সর্বশেষ সংবাদ-
ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিসাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক দুই দিনের সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধনসাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুমানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধির নিয়োগ পেলেন মুজাহিদুলদেবহাটায় প্রতিবন্ধী নারীকে শ্লীলতাহানির অভিযোগ: সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলাআদালতে মামলা করার ৭ মাস পর সাতক্ষীরার ফিংড়িতে স্ত্রীকে মারধরের অভিযোগদেবহাটায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিতবাক্‌স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি চরিত্রহনন ও ইয়েলো জার্নালিজম নিয়ন্ত্রণও জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রীআইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃত্বের সৌজন্য সাক্ষাৎ

আওয়ামী বলয়ে ফিরছেন কাদের সিদ্দিকী!

রাজনীতির খবর: জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জোট গড়ার মৌসুমে কোনো জোটে নেই আবদুল কাদের সিদ্দিকী বীর-উত্তমের দল বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ। বছরখানেক ড. কামাল হোসেন আহৃত বিভিন্ন রাজনৈতিক সভায় কাদের সিদ্দিকীকে দেখা গেলেও কামাল হোসেনের নেতৃত্বে সর্বশেষ গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে শামিল হননি কাদের সিদ্দিকী। জোট প্রসঙ্গে তাঁর অভিমত, ‘একাত্তর সালের মতো’ একটি ঐক্য প্রয়োজন।

পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর প্রায় ১২ হাজার লোক কাদের সিদ্দিকীর নেতৃত্বে সশস্ত্র প্রতিবাদ সংগ্রামে অংশ নিয়েছিল। তাদের মধ্যে শতাধিক তরুণ প্রাণ হারিয়েছিল, নির্মম নির্যাতনের শিকার হয়েছিল শত শত প্রতিবাদী। সে সময়ের প্রতিবাদী সহযোদ্ধাদের ডেকেছেন কাদের সিদ্দিকী। আগামী ২৮ অক্টোবর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তাঁদের নিয়ে একটি সভা করবেন তিনি। সার্বিক পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনের অনেকেই মনে করছেন, কাদের সিদ্দিকী আবার ‘আওয়ামী ঘরানার বলয়ে’ ফিরছেন।

আওয়ামী লীগের একটি সূত্রের দাবি, কাদের সিদ্দিকী আওয়ামী লীগে ফিরতে পারেন, আবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটেও আসতে পারেন। সে ক্ষেত্রে একসঙ্গে আরো কয়েকজন আলোচিত মুক্তিযোদ্ধাও থাকতে পারেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কাদের সিদ্দিকী যাদের নিয়ে যে সভা ডেকেছেন সেটা বঙ্গবন্ধুকন্যার আবেগের সঙ্গে জড়িত। বিষয়টি তিনি হয়তো সেভাবেই মূল্যায়ন করবেন।’

কাদের সিদ্দিকী বীর-উত্তম অবশ্য বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না।’ আগামী দিনে রাজনৈতিক অবস্থান কী হবে জানতে চাইলে তিনি বলেন, ‘সে অবস্থান সম্পর্কে দেশাবসীকে জানাব।’ ড. কামাল হোসেনের নতুন জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে, তবে একটি অর্থবহ ঐক্যের দরকার ছিল। প্রয়োজন একাত্তর সালের মতো একটি ঐক্য।’

কৃষক শ্রমিক জনতা লীগ যে বিএনপি নেতৃত্বাধীন বা সংশ্লিষ্ট কোনো জোটে শামিল হচ্ছে না তা বোঝা যায় দলের একাধিক নেতার কথায়। নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে তাঁরা বলেন, তাঁদের আশা ছিল ড. কামাল হোসেন বিএনপি ও আওয়ামী লীগের নেতৃত্বে চালিত দুই জোটের সমদূরত্বে থেকে একটি রাজনৈতিক মোর্চা গঠন করবেন। তাঁরাও সেখানে থাকবেন; কিন্তু তা হয়নি। ড. কামাল একটি জোটে ঢুকে পড়েছেন। কৃষক শ্রমিক জনতা লীগের এক নেতা বলেন, ‘জোটের চেয়ে আমাদের লক্ষ্য ভোটের দিকে। আমরা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন চাই।’

কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক বলেন, ‘ড. কামাল হোসেন তো ঐক্য করেই ফেলেছেন। এখন আমরা কী করে সেখানে যাই! এ ছাড়া আমরা আশা করেছিলাম, তিনি কোনো জোটে না ঢুকে পৃথক মোর্চা করবেন; তিনি তা করেননি। আমরা সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চাই।’ আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে যাবেন নাকি নিজেরা কোনো জোট গড়বেন জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীতে কিছু ঘটলে নিশ্চয়ই দেখতে পাবেন। অনেক কিছুই ঘটতে পারে।’

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের এক নেতা বলেন, ‘কাদের সিদ্দিকীর ব্যাপারে প্রধানমন্ত্রীর মনোভাব ইতিবাচক।’ টাঙ্গাইলের রাজনীতির হিসাব কষে ওই নেতা বলেন, ‘টাঙ্গাইলে একসময় খান ও সিদ্দিকী দুটি প্রভাবশালী পরিবারই আওয়ামী লীগের ছিল। কাদের সিদ্দিকী বেরিয়ে যাওয়ার পর প্রাধান্য পায় খান পরিবার। শামসুর রহমান খান শাহজাহানের মৃত্যুর পর তাঁর ভাতিজা আমানুর রহমান খান এমপি হন, তাঁর অন্য ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র হন। আওয়ামী লীগ নেতা ফারুক হত্যাকাণ্ডে জড়িয়ে আমানুর রহমান খান কারাগারে, পুরো খান পরিবার রাজনীতিতে কোণঠাসা। আওয়ামী লীগ হয়তো টাঙ্গাইলের রাজনীতিতে দুটি পরিবারকেই হাতছাড়া করতে চাইবে না। কাদের সিদ্দিকী আওয়ামী ঘরানায় ফিরলে টাঙ্গাইল সদর আসনে মনোনয়ন পেতে পারেন তাঁর ছোট ভাই মুরাদ সিদ্দিকী। অন্য ভাই আবদুল লতিফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি আওয়ামী রাজনীতির সঙ্গেই আছেন।’ আওয়ামী লীগের ওই নেতা আরো বলেন, ‘বিএনপি জোট খেলতে শুরু করেছে, নিশ্চয়ই আওয়ামী লীগও বসে থাকবে না। অপেক্ষা করুন অনেক কিছুই ঘটবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘গায়েবি মামলা’র তালিকা প্রকাশ করলো বিএনপি

রাজনীতির খবর: দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে গত এক মাসে দায়ের করা ‘গায়েবি’ মামলার আসামিদের একটি তালিকা প্রকাশ করেছে বিএনপি। তালিকায় মৃত, দীর্ঘদিন ধরে অসুস্থ ও হজ পালনকারীসহ প্রবাসী ব্যক্তিদেরও নাম রয়েছে বলে দাবি করা হয়েছে।

গতকাল রবিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই তালিকা প্রকাশ করেন। এসময় রিজভী বলেন, আসামির এই তালিকায় দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের নাম রয়েছে। তার বিরুদ্ধে পল্টন, খিলগাঁও এবং মতিঝিল থানায় মামলা দেওয়া হয়েছে।

রিজভী জানান, মৃত ব্যক্তিদের মধ্যে মামলার আসামি হিসেবে রয়েছেন, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আজিজুল্লাহ, কামরাঙ্গীরচরের সহসভাপতি নুরুল ইসলাম, মিন্টু কুমার দাস, কাফরুল থানার সাবেক সভাপতি আলী আজগর মাতব্বর, দক্ষিণ কেরানীগঞ্জের দাইয়ান মুন্সি, কুষ্টিয়ার হরিনারায়ণপুর ওয়ার্ড সভাপতি আরব আলী, কুষ্টিয়ার কুমারখালীর নেতা কাশেম শেখ, ঝিনাইদহের নেতা শাহ জামাল, হবিগঞ্জের নেতা শামসুল হক, কামাল মিয়া প্রমুখ।

তিনি আরও বলেন, বিদেশে চাকরিরত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে। এদের মধ্যে ঢাকার কাফরুলের সাব্বির আহমেদ জনি দেওয়ান ও বগুড়ার ধুনটের রুবেল হোসেন মালয়েশিয়া, গাবতলীর সাইফুল ইসলাম সৌদি আরবে দীর্ঘদিন ধরে কর্মরত। ১ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত সারা দেশ থেকে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মোট ৪ হাজার ১৮২টি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে শওকত মাহমুদ, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ট্রাম্পকে পাল্টা হুমকি এবং প্রতিশোধের ঘোষণা সৌদির!

বিদেশের খবর: সাংবাদিক হত্যা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে সৌদি আরবের বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হলে তার প্রতিশোধ নেয়ারও ঘোষণা দিয়েছে দেশটি।

তুরস্কে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর রাজপরিবারের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় সৌদি আরবকে কঠোর শাস্তি দেয়া হবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের এ হুমকির জবাবে সৌদি আরব বলছে, সৌদির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হলে শক্তিশালী উপায়ে তার প্রতিশোধ নেয়া হবে। বিবৃতিতে সৌদি আরব বলছে, রাজতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা নেয়া হলে তার প্রতিশোধ এমন শক্তিশালী উপায়ে নেয়া হবে; যা অতীতে কেউ দেখেনি।

রবিবার সৌদির সরকারি এক বিবৃতির বরাত দিয়ে দেশটির সরকারি সংবাদসংস্থা সৌদি প্রেস অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবকে খাটো করে দেখার চেষ্টা এবং যে কোনো ধরনের হুমকি পরোয়া করে না রিয়াদ। এই হুমকি অর্থনৈতিক নিষেধাজ্ঞা অথবা রাজনৈতিক চাপপ্রয়োগ অথবা মিথ্যা অভিযোগের পুনরাবৃত্তি হোক না কেন।

এতে বলা হয়েছে, এ সমস্ত প্রচেষ্টা ইসলামিক ও আন্তর্জাতিক বিশ্বে এবং আরবে সৌদি আরবের দৃঢ় অবস্থানকে টলাতে পারবে না। আমরা বিশ্বাস করি, সৌদি আরবের বিরুদ্ধে এ ধরনের নিরর্থক প্রচেষ্টার চূড়ান্ত পরিণতি তার পূর্বসূরীদের মতো ব্যর্থ হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ছেলের জন্য ঠিক করা মেয়ে বিয়ে করলেন বাবা!

ভিন্ন স্বাদের সংবাদ: আজব কাণ্ড! ছেলের জন্য ঠিক করা পাত্রীকে বিয়ে করলেন তারই বাবা! এমন অদ্ভুত ঘটনা ঘটেছে ভারতের বিহারের সমশটিপুর জেলার পাটনায়। ৬৫ বছরের এক বৃদ্ধ বিয়ে করলেন তার ছেলের জন্য ঠিক করা ২১ বছরের মেয়েকে।

৬৫ বছরের ওই ব্যক্তির নাম রোশান লাল, যিনি পাটনা শহরেই থাকেন। তিনি তার ছেলের জন্য পাত্রী খুঁজছিলেন এবং অবশেষে ২১ বছরের স্বপ্নার সঙ্গে বিয়ের কথা পাকাপাকিও হয়। স্বপ্না একই এলাকায় থাকেন।

দুই পরিবারের সম্মতিতেই রোশান লালের ছেলের সঙ্গে স্বপ্নার বিয়ে ঠিক হয়। বিয়ের প্রস্তুতিও শুরু হয় মহাধুমধামে। দুই পরিবারই নিমন্ত্রণপত্র বিলি করেন, যেহেতু শিগগিরই বিয়ের দিন নির্ধারণ করা আছে। কথামতো বিয়ের দিন হলে উপস্থিত হন নিমন্ত্রিত অতিথিরাও।

যাহোক, নববধূ আশা নিয়ে অপেক্ষা করলেও বরের হদিশ আর পাওয়া যায় না। পরে খোঁজাখুঁজি শেষে জানা যায়, বর তার প্রেমিকাকে নিয়ে পালিয়েছেন!

দুই পরিবারের কেউই বিষয়টি জানতেন না। বিয়ের অনুষ্ঠানে অসংখ্য অতিথির সামনে দুই পরিবারই লজ্জায় পড়েন। রোশান লাল কনের মা-বাবাকে জিজ্ঞাসা করেন, এখন কী করা যেতে পারে। স্বপ্নার মা-বাবা তাদের সম্মান বাঁচাতে চান এবং বলেন বিয়ের অনুষ্ঠান বন্ধ করা যাবে না। অবশেষে রোশান লালকে বলেন, তাদের কন্যাকে যেন তিনি বিয়ে করেন।

চিন্তিত রোশান প্রথমে রাজি না হলেও পরে ২১ বছরের স্বপ্নাকে বিয়ে করতে রাজি হন। এ পরিস্থিতি দেখে নিমন্ত্রিত অতিথিরাও অবাক হন!

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘০১৩’ সিরিজের নম্বর চালু করল গ্রামীণফোন

দেশের খবর: দেশের শর্ষিস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন তাদের পুরনো ‘০১৭’ সিরিজের পাশাপাশি নতুন ‘০১৩’ সিরিজের নম্বর চালু করেছে।

রোববার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন সিরিজের নম্বর উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।

নতুন সিরিজের একটি নম্বর থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারকে প্রথম কলটি করেন গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান।

এ সময় টেলিফোনে মন্ত্রী বলেন, “যে সাহসের সাথে আপনারা সারাদেশে নেটওয়ার্ক বিস্তার করেছেন তার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, আমার দৃঢ় বিশ্বাস এই বিপুল সংখ্যক গ্রাহকের জন্য সেবার মান বজায় রাখাও আপনাদের জন্য কঠিন হবে না।”

নতুন ০১৩ নম্বর সিরিজ বরাদ্দ দেওয়ায় নিয়ন্ত্রক সংস্থাকে ধন্যবাদ জানিয়ে ইয়াসির আজমান বলেন, “বিগত ২১ বছর গ্রামীণফোন ০১৭ সিরিজ নিয়ে সারা দেশে মোবাইল ফোনের ব্যবহার ছড়িয়ে দিয়েছে এবং বাংলাদেশে ডিজিটাইজেশনের নতুন যুগ নিয়ে এসেছে।

“০১৩ নম্বর সিরিজের ক্ষেত্রও আমাদের লক্ষ্য একই থাকবে। আমাদের উপর বিশ্বাস রাখার জন্য গ্রামীণফোনের ৭১ মিলিয়ন গ্রাহককে ধন্যবাদ জানাই এবং যারা আমাদের উচ্চমানের নেটওয়ার্ক ও উদ্ভাববনী সেবা উপভোগ করতে ০১৩ সিরিজের সংযোগ নেবেন তাদেরকে জানাই স্বাগত।”

তিনি জানান, ০১৩ নম্বরের নতুন সিম কার্ড পাওয়া যাবে সব সিম বিক্রয় কেন্দ্রে, একই মূল্যে।

১৯৯৭ সালের ২৬ মার্চ গ্রামীণফোন যাত্রা করে। বর্তমানে ৭১ মিলিয়ন গ্রাহকের এই প্রতিষ্ঠান বিশ্বের সর্ববৃহৎ ২০টি টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে।

গত ২১ বছরে দেশের ৯৯% জনগণকে উচ্চগতির মোবাইল ইন্টারনেট সেবা দেওয়ার মাধ্যমে সর্ববৃহৎ নেটওয়ার্ক স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

২০১৮ সালে ওকলা, দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক হিসেবে ঘোষণা দেয় গ্রামীণফোনকে।

ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ০১৭ সিরিজের নম্বর শেষ হয়ে যেতে থাকে।

গ্রামীণফোন চাহিদা মেটাতে ০১৭ সিরিজের নতুন নম্বরের অভাবে তাদের পুরাতন নম্বরগুলোকে পুন:ব্যবহার করে। এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির অনুরোধে বিটিআরসি ০১৩ সিরিজের দুই কোটি নম্বর বরাদ্দ দেয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
জিম্বাবুয়ে সিরিজের আগেই বাংলাদেশে আসছেন মনোবিদ

খেলার খবর: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগেই কানাডা প্রবাসী মনোবিদ আলী আজহার খানকে উড়িয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সপ্তাহখানেক তার ক্লাসে থাকবেন জাতীয় দলের ক্রিকেটাররা। ক্রিকেটারদের ‘দৃষ্টিভঙ্গি বদল ও আত্মিক শক্তি বাড়াতে’ এ উদ্যোগ নিয়েছে বিসিবি।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ‘সিরিজ চলাকালীন বাংলাদেশ দলকে ছয়-সাত দিন সময় দেবেন আলী আজহার। ১৭ অক্টোবরের দিকে আসবেন তিনি। যেহেতু উনি বাঙালি, বোঝাপড়ার ব্যাপারে আমাদের খেলোয়াড়দের জন্য ভাল হবে। ১৮ তারিখ থেকে খেলোয়াড়দের সাথে থাকবেন, কয়েকটি সেশন করবেন।’

ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে তার স্ত্রীর মামলা, সাব্বির রহমান ও নাসির হোসেনের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ ওঠার পর মনোবিদ আনার কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ড. কামাল খুনিদের সঙ্গে ঐক্য করেছেন : প্রধানমন্ত্রী

রাজনীতির খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. কামাল হোসেনের বিএনপির সঙ্গে ঐক্য গড়ার কঠোর সমালোচনা করে বলেছেন, এটি খুনি এবং সুবিধাবাদীদের মঞ্চ। ড. কামাল হোসেন যিনি নিজেকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী দাবি করেন তিনি খুনিদের সঙ্গে ঐক্য করেছেন। তিনি তারেক জিয়ার সঙ্গে হাত মিলিয়েছেন যার বাংলাদেশের জনগণের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই।

তিনি আজ রবিবার বিকেলে মাদারীপুরের কাঠালবাড়ি ফেরিঘাট এলাকায় শিবচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রদত্ত ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী আজ সকালে পদ্মা সেতু সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে আজ অপরাহ্নে এখানে এসে পৌঁছান।

প্রধানমন্ত্রী সরকার বিরোধী জাতীয় ঐক্য প্রক্রিয়ায় কঠোর সমালোচনা করে বলেন, যারা অগ্নি সন্ত্রাস করে এবং মানুষ পুড়িয়ে হত্যা করে, যারা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, এতিমের টাকা আত্মসাৎকারী আজকে তাদের সাথে দেখলাম ঐক্য করেছেন তিনি, যিনি নিজেকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী দাবি করেন। সেই কামাল হোসেনের সঙ্গে আরো জুটেছে কিছু খুচরা আধুলি- এরা সব ঐক্য করেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমি কামাল হোসেন সাহেবকে বাহবা জানাই যিনি বড় বড় কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন, তিনি আজকে ঐক্য করেছেন কারসঙ্গে যে বিএনপি-জামাত জঙ্গিবাদ-সন্ত্রাসের সাথে সম্পৃক্ত। আজকে তাদের সাথেই তিনি ঐক্য করেছেন।

আওয়ামী লীগ সভাপতি এ সময় একজন সাজাপ্রাপ্ত আসামিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় পুনরায় বিএনপি’র কঠোর সমালোচনা করে বলেন, খালেদা জিয়া জেলে যাবার পর বিএনপিতে কি একটা লোকও ছিল না যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানোনো যায়।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, যে মানি লন্ডারিং মামলা, ১০ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলার সাজাপ্রাপ্ত এবং পলাতক হিসেবে বিদেশে রয়ে গেছে, তাকেই বিএনপি বানিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর সেই চেয়ারম্যানেরই অধীনে ড. কামাল হোসেন গং আজ ঐক্য করেছেন।

সরকার প্রধান বলেন, বড় বড় নীতির কথা বলেন যারা তারাই আজকে ওই খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। তারা মরা গাঙ্গে যোগ দিয়েছেন- আজকে কামাল হোসেন, মান্না, আসম আব্দুর রবরা। তারা কিই বা করতে পারবেন বা কি করতে চান? প্রশ্ন তোলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এরা যে খুনি সেকারণেই ২০০১ সালে আওয়ামী লীগের নেতা-কর্মী হত্যা সহ তারা যে হত্যা ও সন্ত্রাসের তাণ্ডব চালিয়েছিল তার কোন তুলনা হয় না। তাদের অপকর্মের কারণেই দেশে জরুরী অবস্থা জারি হয়েছিল। এরপর আবার ২০১৪ সালের নির্বাচন ঠেকাতে অগ্নি সন্ত্রাস করে বিএনপি।

প্রধানমন্ত্রী জনগণকে নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে আগামীর নির্বাচনেও নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান এবং বাংলাদেশের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রধানমন্ত্রী এ সময় আগামীর নির্বাচনে নৌকায় ভোট চেয়ে জনগণের ওয়াদা প্রত্যাশা করলে জনগণ তীব্র স্বরে চিৎকার করে এবং দুহাত উপরে তুলে সমর্থন ব্যক্ত করে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা পদ্মা সেতুর কাজ শুরু করেছি ইনশাল্লাহ আগামীতে সরকারে আসতে পারলে এই কাজ আমরা সম্পন্ন করতে পারবো। সেই সাথে রেল সেতুও তাঁর সরকার করে দেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রেললাইন চলে যাবে একেবারে বরিশাল হয়ে সেই পায়রা বন্দর পর্যন্ত। দক্ষিণাঞ্চলেও রেললাইন যোগ হবে দক্ষিণাঞ্চলেরও উন্নয়ন হবে। সেই ওয়াদাও করেন প্রধানমন্ত্রী।

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং মুহম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমু, যুগ্ম সম্পাদক ডা. দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, নূরে আলম চৌধুরী লিটন এমপি সমাবেশে বক্তৃতা করেন। শিবচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. শামসুদ্দিন খান সমাবেশে সভাপতিত্ব করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ওয়ার্ডের ত্রি- বার্ষিক সম্মেলন

 

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদর উপজেলা সাতক্ষীরা শাখার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ১,২,৪,৬,৭ ও ৯ নং ওয়ার্ডের ত্রি- বার্ষিক সম্মেলন ঝাউডাঙ্গা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার চত্তরে ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের অহবায়ক আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী। বিশেষ অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি রমজান আলী বিশ^াস, সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক হাসান মাহমুদ রানা, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন সাজু। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক এড. ফারুক হোসেন। বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এড. সাইদুজ্জামান জিকো, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান টিটু, যুগ্ম সম্পাদক নাজমুল হক রনি, যুগ্ম আহবায়ক রেজওয়ানুজ্জামান, শাহাদাৎ হোসেন, জাহিদ হোসেন, মাস্টার তারক নাথ পাল, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম, মাজহারুল ইসলাম, জাহাঙ্গীর, পিন্টু, কুতুব, হামিদ, হযরত, ্ইব্রাহিম, আরিজুল প্রমুখ।
সম্মেলনে ১নং ওয়ার্ডের রবিউল ইসলামকে সভাপতি ও ফিরোজ বিশ^াসকে সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ডের সালামকে সভাপতি ও শ্রী স্বপ্নকে সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ডের এসএম আল মামুনকে সভাপতি ও ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক, ৬নং ওয়ার্ডের শুকুর আলীকে সভাপতি ও মেহেদী হাসানকে সাধারন সম্পাদক, ৭নং ওয়ার্ডের আবুল বাশারকে সভাপতি ও ফয়জুর রহমানকে সাধারণ সম্পাদক করে সবকটি ওয়ার্ডের ২১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ঝাউডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest