্চ ১০৩ রান করেন সাকিব। র‍্যাঙ্কিংয়ে আট ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৪৫ নম্বরে। এদিকে তামিম ইকবাল প্রথম ম্যাচে ডাক মারলেও শেষ দুই ম্যাচে ৯৫ রান করেছেন। ছয় ধাপ এগিয়ে তামিম উঠে এসেছেন ৩৯ নম্বরে।

সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ৩২ বলে ৬১ রান করা লিটন দাস র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন ২২ ধাপ। লিটন এখন ৭১ নম্বরে। রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৩৫১, যা তার ক্যারিয়ার সেরা।

এই সিরিজে বড় ইনিংস খেলতে পারেননি মাহমুদউল্লাহ। তবে খেলেছেন কার্যকরী ৩৫, ১৩* ও ৩২* রানের তিনটি ইনিংস। মাহমুদউল্লাহ তিন ধাপ এগিয়ে ৩৬ নম্বরে আছেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বাস চালকের লাইসেন্স চেক করতে যাত্রীদের প্রতি পুলিশের অনুরোধ

দেশের খবর: রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা আট দিন উত্তাল ছিল সারাদেশ। এর মধ্যেই শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। এর অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন যানবাহনের লাইসেন্স চেক করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ মঙ্গলবার সকাল থেকেই সক্রিয় দেখা যায় পুলিশকে। মিরপুর থেকে ‘জাবালে নূর’ পরিবহনের একটি বাসের চালক যথারীতি লাইসেন্স পরীক্ষায় ব্যর্থ হন। তার বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা দিয়ে বাসটি ছেড়ে দেন পুলিশ কর্মকর্তা এম সজীব।

ওই সময় তিনি যাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ, বাসে উঠে সবার আগে ড্রাইভারের লাইসেন্স চেক করবেন। জনগনের সহায়তা ছাড়া পুলিশ একা এসব পারবে না।’

এসময় যাত্রীরা অভিযোগ তুলে বলেন, এতদিন যদি পুলিশ সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করত, তবে এতগুলো তাজা প্রাণ ঝরে পড়ত না। পুলিশ-যাত্রীদের এই কথপকোথন চলাকালে বাসটির চালক মোবাইল ফোনে লাগাতার কথা বলে যাচ্ছিলেন
উল্লেখ্য, গত ২৯ জুলাই রবিবার এই জাবালে নূর কম্পানির দুটি বাসের রেষারেষিতে প্রাণ যায় ইন্টারমিডিয়েট পড়ুয়া দুই কিশোর-কিশোরীর।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
কানাডার সঙ্গে বিমান চলাচল স্থগিত করল সৌদি আরব

বিদেশের খবর: সৌদি আরবের রাষ্ট্রীয় বিমানসংস্থা সৌদি এয়ারলাইনস কানাডার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ স্থগিত করেছে। এর আগে সৌদি আরবে আটক সুশীল সমাজের সদস্য ও নারী অধিকার কর্মীদের মুক্তি দেওয়ার আহ্বান জানায় কানাডা।
সোমবার কানাডার সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনে কানাডার রাষ্ট্রদূতকেও বহিষ্কার করে রিয়াদ।
কানাডা জানিয়েছে, দেশটি মানবাধিকারের পক্ষে কথা বলা অব্যাহত রাখবে।
সৌদি আরবে আটক ব্যক্তিদের মধ্যে কারাবন্দি ব্লগার রাইফ বাদাওয়ির বোন সামার বাদাওয়ি রয়েছেন। সৌদি বংশোদ্ভূত সামার যুক্তরাষ্ট্রের নাগরিক।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, কূটনীতিককে বহিষ্কার করায় অত্যন্ত উদ্বিগ্ন। তিনি বলেন, ‘কানাডা সবসময় মানবাধিকারের পক্ষে কাজ করে যাবে। বিশ্বজুড়ে নারী অধিকার, বাকস্বাধীনতার পক্ষে তারা সোচ্চার থাকবে।’
পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া বলেন, ‘এসব মূল্যবোধকে উৎসাহ দেওয়ার ব্যাপারে আমরা কখনো দ্বিধান্বিত থাকব না। আমরা বিশ্বাস করি, এই কথা আন্তর্জাতিক কূটনীতিতে ঝুঁকিপূর্ণ।’
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের এর আগে বলেন, ভুল তথ্যের ভিত্তিতে কানাডা অবস্থান নিয়েছে। সৌদি আইন অনুযায়ী সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদির নারী অধিকার কর্মী মানার আল-শরিফ কানাডাকে ধন্যবাদ জানান। তিনি পশ্চিমা অন্য দেশগুলোর প্রতি একই অবস্থান নেওয়ার আহ্বান জানান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
বার্নিকাটকে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

দেশের খবর: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।মন্ত্রীর ইস্কাটনস্থ সরকারি বাসভবনের ওই বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক ছাড়াও মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর বিল মুয়েলার উপস্থিত ছিলেন।
বিকাল ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা অবধি চলা পররাষ্ট্র ভবনের বৈঠক শেষে সরকার বা দূতাবাস কোনো পক্ষেরই আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। তবে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে মুখ খুলতে রাজি হননি তিনি। তবে ধারণা করা হচ্ছে সমসাময়িক বিষয়গুলো নিয়েই তাদের মধ্যে আলোচনা হয় ।
পররাষ্ট্র ভবনের গেটে দাঁড়িয়ে সচিব ও রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা উভয়ে ব্যাপারটি এড়িয়ে যান। বৈঠক প্রস্তুতির সঙ্গে যুক্ত কূটনৈতিক কয়েকটি সূত্র বলছে, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীসহ সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত শনিবার রাতে আচমকা মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে সশস্ত্র হামলার ঘটনা ঘটে।
মোহাম্মদপুরে একটি ফেয়ারওয়েল ডিনার বা বিদায়ী নৈশভোজ থেকে ফেরার পথে জ্যেষ্ঠ কূটনীতিক মার্শা বার্নিকাটের গাড়ি বহরে হামলার ঘটনায় বিস্মিত কূটনৈতিক সম্প্রদায়।
এ নিয়ে তারা উদ্বিগ্ন এবং হতাশ। সম্পূর্ণ অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত ঘটনাটি জানার পরদিন সরকারের তরফে মার্কিন রাষ্ট্রদূতের খোঁজ নেয়া হয়। যুক্তরাষ্ট্র সরকারও রোববার বাংলাদেশ সরকারকে নোট ভারবার পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করে এবং ঘটনার স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ তদন্তের জোর দাবি জানায়। মার্কিন দূতের গাড়িতে হামলাকারী অস্ত্রধারীদের দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার তাগিদ দেয় যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন দূতাবাসের তরফে রাষ্ট্রদূতের গাড়িতে হামলার ঘটনার পাশাপাশি শিশু-কিশোর শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে রোববার পৃথক বিবৃতি প্রকাশ করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রদূতের সঙ্গে জরুরি বৈঠক আহ্বান করে পররাষ্ট্র মন্ত্রণালয়। যার ফলে সন্ধ্যায় পররাষ্ট্র ভবনে বৈঠকটি হয়।
সোমবার কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক কূটনৈতিক পত্রে এ অনুরোধ জানিয়েছে।
ওই হামলার বিবরণ দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দেওয়া পত্রের একটি অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে দূতাবাস। এতে বলা হয়েছে, নাগরিক অধিকার সংগঠন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে রাষ্ট্রদূতের বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহীসহ একদল সশস্ত্র লোক শনিবার রাত ১১টার দিকে তাঁর গাড়িতে হামলা চালায়। রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের সদস্যরা হামলাকারীদের মধ্যে দুই ব্যক্তিকে শনাক্ত করতে পেরেছেন। হামলার সময় ওই দুই ব্যক্তি চিৎকার করে বলছিলেন, ‘বদিউল আলম সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত।’ হামলাকারীরা গাড়িবহরের দিকে এগোনোর সময় তাদের বাধা দেওয়া হলে রাষ্ট্রদূতের নিরাপত্তা দলের দুই সদস্যকে ঘুষি মারে হামলাকারীরা। তবে রাষ্ট্রদূত ও তাঁর নিরাপত্তা দলের সদস্যরা যে অক্ষত অবস্থায় ওই এলাকা ছেড়ে গেছেন, তা মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। তবে গাড়িবহর চলে যাওয়ার সময় দুটি গাড়িতে লাঠি দিয়ে আঘাত হানে হামলাকারীরা।
উল্লেখ্য, রাষ্ট্রদূতের গাড়িতে হামলার পরদিন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি মিয়া সেপ্পো, বৃটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক এবং কানাডার হাইকমিশনার বেনোয়েট প্রিফন্টেইন যৌথভাবে পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে রোহিঙ্গা সংকটসহ সম-সাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন- মার্কিন দূতের গাড়িতে হামলার ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ নিয়ে পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে। বিষয়টি যুক্তরাষ্ট্র সরকারকে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রও বাংলাদেশ সরকারের তদন্তের ফল দেখার অপেক্ষায় রয়েছে- এমনটাই জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চালু হচ্ছে ১২ পয়েন্টের ড্রাইভিং লাইসেন্স

দেশের খবর: সড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে সড়ক পরিবহন আইন-২০১৮। ৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই আইনের বিভিন্ন ধারার সঙ্গে মোটরযানের চালকের নেওয়া লাইসেন্সে পয়েন্ট সিস্টেম রাখা হয়েছে, যা বিশ্বের উন্নত দেশগুলোয় সড়ক পরিবহন ব্যবস্থায় বিদ্যমান। সড়কে গাড়ি চালানোর সময় মোটরযানের চালক দ্বারা সংগঠিত ছোট ছোট অপরাধের জন্য লাইসেন্স বাতিল করার টার্গেট থেকেই এই সিস্টেমটি যুক্ত করা হয়েছে।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহম্মদ শফিউল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘নতুন আইনের ১১ ধারায় বলা হয়েছে, মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট দেওয়া হবে। এক একটি অপরাধের জন্য একটি পয়েন্ট কাটা যাবে। অপরাধ বাড়তে থাকলে পয়েন্ট কমতে থাকবে। এক সময় পয়েন্ট কাটতে কাটতে ১২টি পয়েন্ট শেষ হয়ে গেলে বা নীল হয়ে গেলে অটোমেটিকভাবেই চালকের লাইসেন্স বাতিল হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ১১ ধারায় বলা হয়েছে, রাস্তায় লাল বাতি অমান্য করে গাড়ি চালিয়ে গেলে পয়েন্ট কাটা যাবে। একইভাবে রং সাইড দিয়ে গাড়ি চালালে, জেব্রা ক্রসিং অমান্য করে গাড়ি চালালে পয়েন্ট কাটা যাবে। নির্দিষ্ট স্থান রেখে গাড়ি পার্কিং করলে লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। একইভাবে সিটবেল্ট না বাঁধলে পয়েন্ট কাটা যাবে। ওভারটেকিং নিষিদ্ধ এমন স্থান থেকে ওভারটেক করলেও পয়েন্ট কাটা যাবে। রাস্তা পারাপারের স্থানে পথচারীকে রাস্তা পারাপারের সুযোগ না দিলেও চালকের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা যাবে। এভাবে মোট ১২টি পয়েন্ট রাখা হয়েছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গাড়ি চালানোর সময় গাড়ির চালক কোনোভাবেই মোবাইল ফোনে কথা বলতে পারবেন না। মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালেও পয়েন্ট কাটা যাবে। ’
তিনি আরও বলেন, ‘বিশ্বের উন্নত দেশ যেমন সিঙ্গাপুর, নিউজিল্যান্ডে এমন বিধান রয়েছে। সেই সব দেশের সড়কের আইনের সঙ্গে সমন্বয় রেখেই নতুন সড়ক পরিবহন আইনে এ ধারাটি সংযোজন করা হয়েছে। ‘

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest