রোহিঙ্গাদের জন্য প্রয়োজনে আমরা একবেলা খাবো -আমেরিকায় প্রধানমন্ত্রী

বাংলাদেশে আশ্রয় নেওয়া পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গাদের খাবার জোগাতে প্রয়োজনে দেশের মানুষ একবেলা করে খাবে। অন্য বেলার খাবার রোহিঙ্গাদের সঙ্গে ভাগ করে নেবে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘আমরা যদি ১৬ কোটি মানুষের খাবারের সংস্থান করতে পারি,তাহলে আরও পাঁচ-সাত লাখ রোহিঙ্গার খাবারের ব্যবস্থাও করতে পারবো। তাদের এই বিপন্ন সময়ে প্রয়োজনে আমরা একবেলা করে খেয়ে অন্য বেলার খাবার তাদের সঙ্গে ভাগ করে নেবো। আমরাও তো মানুষ। আর আমরা সবসময় মানবতার পক্ষে।’

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় রিটজ কার্লটন হোটেলে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্থানীয় সময় রবিবার (১ অক্টোবর) সন্ধ্যায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ধনী দেশ নই। তবে আমাদের হৃদয় অনেক উদার। তারাও তো মানুষ। তাদের তো আমরা বঙ্গোপসাগরে ফেলে দিতে পারি না।’
উদ্বাস্তু হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের কক্সবাজার থেকে নোয়াখালী জেলার ভাসানচরে স্থানান্তর করা হবে বলেও তিনি জানান।
জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দুর্দশার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রশাসন, সশস্ত্র বাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশসহ আওয়ামী লীগের স্বেচ্ছাসেবকরাও রোহিঙ্গাদের দুর্দশা লাঘবের জন্য কাজ করে যাচ্ছে। বাইরের কোনও সহায়তা ছাড়াই আমরা তাদের জন্য আশ্রয়, খাদ্য ও চিকিৎসাসেবার ব্যবস্থা করে দিয়েছি। এর জন্য এরই মধ্যে প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা অনুদানও দিয়েছি।’
বাংলাদেশ সরকার যেভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীকে উদার মনোভাব নিয়ে আশ্রয় দিয়েছে,তা দেখে আন্তর্জাতিক মহল বিস্মিত হয়ে গেছে বলে জানান তিনি।

দেশের প্রান্তিক পর্যায়েও সবাইকে শিক্ষাগ্রহণে উদ্বুদ্ধ করতে শিক্ষার্থীদের মায়েদের প্রণোদনা এবং উচ্চ শিক্ষাতেও শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রবাসীদের বিনিয়োগের সুবিধা রেখে একশটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
যুক্তরাষ্ট্রের বন্দুকধারীর হামলায় নিহত ২০

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরে মান্দালয় বে হোটেলে একটি কনসার্ট চলার সময় বন্দুকধারীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১০০ জন। এ ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে অভিযানে এক বন্দুকধারী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত সাড়ে ১০ টার দিকে রুট নাইনটি ওয়ান হারভেস্ট সংগীত উৎসবে গুলির শব্দ পাওয়া যায়। এরপরই আতঙ্কিত হয়ে লোকজন ছুটোছুটি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কনসার্টটি প্রায় শেষের দিকে ছিল। সংগীতশিল্পী জ্যাসন আলদিয়ান যখন সংগীত পরিবেশন করছিলেন তখনই গুলি শুরু হয়। এরইমধ্যে ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে লোকজনকে ছুটোছুটি করতে দেখা গেছে। কয়েকটি ভিডিও ক্লিপে গুলির শব্দও শোনা গেছে। লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি জানায়, শত শত গুলি করা হয়েছে। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায়, লাস ভেগাসের ম্যাককারান বিমানবন্দরে অবতরণের অপেক্ষায় থাকা কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গাদের ফেরত নিতে ‘রাজি’ মিয়ানমার

সেনাবাহিনীর নির্যাতন-হত্যা আর ধর্ষণের মুখে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার কর্তৃপক্ষ রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

মন্ত্রী জানান, এ জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে শিগগির এ কমিটি ঘোষণা করা হবে। তার আগে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করবেন।

আজ সোমবার দুপুরে সফররত মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরবিষয়ক মন্ত্রী উ কিয়া তিন্ত সোয়ের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এ এইচ মাহমুদ আলী। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।

গত ২৫ আগস্ট শুরু হওয়া নির্যাতনের জের ধরে পাঁচ লাখ এক হাজার ৮০০ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদের মধ্যে বেশির ভাগই শিশু ও নারী। রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতনে নিন্দা জানায় বিশ্বের বিভিন্ন দেশ। গত বৃহস্পতিবার এ সংকট সমাধানে মিয়ানমার সরকারকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ।

গুতেরেজ মিয়ানমারকে রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনা অভিযান বন্ধের আহ্বান জানান। এ ছাড়া অবিলম্বে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের তাদের স্বভূমিতে ফেরত নেওয়া এবং আক্রান্ত এলাকাগুলোতে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মীদের পরিদর্শনের সুযোগ দিতে বলেন।

এ ছাড়া সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের ওপর জোর দেয় পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য। এসব কারণের রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার বেশ চাপে আছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এই প্রেক্ষাপটে মিয়ানমারের মন্ত্রীর বাংলাদেশ সফর কোনো কৌশলের অংশ কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, ‘এ জন্য আমাদের অপেক্ষা করতে হবে।’

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
প্রখ্যাত বিপ্লবী কমরেড জসিম মন্ডল মারা গেছেন

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টাম-লীর অন্যতম সদস্য ও প্রবীণ রাজনীতিক কমরেড জসিম উদ্দিন মন্ডল (৯৫) মারা গেছেন।
সোমবার সকাল ৬টায় রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে আসমা আলো।
তিনি বলেন, বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে বাবা শয্যাশায়ী ছিলেন। হঠাৎ বেশি অসুস্থ হলে তাকে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে বাবার মৃত্যু হয়

তার মৃত্যুতে শভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা সিপিবি’র সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ।

১৯১২ সালে অবিভক্ত ভারতের নদীয়া জেলার কালিদাসপুর গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। যুব বয়সে ১৯৩৯ সালে তিনি রেল ইঞ্জিনে কয়লা ফেলার শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এ থেকে শ্রমিক শোষণের চিত্র দেখে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। একদিকে দারিদ্রতা অন্যদিকে অত্যাচার তাকে বিৃটিশ রেল কোম্পানীর বিরুদ্ধে ধীরে ধীরে আন্দোলনে উদ্বুদ্ধ করে, তিনি হয়ে ওঠেন জীবনের রেলগাড়ির অগ্রযাত্রার পথিক।

সুস্থ থাকাকালীন স্মৃতিচারণে তিনি অনেক কথাই বলেছেন। তার পিতা হাউস উদ্দিন মন্ডলও রেলওয়েতে চাকুরি করতেন। বাবার পোস্টিং ছিল শিলিগুড়িতে। তখন বেতন ছিল ১৩ টাকা। এরপর ১৯২৫ সালে তাঁর পিতা বদলি হন সৈয়দপুরে। কিশোর বয়সেই জসিম মন্ডল দেখা পেয়েছিলেন মহাত্মা গান্ধীর। তখন তিনি জানলেন অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া ব্যক্তিদের কথা। পাশের বাসার বাবার এক বন্ধু স্বদেশী বাবুর কাছে শুনেছিলেন স্বদেশীর গল্প, মাস্টারদা, বাঘা যতীন, প্রীতিলতারা তখন অসহযোগ আন্দোলনের নায়ক-নায়িকা। সে সময় তাঁরা ধুতির কোচায় পিস্তল গুঁজে রাখতেন, বোমা ফাটাতেন। এসবই ছিল নাকি তাদের কাজ। তিনিও হয়ে গেলেন লাল ঝান্ডা পার্টির কর্মী।

তখন অল ইন্ডিয়া কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাফফর আহমেদ এর সাথে দেখা করতে গিয়ে তার সৌভাগ্য হয়েছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে দেখার। কবি সুকান্ত ভট্টাচার্যের সান্নিধ্যেও এসেছিলেন তিনি।

এরপর ১৯৪২ এর আগস্ট শুরু হয় ঐতিহাসিক ভারত ছাড় আন্দোলন বৃটিশদের বিরুদ্ধে। চাকুরি করা তখন বেশ কঠিন ছিল। মাসে ১৭ টাকা বেতনে সহকারি ফায়ারম্যান হিসেবে চাকুরি করতে হতো।

পাকিস্তানামলে জসিমউদ্দিন মন্ডল উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন শ্রমিক এলাকায় সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়েন। অনেকবার তিনি কারাভোগ করেছেন। তিনি শ্রমিক-জনসভাগুলোতে সাধারন ভাষায় সুন্দরভাবে বক্তব্য দিতে পারতেন বলে তাঁর সমাবেশগুলোতে প্রচুর মানুষ উপস্থিত হতো।

তার স্ত্রী ও বড় ছেলে ইতিপূর্বে মারা গেছেন, বর্তমানে তার ৫ মেয়ে ও নাতি-নাতনি রয়েছেন।

পাবনা জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক আহসান হাবিব জানান, ঢাকায় পার্টি অফিসের আনুষ্ঠানিকতা শেষে তার লাশ ঈশ্বরদীতে এনে দাফন করা হবে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
তালায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী মুসা আটক

তালায় নাসরিন নাহার মুন্নি (২৮) নামের এক গৃহবধূকে শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী মুসা গাজী (৪২) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার বাগমারা গ্রামের মৃতঃ আমিরুল গাজীর পুত্র।
রোববার (১ অক্টোবর) বিকালে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্যা  জাকির হোসেনের নেতৃত্বে ওসি তদন্ত উজ্জ্বল কুমার মৈত্র, এসআই আসাদুজ্জামান, এসআই শাহাদাতুল আলম, এসআই আসাদুজ্জামান (মিন্টু), এএসআই (নিঃ) এনামুল হাসান, এএসআই মানিক মিয়াসহ সঙ্গীয় ফোর্সের সহয়তায় তালা উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে। এদিকে রোববার ভোর রাতে বাগমারা গ্রামের বাড়িতেই এ ঘটনা ঘটলে বেলা সাড়ে ১২ দিকে মারা যায় মুন্নি। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মামলা হয়। সাতক্ষীরার সার্কেল এসপি মোঃ আতিকুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, এক সন্তানের জননী মুন্নি খাতুনকে প্রায় মারধর করত স্বামী মুসা গাজী। তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। স্বামী মুসা প্রতিনিয়ত তাকে বাপের বাড়িতে চলে যাবার জন্য চাপ সৃষ্টি করত। তা না হলে তাকে হত্যার হুমকি দিত। শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটি হয়। এ সময় স্বামী মুসা গাজী স্ত্রীকে মারধর করে। রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়লে ভোর রাতে পাষন্ড স্বামী মুসা গাজী গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে তাঁর স্ত্রীকে হত্যার চেষ্টা করে। এ সময় তার আত্মচিৎকারে এলাকাবাসি তাকে উদ্ধার করে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফরহাদ জামিল বলেন, গৃহবধূর মুন্নি খাতুনের শরীরের ৭৫ শতাংশ পুড়ে যায়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। রোববার (১ অক্টোবর) বেলা সাড়ে ১২ দিকে খুলনায় নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে সে মারা যায়।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা জাকির হোসেন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং ১, তাং- ০১/১০/১৭ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৪ (১)। পুলিশ রোববার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর এলাকা থেকে ঘাতক মুসা গাজী কে আটক করে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
রোহিঙ্গা সংকট: বাংলাদেশ-মিয়ানমার বৈঠক শুরু

রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বৈঠকে আরও উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্র সচিব শহীদুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ আরও অনেকে। আর মিয়ানমারের পক্ষে আছেন দেশটির স্টেট কাউন্সিলর দফতরের মন্ত্রী টিন্ট সোয়ে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকটি শুরু হয়।

২৫ আগস্ট রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হওয়ার পরে এই প্রথম দুই দেশ রোহিঙ্গাদের নিয়ে আলোচনায় বসলো। আলোচনায় বাংলাদেশের পক্ষে রোহিঙ্গা প্রত্যাবাসন ও কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে দেশটির রাখাইন রাজ্য থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ নিয়ে সু চি’র ওপর আন্তর্জাতিক চাপ বাড়ার কারণে তিনি (সু চি) তার মন্ত্রী উ টিন্ট সোয়েকে বাংলাদেশে পাঠিয়েছেন।

প্রসঙ্গত, টিন্ট সোয়ে মিয়ানমারের একজন প্রভাবশালী রাজনীতিক। তিনি রাখাইনদের বিষয়টি দেখভালের দায়িত্বে নিয়োজিত আছেন। একজন পেশাদার কূটনীতিক হিসেবে তিনি দীর্ঘ ১০ বছর জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
‘স্বাধীনতার অধিকার আদায় করেছে কাতালানবাসী’

স্পেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে দেশটির কাতালান অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হয়েছে। পুলিশি সহিংসতার মধ্যে শেষ হওয়া গণভোটে কাতালানবাসীর স্বাধীনতার অধিকার আদায় হয়েছে বলে দাবি করেছে অঞ্চলটির স্বায়ত্তশাসিত সরকার।

স্থানীয় সময় রোববার স্পেন থেকে কাতালানের স্বাধীনতার দাবিতে গণভোট আয়োজন করে কাতালানের স্থানীয় সরকার। স্পেনের কেন্দ্রীয় সরকারের নির্দেশে ভোট শুরু হওয়ার আগেই কেন্দ্রগুলো দখল করে নেয় পুলিশ। ভোটকেন্দ্রগুলোতে কাতালানবাসীকে প্রবেশে বাধা দিতে মাঠে নামে দাঙ্গা পুলিশ। তাদের ছোড়া রাবার বুলেট ও লাঠিপেটায় আহত হয় অনেকে।

কাতালান সরকারের মুখপাত্র জরদি তুরুল বলেন, কাতালানে রোববার মোট ভোট দিয়েছেন ৫৩ লাখ। এখন পর্যন্ত ২২ লাখ ব্যালট পেপার গণনা করা হয়েছে। এর মধ্যে ৯০ শতাংশ স্বাধীনতার পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।

তুরুল আরো বলেন, পুলিশি বাধা না এলে ভোটদাতার সংখ্যা আরো বেশি হতো। সহিংসতার কারণে কমপক্ষে সাত লাখ ৭০ হাজার ভোটার ভোট দিতে আসেননি।

কাতালান সরকারের পক্ষ থেকে জানানো হয়, রোববারের পুলিশি সহিংসতায় কমপক্ষে ৮০০ জন আহত হয়েছে। এ ছাড়া ৪০০টি ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। তবে স্পেনের কেন্দ্রীয় সরকার জানায়, দুই হাজার ৩০০টি ভোটকেন্দ্রের মধ্যে মাত্র ৯২টি বন্ধ করে দেয় পুলিশ।

কাতালানের প্রেসিডেন্ট কার্লেস পুইদেমন বলেন, ‘বাধার মুখেও কাতালানবাসী স্বাধীনতার অধিকার আদায় করেছে। আমরা সবকিছু জানার, সম্মান ও পরিচিতি পাওয়ার অধিকার আদায় করেছি।’

এদিকে রোববার রাতেই একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় বলেন, ‘এ মুহূর্তে আমি একটি কথাই পরিষ্কারভাবে বলতে পারি, আজ কাতালানে তাদের স্ব-স্বীকৃত গণভোট অনুষ্ঠিত হয়নি।’

কাতালান স্পেনের একটি স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য। পাঁচ বছর ধরে স্বাধীনতার দাবি জানিয়ে আসছিল তারা। এ দাবিতে গতকাল রোববার গণভোটের আয়োজন করে কাতালানের আঞ্চলিক সরকার। তবে স্পেন সরকার এই ভোট বন্ধের অঙ্গীকার করে। দেশটির সর্বোচ্চ আদালতও এই ভোটকে অবৈধ ঘোষণা করে।

এত কিছুর পরও স্বাধীন কাতালানের জন্য ভোট দিতে আসেন কাতালানরা। ভোট শুরুর আগেই শুক্রবার থেকে ভোটকেন্দ্রগুলোর দখল নিয়ে নেন স্বাধীন কাতালোনিয়ার সমর্থকরা। এসব ভোটকেন্দ্র খোলা রাখার জন্যই তাঁদের এ উদ্যোগ। কোথাও কোথাও ভোটকেন্দ্রের সামনে ট্রাক্টর বসিয়ে রাখেন কৃষকরা। যেন পুলিশ সেখানে প্রবেশ করতে না পারে। আবার কোনো কোনো ভোটকেন্দ্রের দরজা খুলে ফেলা হয়েছে, যাতে করে স্পেন সরকার এসব কেন্দ্র বন্ধ করে দিতে না পারে।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest
অবশেষে ঘরের মাঠে জয় পেল রিয়াল

লা লিগার নতুন মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। দুটি ম্যাচে ড্র ও একটিতে হারের মুখ দেখে বেশ খানিকটা পিছিয়েই পড়েছে গতবারের শিরোপাজয়ীরা। লা লিগায় ঘরের মাঠে জয় পেতেও রিয়াল মাদ্রিদকে অপেক্ষা করতে হয়েছে নিজেদের সপ্তম ম্যাচ পর্যন্ত। অবশেষে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছে সেই কাঙ্ক্ষিত জয়। রোববার এসপানিওলকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।

লা লিগায় রোববারের আগে ঘরের মাঠে রিয়াল খেলেছিল তিনটি ম্যাচ। এ তিনটি ম্যাচের কোনোটিতেই জয়ের স্বাদ পায়নি ইউরোপের অন্যতম সেরা এই ক্লাব। ভ্যালেন্সিয়া ও লেভান্তের বিপক্ষে ড্রয়ের পর হেরে গিয়েছিল রিয়াল বেটিসের বিপক্ষে। অবশেষে রোববার বার্নাব্যুতে কাঙ্ক্ষিত সেই জয়টি পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইসকোর জোড়া গোলে ভর করে এসপানিওলকে ২-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

৩০ মিনিটের মাথায় রিয়ালের প্রথম গোলটির নেপথ্যের কারিগর ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর পাস থেকে বল পেয়ে সেটি জালে জড়িয়েছিলেন ইসকো। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধও শেষ করেছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে আবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ইসকো। ৭০ মিনিটে তাঁর সৌজন্যেই রিয়াল পেয়েছে ম্যাচের দ্বিতীয় গোলটি। এবার ইসকোকে বল জুগিয়েছিলেন মার্কো অ্যাসেনসিও। শেষ পর্যন্ত এই ২-০ গোলের ব্যবধানেই জয় পেয়েছে রিয়াল।

লা লিগায় টানা দুটি জয় পেলেও পয়েন্ট তালিকায় এখনো বেশ খানিকটা পিছিয়ে আছে গতবারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ। সাত ম্যাচের চারটিতে জয় দিয়ে তারা এখন আছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সাত ম্যাচের সাতটিতেই জয় দিয়ে দখল করেছে শীর্ষস্থান। বার্সেলোনা ছাড়া লা লিগার প্রথম সাতটি ম্যাচের সাতটিতেই জয় পায়নি অন্য কোনো দল। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। আর তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ভ্যালেন্সিয়া ও আতলেতিকো মাদ্রিদের ঘরে জমা হয়েছে ১৫ পয়েন্ট।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest