সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুআশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধনদেবহাটায় চোর সন্দেহে ধাওয়া : মালামাল ফেলে পালালেন কয়েকজনকালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়ন বিএনপির হেমায়েত স্থায়ী বহিষ্কারসাতক্ষীরায় পৌরসভার বিল্ডিং কোড অমান্য করে জোরপূর্বক ভবন নির্মাণের অভিযোগবাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশ : র‌্যাবের অভিযানে ধরাসাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা

নিজস্ব প্রতিবেদক :
আইন মেনে চলবো নিরাপদ সড়ক গড়বো শ্লোগানের মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে বেলুন ফেস্টুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালসহ অতিথিবৃন্দ। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুনরায় আলোচনাসভায় মিলিত হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা স্কাউটসের সম্পাদক আবুল বাসার পল্টু, কাউন্সিলর ফারহা দিবা খান সাথী প্রমুখ। বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক (অতি:) নাসিরুল আরিফিনের পরিচালনায় অনুষ্ঠানে বিআরটিএ, সড়ক বিভাগ সাতক্ষীরার কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করনে বিভিন্ন আলোচনা, পরামর্শ ও উন্মুক্ত মতামত পেশ করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
পোস্ত দানার নানা স্বাস্থ্যগুণ

অনলাইন ডেস্ক: রান্নার স্বাদ বাড়াতে বিভিন্ন খাবারে গোটা পোস্ত দানা বা এর পেস্ট ব্যবহার করা হয়। তবে পোস্ত শুধু রান্নায় স্বাদই বাড়ায় না এর অনেক স্বাস্থ্যগুণ রয়েছে। হৃদরোগ থেকে শুরু করে শরীরের বিভিন্ন সমস্যার সমাধানে এই খাদ্য উপাদানটি খুবই কার্যকরী। পোস্ত দানার উৎপত্তি ইউরোপে হলেও এটি এখন সারা বিশ্বেই ব্যবহৃত হয়। পোস্ততে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক এবং মিনারেল রয়েছে যা শরীরের জন্য খুবই দরকারী।

নিয়মিত পোস্ত দানা খেলে যেসব উপকার পাওয়া যাবে-

১. পোস্ত দানা শরীরকে ঠাণ্ডা রাখে।সেই সঙ্গে মুখের আলসার প্রতিরোধ করে। পোস্ত বাটার সঙ্গে চিনি মিশিয়ে খেলে মুখে আলসারের ব্যথায় আরাম পাওয়া যায়।
২. পোস্তয় থাকা ক্যালসিয়াম ও ফসফরাস হাড় শক্তিশালী করতে সাহায্য করে।
৩. পোস্তয় প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এ কারণে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে।
৪. পোস্তয় থাকা জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
৫. শুকনো কাশি সারানোর দারুন ওষুধ পোস্ত। এক চামচ মধুর সঙ্গে এক চামচ পোস্ত নারকেল দুধের সঙ্গে মিশিয়ে খেলে শুকনো কাশি দ্রুত কমে যায়।
৬. পোস্তয় প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড রয়েছে।এটি ত্বকের শুষ্কভাব দূর করে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে।
৭. পোস্তয় থাকা ফ্যাটি অ্যাসিড রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। সেই সঙ্গে হৃদরোগের ঝুঁকি কমায়।
৮. ক্যালসিয়াম, আয়রন এবং কপার থাকায় মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় পোস্ত।
৯. অনিদ্রা দূর করতে চায়ের কাপে কয়েকটি পোস্ত দানা মিশিয়ে নিন।ঘুমাতে যাওয়ার অন্তত আধঘণ্টা আগে এই চা খেলে ভাল ঘুম হবে। সূত্র: জি নিউজ

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
চোখের সুরক্ষা করে পালংশাক ও বিট

অনলাইন ডেস্ক: সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নাইট্রেটে পূর্ণ পালংশাক, বিটরুট চোখের ম্যাকুলার ক্ষয় প্রতিরোধ করতে পারে। আর এই ম্যাকুলার ক্ষয়ের জন্যই চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে। সাধারণত ৫০ বছর বয়সের পরে অনেকের চোখে ম্যাকুলার ক্ষয় সমস্যা দেখা দেয়। এতে চোখে কালো দাগ, ঝাপসা দেখা ইত্যাদি সমস্যা তৈরি হয়। ধীরে ধীরে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
যুক্তরাষ্ট্রের খাদ্য ও পুষ্টি সম্পর্কিত তথ্য কেন্দ্র ‘অ্যাকাডেমি অফ নিউট্রিশন অ্যান্ড ডায়াটেটিকস’ এ প্রকাশিত এক সমীক্ষা থেকে জানা যায়, যারা দিনে ১০০ থেকে ১৪২ মিলিগ্রাম নাইট্রেট গ্রহণ করেন তাদের মধ্যে বয়সজনিত ম্যাকুলার ক্ষয়ের ঝুঁকি কমে যায় ৩৫ শতাংশ।

এদিকে প্রতি ১০০ গ্রাম পালংশাকে ২০ মিলিগ্রাম করে নাইট্রেট থাকে। আর ১০০ গ্রাম বিটে থাকে ১৫ মিলিগ্রাম নাইট্রেট। এ কারণে এই দুটি খাদ্যকে অন্ধত্ব রোধে দারুন কার্যকরী বলে ধরা হয়।
অস্ট্রেলিয়ার ওয়েস্টমিড ইনস্টিটিউট ফর মেডিক্যাল রিসার্চের প্রধান গবেষক বামিনি গোপীনাথ বলেন, এই প্রথম খাবারে নাইট্রেটের ভূমিকা ও ম্যাকুলার ক্ষয় নিয়ে কাজ করা হল। ৪৯ বছরের উপরে প্রায় ২০০০ জন অস্ট্রেলিয়ানকে নিয়ে ১৫ বছর ধরে এই সমীক্ষাটি করা হয়েছে।

গবেষণা বলছে, যারা খাবারে নিয়মিত পালং শাক ও বিটের মতো সবজি যোগ করছেন তাদের ম্যাকুলার ক্ষয়ের সম্ভাবনা অনেক কমে যায়।
যারা দিনে ১৪২ মিলিগ্রামের বেশি নাইট্রেট খান তাদের জন্য কোনও আশঙ্কার কথা বলা হয়নি গবেষণায়। চোখের ম্যাকুলার ক্ষয় রোধে এখন পর্যন্ত কোনও ওষুধই সেভাবে আবিষ্কৃত হয়নি। এ কারণে গবেষকরা চোখ ভাল রাখতে নিয়মিত নাইট্রেট সমৃদ্ধ খাবার গ্রহনের পরামর্শ দিয়েছেন।
সূত্র: এনডিটিভি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
মইনুলের কাছে ক্ষমা চাইতে মাসুদা ভাট্টিকে উকিল নোটিস

দেশের খবর: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে সাংবাদিক মাসুদা ভাট্টিকে উকিল নোটিস পাঠানো হয়েছে। অন্যথায় মানহানির মামলা করা হবে বলেও হুঁশিয়ারি করা হয়েছে।

রবিবার সকালে মাসুদা ভাট্টিকে এ উকিল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী।
এতে বলা হয়, সম্প্রতি একাত্তর টেলিভিশনের একটি টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর প্রশ্নের মাধ্যমে মাসুদা ভাট্টি তার সামাজিক মর্যাদা ক্ষুন্ন করেছেন। এতে নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে মাসুদা ভাট্টিকে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে।
একই সঙ্গে ওই মন্তব্যের মাধ্যমে মইনুল হোসেনের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা কেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট হিসেবে গণ্য হবে না এবং মাসুদা ভাট্টির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে নোটিশে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
আওয়ামী লীগের যৌথ সভা শুক্রবার

দেশের খবর: আগামী শুক্রবার (২৬ অক্টোবর) আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বিকাল সাড়ে ৪টায় এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। এই সভায় দলটির কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের সদস্যরা উপস্থিত থাকবেন।
সোমবার (২২ অক্টোবর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভা সংশ্লিষ্ট সবাইকে সময়মতো উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। আওয়ামী লীগের সূত্র জানায়, এই সভায় দলের মনোনয়ন প্রক্রিয়াসহ নির্বাচন সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সরকারি কর্মকর্তাদের গ্রেফতারে পূর্বানুমতি ‘সংবিধানপরিপন্থী’

অনলাইন ডেস্ক: ফৌজদারি অপরাধে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের গ্রেফতারে পূর্বানুমতির বিধান রেখে খসড়া ‘সরকারি চাকরি আইন ২০১৮’ সংবিধান-পরিপন্থী ও বৈষম্যমূলক বলে দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গভীর উদ্বেগের পাশাপাশি খসড়া আইনটি পাশ না করে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সোমবার এক বিবৃতিতে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রস্তাবিত ধারাটি বৈষম্যমূলক ও সংবিধান-পরিপন্থী। কারণ একই অপরাধে জড়িত হলে সাধারণ নাগরিক ও জনপ্রতিনিধিদের জন্য যেখানে পূর্বানুমতির প্রয়োজন নেই সেখানে কোনো বিশেষ মহলের জন্য পূর্বানুমতির বিধান সংযুক্ত করা আইনের চোখে সব নাগরিকের সমান অধিকারের যে সাংবিধানিক বিধান তার সঙ্গে সাংঘর্ষিক।’

তিনি আরও বলেন, ‘আইনটি এভাবে পাশ হলে বর্তমান সরকারের আমলে প্রণীত ও বাস্তবায়নরত জাতীয় শুদ্ধাচার কৌশলের সঙ্গেও এটি সম্পূর্ণ বিপরীতমুখী হবে। এছাড়া উল্লেখিত ধারাটি ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৫৪ ধারার সঙ্গেও সরাসরি সাংঘর্ষিক, যেখানে আমলযোগ্য অপরাধে জড়িত থাকলে বা জড়িত থাকার ব্যাপারে মামলা হলে বা বিশ্বাসযোগ্য তথ্য বা সন্দেহ থাকলেও বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা দেয়া হয়েছে।’

“এছাড়া জাতীয় সংসদে উত্থাপিত খসড়া ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ অনুযায়ী ফৌজদারি অপরাধে অভিযুক্ত সরকারি কর্মকর্তাকে গ্রেফতারে পূর্বানুমতি গ্রহণের যে বিধান সন্নিবেশিত হয়েছে তা প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সততা, স্বচ্ছতা, উন্নততর পেশাদারিত্ব ও নিরপেক্ষ জনপ্রশাসন নিশ্চিতের পরিপন্থী ও উদ্বেগজনক হবে।”

‘উল্লেখিত বিধান রেখে আইনটি পাশ হলে বাস্তবে সরকারি খাতে অনিয়ম ও দুর্নীতির প্রতিরোধ দূরে থাকুক, আইনের ছত্রছায়ায় এ ধরনের অপরাধ সুরক্ষা পাবে এবং এর ব্যাপকতা বাড়ার ঝুঁকি আরও বৃদ্ধি পাবে’- উল্লেখ করে বিধানটির পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি, বিশেষ করে সংসদীয় কমিটির প্রতি আহ্বান জানান তিনি।
ইফতেখারুজ্জামান আরও বলেন, ‘এমন বাস্তবতায় এমন গুরুত্বপূর্ণ একটি আইন যা এতো দীর্ঘকাল আলোর মুখ দেখেনি, অতি স্বল্পমেয়াদে বর্তমান অধিবেশনে তড়িঘড়ি করে এটি অনুমোদিত হলে তা উদ্দেশ্যপ্রণোদিত বা সাময়িক সুবিধার জন্য কিনা- এরূপ প্রশ্ন উত্থাপিত হওয়া স্বাভাবিক মনে করছে টিআইবি।’
এছাড়া দেশের বৃহত্তর স্বার্থে পরিপূর্ণ খসড়া আইনটি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির মাধ্যমে সবার জন্য উন্মুক্ত করে এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ সব অংশীজনের মতামত গ্রহণের দাবি জানান ড. জামান।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
সচিব পদে বড় পরিবর্তন আসছে

দেশের খবর: প্রশাসনে সচিব পদে বড় ধরনের পরিবর্তন আসছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ প্রশাসনিক পদে এ রদবদল আনা হচ্ছে।
কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সচিব অবসরে যাওয়ায় সেখানে নতুন সচিব নিয়োগ দেয়া হবে। অপরদিকে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে সচিব পদে রদবদল আনা হচ্ছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে।
ডিসেম্বর মাসের শেষ দিকে বা জানুয়ারি মাসের শুরুতে দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত ১৮ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গেছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সচিব আকতারী মমতাজ। ভূমি সচিব আব্দুল জলিল পিআরএলে যান ২০ অক্টোবর। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. মাহফুজুর রহমান অবসরে যাবেন মঙ্গলবার (২৩ অক্টোবর)। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব কাজী শফিকুল আযম ২৭ অক্টোবর ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ৩১ অক্টোবর পিআরএলে যাবেন।
এসব জায়গায় নতুন সচিব আসবে। সেক্ষেত্রে বেশ কয়েকজন অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হতে পারে।

সচিব পদে রদবদলের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। হলে আপনারা জানতে পারবেন।’
আরেক কর্মকর্তা জানিয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে পরিবর্তন আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন জনপ্রশাসন সচিব হতে পারেন।

এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা হচ্ছে।
বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব ৭৬ জন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার তাসনিম

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাঈদা মুনা তাসনিম। এই দায়িত্বে তিনি নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে সাঈদা মুনা তাসনিম থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বপালন করে আসছিলেন।
এছাড়াও তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন ও লন্ডনে বাংলাদেশ মিশনসহ বিভিন্ন গুরুত্ব পদে দায়িত্বপালন করেছেন। তিনি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ ও বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক হিসেবেও তিনি দায়িত্বপালন করেছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে লেখাপড়ার পর তাসনিম ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
বিসিএস একাদশ ব্যাচের সাঈদা মুনা তাসনিম ১৯৯৩ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest